
মার্চের শেষের দিকে করোনার লক্ষণযুক্ত কয়েকজন রোগী দেখার পর তাদেরকে যথাযথ পরামর্শ ও প্রয়োজনে আইইডিসিআর-এ করোনা পরীক্ষার জন্য যোগাযোগের পরামর্শ দিয়ে নিজেকে হোম কোয়ারেন্টিনে বা স্বেচ্ছায় বন্দিত্বে নিয়ে আসি। এর কয়েকদিন পরই আমার নিচতলার ফ্লাটে তিনজন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার খবর মেলে। ফলাফল- ‘লকডাউন’। রীতিমতো লাল পতাকা চিহ্নিত করে দিয়ে যান থানার কর্মকর্তাগণ। এবার সত্যি ভয় বা আতঙ্ক বাসা বাঁধতে শুরু করল মনে। বয়স এবং আনুষঙ্গিক অন্য শারীরিক সমস্যা থাকলে নাকি করোনায় মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। কাজেই ভয় তো বাড়তেই পারে। যাহোক একটা বিষয়ে শুরু থেকেই সচেতন ছিলাম- নিজে ভয় পেলেও স্ত্রীকে ও সঙ্গে থাকা ছোট ছেলেকে আতঙ্কমুক্ত রাখার জন্য টিভির ঘোষণার মতো করে আওড়াতে থাকলাম- ‘এটা কিছু না, সাধারণ ফ্লু বা ঠাণ্ডা সর্দির মতই- ভয়ের কিছুই নাই’। কত ঘণ্টায় একদিন? একদিনের সমান কী ২৪ ঘণ্টা নাকি ৭২ ঘণ্টা বুঝতে পারছি না। সারা রাত দুঃস্বপ্ন দেখে দেখে ভোরে যখন ঘুম থেকে উঠি, নামাজ পড়ে শুকরিয়া করি আল্লাহর কাছে, আর একটি দিন উপহার পাওয়ার জন্য। এরপর খুঁজে খুঁজে ঘরের টুকিটাকি নানা কাজ করার পরও দেখি দিন শেষ হয় না। অবসর পাই না বলে মনে কত আক্ষেপই না ছিল; সেই অবসর যে এতটা বিরক্তিকর সেটা বুঝতে বেশি সময় লাগল না। হয়তোবা আতঙ্ক মিশ্রিত অবসর বলেই এরকম বেশি মনে হচ্ছে।
ছুটা গৃহকর্মী, ড্রাইভারদের সবেতনে ছুটি দিয়ে ইবাদতের পাশাপাশি কোরআন তেলওয়াত করা, বই পড়া, পত্রিকা পড়া, হালকা ব্যায়াম, টিভিতে খবর ও টকশো দেখা আর সোশ্যাল মিডিয়ায় চোখ বুলিয়েই দিন পার করছি। কিন্তু টিভিতে যেভাবে ডাক্তারদের ব্যাপারে বিষেদাগার শুরু হল তাতে করে হতভাগা চিকিৎসক হিসেবে মানসিক অস্থিরতা বাড়ার সাথে সাথে টকশোগুলোকে আরও টক হতে হতে একসময় তেতো মনে হতে লাগলো। খবর দেখে মনে হতে লাগলো স্বাস্থ্যব্যবস্থার সকল দোষ ডাক্তারদের, ডাক্তাররা অথর্ব, দায়িত্বজ্ঞানহীন,এদেরকে সাইজ করা দরকার। কিন্তু সাইজ করতে করতে যে ডাক্তাররা সর্বনিম্ম সাইজে চলে এসেছে; এরপর যে আর পা ঢোকানো যাবে না – সেটা কারো খেয়াল নাই। দুর্ভাগ্যজনকভাবে এদেশে ডাক্তারদের ব্যাপারে সব সময়ই কমবেশি সব পেশার মানুষের মাঝেই কিছু নেগেটিভ ধারণা আছে বা তৈরি হয়েছে। এর কারণ আমাদের চিকিৎসকদের যেমন খুঁজতে হবে, তেমনি অন্যান্য পেশার সকলকেও ডাক্তারদের তথা স্বাস্থ্যব্যবস্থার সমস্যার মূলে যেয়ে দেখতে হবে কোথায় গলদ?

