বিজ্ঞান ও প্রযুক্তি

‘কলরেটে সমতার নামে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক’

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলরেটে সমতা আনার নামে এর মূল্যবৃদ্ধি অনৈতিক সিদ্ধান্ত এবং এটিতে গ্রাহকদের স্বার্থ লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ১৪ আগস্ট থেকে মোবাইলে সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৪৫ পয়সাকে সর্বনিম্ন হিসেবে নির্ধারণ করেছে সেটিতে গ্রাহকের ব্যয় বাড়াবে।

সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, এ ধরনের কোন সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই গ্রাহকদের মতামত নেওয়া উচিত। এ জন্য নিয়ন্ত্রণ কমিশন গণশুনানি করতে পারতো। কিন্তু সেটি না করে তাদের নেওয়া সিদ্ধান্ত গ্রাহকদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। গ্রাহকদের বাধ্য করছে তা মেনে নিতে। যা অগণতান্ত্রিক ও অনৈতিক বলে জানান তিনি।

আগামীতে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুবিধা বা এমএনপি বাস্তবায়নে এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এর মাধ্যমে দুর্বল অপারেটরদের সুবিধা দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি।

ইন্টারনেটের ওপর ভ্যাট ১০ শতাংশ কমানো হলেও তা বাজেট বাস্তবায়নের এক মাস পরে বাস্তবায়ন শুরু করেছে অপারেটরগুলো। কিন্তু এর মধ্যে তাদের পকেটে কোটি কোটি টাকা ঢুকে গেছে। ঠিক এর বিপরীতে এমন একটা ‘গ্রাহক ঠকানো’ সিদ্ধান্ত এতো দ্রুত বাস্তবায়ন হওয়ায় হতাশ হয়েছে সংগঠনটি।

সংগঠনটি কলরেটের মূল্য আরো কমাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।