সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের জেলা কারাগারে ইমরান (২৬) নামের এক হাজতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইমরান সিদ্ধিরগঞ্জের সমিলপাড়ার আদমজী নগরের বিহারি কলোনির আবদুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মারামারির মামলার আসামি ছিলেন ইমরান। অসুস্থ হওয়ায় আজ শনিবার জেল–হাজতে চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। একপর্যায়ে কারারক্ষীকে বলে তিনি শৌচাগারে যান। দীর্ঘক্ষণ শৌচাগার থেকে বের না হওয়ায় কারারক্ষী তাঁকে ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। শৌচাগারের জানালার রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ইমরানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, কয়েক দিন আগে বউকে পেটানোর ঘটনায় এলাকার লোকজন পিটুনি দিয়ে ইমরানকে পুলিশে সোপর্দ করে। এর তিন দিন পর তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শারীরিক অসুস্থতা ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তিনি জানান।
সূত্র: প্রথম আলো