এবার আসি একটু করোনা প্রসঙ্গে। আমি এদেশের অতি সাধারণ একজন নাগরিক, পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ; হৃদযন্ত্রের সমস্যা ও প্রতিকার সম্পর্কে কিছু ধারণা আছে। নতুন রোগ বিধায় অনেকের মতো করোনার বিষয়ে আমার জ্ঞানও সীমিত। করোনা বিষয়ে কিছু বলার সাথে সাথে চিকিৎসকদের মনের বা সমস্যার কিছু কথা বলতে চাই। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সমালোচনা বা বিরুদ্ধাচারণ আমার এই লেখার উদ্দেশ্য নয়; যদি প্রাসঙ্গিকভাবে চলে আসা কোনো কথায় কেউ কষ্ট পান তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবাই জানি করোনা মহামারী শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; এটা একটা বৈশ্বিক সমস্যা। পৃথিবীর অনেক উন্নত দেশ যেখানে এই সমস্যা সফলতার সাথে মোকাবেলা করতে চরম ব্যর্থ, সেখানে আমাদের মত একটি উন্নয়নশীল দেশে আমরা কতটা সফল সেই বিবেচনায় না যেয়ে সামর্থ্য অনুযায়ী আমরা কতটা চেষ্টা করছি বা করতে পেরেছি, সেদিকে নজর দেয়াটা বেশি দরকার ছিল। শুরু থেকেই স্বাস্থ্য বিভাগের চিকিৎসক বিশেষজ্ঞদের নেতৃত্বে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের সমন্বয়ে এই পরিস্থিতি মোকাবেলায় নামাটা জরুরি ছিল। তাহলে স্বার্থকতা বা ব্যর্থতা যাই হোক না কেন, কারও লজ্জার বা ছোট হওয়ার কিছু থাকত না। তা না করে এ দেশের চিরাচরিত নিয়মের পুনরাবৃত্তি করে আমলাতন্ত্রের অহমিকা এবং দুঃখজনকভাবে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর প্রবণতাই লক্ষ্য করা গেল। নিজেদের সার্বিক ব্যর্থতা ঢাকার জন্য ও নিজেদের যোগ্যতা প্রমাণ করার ব্যর্থ প্রয়াস হিসেবে ডাক্তারদের বেছে নিল বলীর পাঁঠা বানানোর জন্য।
দীর্ঘ সময় পাওয়ার পরও করোনার ভয়াবহতাকে বুঝতে না পারা ও সেটা প্রতিরোধের ব্যবস্থা না নেয়ার ব্যর্থতা কার? পরিস্থিতি আঁচ করার পরও কথায় ও কাজে সমন্বয়হীনতার জন্য কি ডাক্তার দায়ী? শুরু থেকেই সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা না করার দোষ কি ডাক্তারদের? বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শও তো ছিল- পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। এটাতে কর্ণপাত না করার সিদ্বান্তও কি ডাক্তারদের ওপর বর্তায়? প্রথম থেকেই ইতালিসহ বিদেশফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিতে পারলে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও এই মহামারী নিয়ন্ত্রণ করা হয়তো কঠিন ছিল না, এ ব্যর্থতা কি ডাক্তারদের? ভারত, ফিলিপাইন সহ অনেক দেশের মত কঠোর লকডাউন বা কারফিউ না দিলে এ দেশের অসচেতন মানুষকে ঘরে রাখা যাবে না – এটা না বোঝার ব্যর্থতা কার? ছুটি ঘোষণাকে ঈদের আনন্দের মত করেই এই সকল অসচেতন মানুষ সকল প্রকার গণপরিবহনে, লঞ্চে ও হেঁটে গাদাগাদি