সব খবর

কলেজের সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকররূপে ফিরবে’

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকররূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি ভেসে ওঠে।

এ ঘটনার পর রাতেই বিক্ষোভ মিছিল করেন লোহাগড়া উপজেলা যুবদল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও লোহাগড়া থানা পুলিশ কলেজে পৌঁছায়।

প্রশাসন ঘটনাস্থলে গিয়ে লোক সমাগম সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা চলে গেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে।’

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে কলেজের দুজন কম্পিউটার অপারেটর ও নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।