সদ্য প্রকাশিত
মতামত

কাছ থেকে দেখা দিল্লি দাঙ্গা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২০৪ মিনিট পড়া
কাছ থেকে দেখা দিল্লি দাঙ্গা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েক ঘণ্টার ব্যবধানে আমি প্রথমে তিলক পরা ভীতসন্ত্রস্ত একটি মুখ দেখলাম এবং কয়েকটি হিন্দু পরিবার এবং একটি গুরুদুয়ারা পরিবার থেকে আশ্বাসবাণী পেলাম; যা একটি মুসলিম দলের মধ্যে থাকা আমার জীবিত থাকার আশা বাঁচিয়ে রাখল।

‘মারো, মারো, মোল্লাকে মারো’ স্লোগানে একদল যুবক মোটরসাইকেল আরোহী জাফরাবাদ-মাউজপুর মোড়ে চক্কর দিচ্ছিল, এলাকাটিকে উত্তেজিত করে তুলছিল এবং সাম্প্রদায়িক সুরে তীব্র চেঁচামেচি ও পরিস্থিতি উত্তপ্ত করছিল। কপালে তীলক আঁকা তাদের একজন তর্জনী উঁচিয়ে নিজের টুটি চেপে গলা ছিঁড়ে ফেলার অঙ্গভঙ্গি করছিল।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নারী ও শিশুরা প্রতিবাদ শুরু করার পর রোববার থেকে জাফরাবাদ স্টেশন বন্ধ থাকায় আমি পায়ে হেঁটে এসে পরবর্তী মেট্রো স্টেশন সিলামপুরে মাত্রই পৌঁছলাম দুপুর ১টায়। স্টেশন থেকে জাফরাবাদ ও মাউজপুরের দিকে হেঁটে যাওয়া ছিল বিপজ্জনক। আমি কিছু মানুষকে দেখলাম, বিশেষত বিশেষ ধরনের টুপি পরা কিছু মানুষ- যারা কাছের পুলিশ ব্যারিকেডের পাশে দাঁড়ানো একটি গ্রুপের হাতে প্রশ্নবাণে জর্জরিত ও হেনস্তার শিকার হয়েছেন।

যেহেতু আমি ব্যারিকেডের মাত্র ৩০০ মিটার দূরত্বে দাঁড়িয়েছিলাম, তাই দেখলাম একজন ভ্যানচালক ও তার দুই যাত্রীকে থামানো হল। তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করা হল এবং কয়েকবার তাদের চড় মারা হল। দাঙ্গাকারীরা তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিল। ভীতসন্ত্রস্ত হয়ে ভ্যানচালক ও তার যাত্রীরা হাঁটু গেড়ে বসে গেল এবং তাদের কাছে হাতজোড় করে নিজেদের মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত চাইল; কিন্তু সেটা তারা পেল না।

‘তাড়াতাড়ি পালা, না হলে মুক্তি দিয়ে দেব’- বলে চিৎকার করে উঠলেন দাঙ্গাকারীদের একজন। একই সঙ্গে আবারও গালিগালাজ ও মৌখিক হেনস্তা করা হল। চালক যখন ক্ষমার আর্জি জানালেন, তখন তাদের কয়েকজন খিলখিল করে হেসে উঠল। তারপর দুই যাত্রীসহ দ্রুত গাড়িটি মোড় নিল এবং সিলামপুর মেট্রো স্টেশনের দিকে চলে গেল। তাদের চলে যাওয়ার মুখে দাঙ্গাকারীরা সমস্বরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়া শুরু করল।

দাঙ্গাকারীদের দিকে ভালো করে তাকিয়ে যা দেখা গেল তা হল তারা সবাই ছিল রড, পেট্রলবোমা ও হকিস্টিকে সজ্জিত এবং ব্যারিকেডে সবাইকে তারা থামাচ্ছিল। যারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিল, তাদেরই কেবল যেতে দিচ্ছিল তারা। ওরা সাংবাদিকদেরও পরীক্ষা করছিল, তাদের ধর্ম-পরিচয় নিশ্চিত হচ্ছিল এবং তাদের মোবাইল ফোনগুলো পরীক্ষা করে দেখছিল কোনো ভিডিও ধারণ করা হয়েছে কিনা।