করে গ্রামে বেড়াতে যাওয়াটা উদযাপন করেছে, এটা তো অনুমেয়ই ছিল। গার্মেন্ট শ্রমিকদের ছুটি বাতিল করে লক্ষ লক্ষ শ্রমিকের অমানবিকভাবে মিছিলের মত করে শত শত মাইল পায়ে হেঁটে কর্মস্থলে ফিরে আসতে বাধ্য করা এবং পরক্ষণেই আবার যোগদানের আদেশ বাতিল করে ও বকেয়া বেতন না দিয়ে রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য করার দায় কি চিকিৎসকদের? যেখানে পৃথিবীর কোথাও করোনার কোন সুনির্দিষ্ট চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি, প্রতিরোধই একমাত্র ভরসা – সেই ভরসার জায়গাটিকে কাজে না লাগিয়ে এখন ব্যর্থতার দায় ডাক্তারদের দেয়ার অপচেষ্টা কেন? আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কি শুধু ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী হলেই চলবে? করোনায় সত্যিকার অর্থে যাদের চিকিৎসা দরকার তাদের জন্য প্রয়োজনীয় আই সি ইউ ও ভেন্টিলেটর সুবিধা সম্বলিত কয়টি হাসপাতাল আছে দেশে? যে কয়টি আছে সেগুলো তো স্বাভাবিক সময়েই সাপোর্ট দিতে পারে না- প্রয়োজনীয় বিশেষজ্ঞ, যন্ত্রপাতি ও অবকাঠামোগত অপ্রতুলতার কারণে। এসব দিকে নজর না দেয়ার ব্যার্থতা কি চিকিৎসকদের, না সংশ্লিষ্ট প্রশাসনের? যে সকল চিকিৎসকরা চিকিৎসা দিবেন তাদের বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিত পূর্ণাঙ্গ সুরক্ষা সরঞ্জাম না দিয়ে, নিন্মমানের অসম্পূর্ণ কিছু সরঞ্জাম অল্প কিছু সংখ্যক স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনার চিকিৎসা করতে বলা আর তাদের কে আত্মহত্যা করতে বলার ভেতর কোন পার্থক্য নেই। সাধারণ মানুষের অমূল্য জীবন রক্ষা করতে যেয়ে যাদের জীবন বিপন্ন করতে প্রকারান্তে উৎসাহ দেয়া হচ্ছে তাদের জীবনের মূল্য কর্তৃপক্ষের কাছে না থাকলেও তার নিজের এবং তার পরিবারের সবার কাছে অমূল্য। এভাবে সমস্ত ব্যবস্থাকে জগাখিচুড়ি পাকিয়ে ডাক্তারদের দোষ দিয়ে কোনো সমাধান হবে না। তাবৎ বিশ্ব যেখানে ডাক্তারদের সন্মান ও সন্মানী বিভিন্নভাবে বাড়িয়ে দিল এবং এই ঝুঁকি মোকাবেলায় সন্মুখে থেকে যুদ্বে নামায় ডাক্তারদের উৎসাহ ও প্রণোদনা দিতে এগিয়ে এলো সেখানে শুরুতেই দেশের প্রশাসন তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী চিকিৎসকদের শুধু হেয় করার ষড়যন্ত্রে মেতে উঠল তাই নয়- তাদের কিছু পদক্ষেপে আচরণে মনে হল ডাক্তাররা তাদের অধিনস্ত কর্মচারী অথবা চাকর-বাকর ছাড়া আর কিছুই না। এই মানসিকতা তাদের একদিনে হয়নি; যুগ যুগ ধরে তাদের এই চর্চা চলে আসছে। আর এই চলে আসার পেছনে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে প্রভাবক হিসেবে সবসময়ই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে লেজুড়বৃত্তিকারি চাটুকার চিকিৎসক নেতৃত্ব। বি এম এ -সহ আমাদের চিকিৎসক নেতৃত্ব যুগ যুগ ধরে