সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১৬ সালে উত্তরপ্রদেশ। আর এবার খোদ কলকাতাতেই জন্ম নিল এক এমন শিশু, যাকে দেখতে অবিকল রূপকথার ‘মৎস্যকন্যা’-র মতো। যদিও জন্মানোর পরে মাত্র চার ঘণ্টা বেঁচে থাকা শিশুটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। কারণ কোমরের পর থেকে তার শরীরের নিম্নাংশ ছিল জোড়া লাগানো। তা পরিপূর্ণতা পায়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনে ২৩ বছরের মুসকুরা বিবি এই শিশুটির জন্ম দেন গত বুধবার। কিন্তু জন্মানোর চার ঘণ্টা পরেই মারা যায় শিশুটি।

জানা গিয়েছে, এই অসুখের নাম সিরনোমেলিয়া বা মারমেইড সিনড্রোম। সিরনোমেলিয়া আক্রান্ত শিশুরা জন্মের পরে খুব বেশিক্ষণ বাঁচে না।
হাসপাতালের এক শিশু বিশেষজ্ঞ সুদীপ সাহা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘এমন ধরনের শিশু আমি আগে কখনও দেখিনি। রাজ্যে এমন ধরনের শিশু এই প্রথম জন্মাল ও দেশে দ্বিতীয়।’’
ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গর্ভবতীর দেহে অপুষ্টি ও শরীরে যথাযথ রক্ত সঞ্চালনের অভাবে এমন শিশু জন্মায়।