থাকলে তাদের কর্মকাণ্ড বোঝা যায় এমন যে কোনো কিছু ডিলিট করে দিচ্ছিল এবং তাদের হুমকি দেয়া হচ্ছিল যে, যদি কোনো কিছু ভিডিও-রেকর্ড করা হয় তবে ভয়ানক পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। কোনো পুলিশ সদস্য আশপাশে দেখা যায়নি, এমনকি ট্রাফিক পুলিশকেও প্রত্যাহার করে নেয়া হয়েছে। দাঙ্গার জন্য জড়ো হওয়া লোকরা দোকানদারদের দোকান বন্ধ করে ফেলার জন্য বলছিল।

জাফরাবাদ মেট্রো স্টেশনের দিকে যাওয়ার সময় একটি উর্দু দৈনিক পত্রিকার সাংবাদিক ২৫ বছরের মতো বয়সের আশফাকের সঙ্গে দেখা হল। তিনি বললেন, তিনি ভাগ্যবান যে উন্মত্ত গ্রুপের হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, যারা ব্যারিকেড অতিক্রম করে যাওয়ার সময় তাকে থামিয়েছিল। খুব দ্রুত তারা তার পরিচয় জেনে নেয় এবং তাকে পেটানো শুরু করে এবং একটি হিন্দি পত্রিকার একজন সাংবাদিক তাকে উদ্ধার করতে আসার কারণে তিনি তাদের থাবা থেকে বাঁচতে পারেন। আশফাক বলেন, ‘কেবল সহকর্মী সাংবাদিকের কারণে আমি এখনও জীবিত।’

দাঙ্গাকারী গ্রুপটি হিন্দু নামের সাংবাদিকদের ‘আমাদের ভাই’ বলে সম্বোধন করেছিল। কিন্তু তারা হিন্দু সাংবাদিকদের প্রতিও ক্ষিপ্ত ছিল এবং তাদের খুব দ্রুত ওই এলাকা ছেড়ে যেতে বলছিল। তারা হিন্দু সাংবাদিকদের বলছিল, ‘এখান থেকে কোনো রিপোর্ট করবে না। হিন্দুরা এখন জেগে উঠেছে এবং এই অনুপ্রবেশকারীদের তাদের নিজেদের ঠিকানা দেখিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

দাঙ্গাকারী দলের মধ্যে সতর্ক দৃষ্টি রাখা একজন এক টিভি রিপোর্টারকে বললেন- ‘তুমি আমাদের ভাই; কিন্তু তোমার মোবাইল ফোন ও ক্যামেরা চালু করার মতো দুঃসাহস দেখাবে না এবং কিছু রেকর্ড করবে না। এই এলাকায় যা কিছু ঘটছে তার কিছু দেখাবে না।’ আমি সেখানে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আর অগ্রসর হলাম না, যদি তারা আমার ধর্মীয় পরিচয় জানতে চায়।

কেন দাঙ্গাকারীরা কাউকে ব্যারিকেড অতিক্রম করতে দিচ্ছে না- আমি ওই এলাকার একজন হাঁড়িপাতিলের দোকানদারের কাছে তা জানতে চাইলাম। তিনি বললেন, ‘ভেতরে অভিযান চলছে।’ তিনি আরও বললেন, সশস্ত্র গুণ্ডারা মুসলমানদের মালিকানাধীন ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করছে এবং তাদের সম্পত্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে। প্রায় এক ঘণ্টা পর ব্যারিকেডের কাছে একটি পুলিশ টিম পৌঁছাল এবং জড়ো হয়ে থাকা দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ হয়ে যেতে বলল। পুলিশকে মনে হচ্ছিল তাদের অনুনয়-বিনয় করছে। কিছু সময় বোঝানোর পর দাঙ্গা গ্রুপটি কিছুটা সদয় হল এবং ‘ভারত মাতার জয়’ স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করল। (সংক্ষেপিত)

দ্য টেলিগ্রাফ থেকে অনুবাদ : সাইফুল ইসলাম

ইমরান আহমেদ সিদ্দিকী : ভারতীয় লেখক ও সাংবাদিক