যাদের স্বার্থ রক্ষার ব্রত বা শপথ নিয়ে ক্ষমতায় আসীন ছিলেন বা আছেন তারা চিকিৎসক সমাজের স্বার্থে কি করেছেন সেটা নতুন করে বলার প্রয়োজন নেই; বরাবরই তারা ব্যক্তি স্বার্থে বা কখনো কখনো রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে এ দেশের চিকিৎসক সমাজের স্বার্থকেই শুধু জলাঞ্জলি দিয়েছেন তাই না, সরকারকেও বিব্রতকর অবস্থায় ফেলেছেন সত্যটা তুলে না ধরার কারণে। অন্যান্য ক্যাডারের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে এ দেশের চিকিৎসকদের অবস্থান কতটা নীচে,সেটা কল্পনাতীত। পক্ষান্তরে চিকিৎসক নেতৃত্বের ব্যর্থতার পাশাপাশি চিকিৎসকদের নিজেদের দায়বদ্ধতাও কম নয়। আমাদের চিকিৎসকদের ক‘জন খবর রাখেন তাদের ন্যায্য অধিকারের বিষয়ে? তারা শুধু উচ্চশিক্ষা, বদলি আর প্রাইভেট প্রাকটিসটুকুই বোঝেন। মনে হয় জীবনের চাওয়া, সার্থকতা বা মর্যাদা বলতে ওইটুকুই। যারা উচ্চতর ডিগ্রি করতে পারেন না তারা তো আজীবন অচ্ছুৎ হয়েই থাকেন সমাজে- তাদের প্রমোশনও হয় না, বিশেষায়িত হন সিম্পল (!) এমবিবিএস হিসেবে; মনে হয় যেন রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছেন একটি এমবিবিএস সার্টিফিকেট। অথচ অন্যান্য বিসিএস ক্যাডারদের তো প্রমোশনের জন্য উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয় না। একই সাথে বিসিএস দিয়ে চাকরিতে যোগদান করার কত বছর পর কি ধরনের সরকারি সুযোগ-সুবিধা পান অনান্য ক্যাডারের কর্মকর্তারা- সেটা অন্য কারো ভাবার প্রয়োজন বা সময় নাই, কিন্তু আমাদের চিকিৎসকরাই কি সবাই জানি বা খবর রাখি? বেশীরভাগ জুনিয়র চিকিৎসকের বসার জন্য একটি রুমও নাই। রাজনৈতিক নেতৃত্ব, দেশের নীতিনির্ধারক বা সুশীলসমাজ কেউ কি খবর রাখেন যুগ যুগ ধরে চলে আসা এই বৈষম্যের কথা? চিকিৎসকদের হতাশার কথা বলতে গেলে অনেক কথা। চিকিৎসকদের মনে আজ হতাশা- কেন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলাম? শুধুই কি বাবা মা’র ইচ্ছায়? ডাক্তার হওয়ার পর উন্নত স্বপ্নের দেশের অফুরন্ত হাতছানিকে কেন উপেক্ষা করলাম? প্রশ্ন জাগে চিকিৎসকের সন্তান কেন তার বাবা-মা’র পেশায় আসতে চায় না? সে কেন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে না , কেন এই অনীহা? কয়েক বছর আগেও যেখানে প্রাইভেট মেডিকেলে ভর্তির জন্য অভিবাবকগণ হুমড়ি খেয়ে পড়তেন সেখানে এখন ছাত্র পাওয়াই দুষ্কর। অনেক মেডিকেল কলেজ বাধ্য হয়ে অপেক্ষাকৃত অনেক কম মেধাবীদের দিয়েই আসন সংখ্যা পূরণ করার চেষ্টা করছে। অভিবাবকদেরইবা কেন এত তাড়াতাড়ি স্বপ্ন ভঙ্গ হল? আমাদের সময় বিজ্ঞান বিভাগের সবচেয়ে মেধাবী ছাত্ররা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে আসত- ক্রমেই কেন সেটা পরিবর্তিত হচ্ছে। মেধাবীরা মুখ ফিরিয়ে নিলে আমাদের চিকিৎসাব্যবস্থার ভবিষ্যৎ কি হবে?
