সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত যাত্রবাহী একটি অটোরিকশার চালক ও তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী কার্ভাডভ্যান ধাক্কা দিলে অটোরিকশাটি সামনে থাকা একটি ট্রাকের ভেতরে ঢুকে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও চার যাত্রীসহ পাঁচজন নিহত হন।

ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।