অনেক মেধাবী চিকিৎসক এখন বিদেশ পাড়ি জমাচ্ছে কেন? শুধুই কি অর্থের জন্য? নাকি অন্য কোনো কষ্ট বা বঞ্চনা আছে? ব্রেইন ড্রেইন অতীতেও ছিল; কিন্তু ক্রমেই তা বাড়ছে। কেন বাড়ছে – দেখার কেউ আছেন কি বা এ বিষয়ে গবেষণার কোনো প্রয়োজন আছে বলে কি নীতিনির্ধারকরা মনে করেন? কখনো কি কর্তৃপক্ষ ভেবে দেখেছেন-অনেক কষ্ট করে মেডিকেল সাইন্সে পড়াশোনা করে ডাক্তার হয়ে কি কারণে ক্যাডার পরিবর্তন করে অন্য ক্যাডারে চলে যাচ্ছেন ডাক্তাররা? প্রশাসন, পুলিশ, ট্যাক্স, ফরেন এফেয়ার্সসহ বিভিন্ন ক্যাডারে ডাক্তারদের চলে যাওয়া কি শুভলক্ষণ? এখানে কি কোনো হতাশা বা বঞ্চনা কাজ করছে না? কোনো বৈষম্য কাজ করছে না ? আফসোস হয় যখন দেখি বিদেশের মাটিতে আমার এই দেশ থেকে চলে যাওয়া অবহেলিত সেই ডাক্তারগণ অত্যন্ত সন্মানের সাথে, সুনামের সাথে চিকিৎসা পেশায় কাজ করছে; আর্থিক দিকটা তো বলার অপেক্ষাই রাখে না। পক্ষান্তরে আমার দেশের একজন নবীন ডাক্তার মাসিক মাত্র বিশ-পঁচিশ হাজার টাকার বিনিময়ে ক্লিনিকে রীতিমত গোলামী করে সকাল, সন্ধ্যা ও রাতে। গার্মেন্টস মালিকদের মতোই অনেক প্রাইভেট হাসপাতালের মালিকদের আচরণ। এমবিবিএস পাশ করার পর সবমিলিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে কমপক্ষে ১০ বছর পড়াশোনা ও অমানুষিক কষ্ট করতে হয়। এরপর স্বীকৃত বিশেষজ্ঞ হিসেবে পদায়ন পেতে অন্তত আরও ১০-১৫ বছর; আর এই পুরো সময়টাই নিজের কষ্ট শুধু না, তার বাবা মা, স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজন সকলকে বিভিন্নভাবে বঞ্চিত করে, অনেক ক্ষেত্রে পরিবারের আর্থিক সহায়তায় নিজেকে গড়তেই ব্যয় করেন। এরপরও সবাই কিন্তু সেই মর্যাদাপূর্ণ আসনে যেতে পারেন না – কেন পারেন না সেটা এই পরিসরে বলতে চাই না। আপাততঃ না হয় সান্ত্বনার জন্য সেই ডাক্তারের ভাগ্য কেই দায়ী করা যাক। প্রথম সারির সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকগণ শেষ বয়সে এসে কেউ কেউ আর্থিকভাবে কিছুটা স্বছছলতার মুখ দেখলেও কতটা সন্মান তাদের ভাগ্যেইবা জোটে? ডিজি অফিস ও সচিবালয়ে কোনো কাজে যেতে হলে তার নিজের দপ্তরেই কতটা ভোগান্তি পোহাতে হয় এবং কোন স্তরে নামতে হয় সেটা শুধুমাত্র ভুক্তভোগী ডাক্তারই জানেন। তিনি সিনিয়র বা জুনিয়র যাই হোন না কেন। অন্যদিকে কোনো কোনো রোগীর ভাষায় ‘কসাই বা ডাকাত’ খেতাবেও ভূষিত হন চিকিৎসক, এমনকি রোগী বা রোগীর অভিভাবক কর্তৃক ডাক্তারদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও এদেশেই শোনা যায়।
আজ উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে কিছু চিকিৎসককে যখন চরম হয়রানীতে পড়তে হচ্ছে তখন চিকিৎসকদের কেউ কেউ কিছু আওয়াজ দিচ্ছেন! তাহলে কি এতদিনে ঘুম ভাঙল! এখন বঞ্চনার প্রতিবাদের চেষ্টা করছেন। প্রতিবাদ তো অবশ্যই করতে হবে, বহু আগে থেকেই করার প্রয়োজন ছিল। তবে এখনতো সব বঞ্চনার প্রতিবাদ করার সময় না , করা সমীচীনও না। এখন করোনাযুদ্ধে নামার জন্য যা দরকার তাই করতে হবে; প্রতিবাদ করলেও যুদ্ধাস্ত্র ও আত্মরক্ষার সরঞ্জামের জন্য যেটুকু প্রতিবাদ করা দরকার শুধু সেইটুকুর জন্যই করতে হবে। তবে একদিন এ করোনাযুদ্ধ অবশ্যই থামবে- তখন যেন বিস্মৃত না হয়ে যাই আমরা; বিশেষ করে তরুণ ডাক্তার সমাজ যাদের সামনে দীর্ঘ সময় ও ভবিষ্যৎ পড়ে আছে, যাদের ন্যায্য পাওনাটুকু পাওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে বুঝতে হবে, জানতে হবে তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে- তাদেরকে কেউ মুখে তুলে দেবে না কোনদিন; এমনকি তাদের চিকিৎসক নেতৃবৃন্দরাও না- অতীত সেই সাক্ষীই দেয়। চিকিৎসক সমাজকে বুঝতে হবে তাদের অধিকার তাদের নিজেদেরই আদায় করে নিতে হবে। একই সঙ্গে সরকারের পাশাপাশি এদেশের সকল স্তরের জনগণকেও উপলব্দি করতে হবে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো যেমন দরকার, তেমনই দরকার দুর্নীতিমুক্ত আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। সকলকে বুঝতে হবে দেশের বিশাল স্বাস্থ্য ব্যাবস্থার একটি মাত্র উপাদান হলো- এই অবহেলিত ও ক্ষমতাহীন ডাক্তারসমাজ; যারা সবসময় অনেক বঞ্চনার ভেতর ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সরদারের মতোই এদেশের মানুষকে সেবা দিয়ে আসছে যুগ যুগ ধরে। এখনও সকলের বোধোদয় না হলে, মনে রাখতে হবে এই মহামারীই শেষ নয়-এক মাঘে শীত যায় না; ভবিষ্যতে আবার যেকোনো দুর্যোগ বা ক্রান্তিকালে এই সমস্যা আরো প্রকট আকারে দেখা দেবে।
মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা প্রসূত বিভিন্ন প্রণোদনার মাঝে চিকিৎসকদের প্রণোদনা অবশ্যই প্রশংসনীয় এবং সময়োপযোগী সিদ্বান্ত-যা চিকিৎসকদের উৎসাহ বাড়াবে নিঃসন্দেহে। তবে সত্যিকারভাবে এদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে হলে এই করোনা পরিস্থিতির মোকাবেলার পর স্বাস্থ্যব্যবস্থাকে অনেকটা ঢেলে সাজাতে হবে, অন্যান্য ক্যাডারের সাথে বৈষম্য দূর করতে হবে, এদেশের সবচেয়ে মেধাবী ডাক্তার সমাজকে সঠিক মূল্যায়ন করতে হবে। কোনো দয়া নয়, কোনো অন্যায্য আনুকূল্য নয়- শুধু তাদের ন্যায্য প্রাপ্যটুকু তাদেরকে দিলেই হবে- সেটাই হবে তাদের স্থায়ী প্রণোদনা। আর স্বাস্থ্য বিভাগের প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ভাবে নির্দলীয় চিকিৎসক ও কর্মকর্তাদের ওপরই ন্যাস্ত করতে হবে। এই করোনার পর অন্ততঃ একটি বিষয় পরিষ্কার হলো- বিদেশ-নির্ভর চিকিৎসা কোনভাবেই কাম্য নয় এবং সব সময় সম্ভবও নয়। দয়া করে একটু মনোনিবেশ করুন, আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরীখে বিচার করুন। আর সেটা না করতে পারলে দুর্ভাগ্য শুধু চিকিৎসক সমাজের নয়, বড় দুর্ভাগা হবে এদেশের সকল জনগণ। যে জাতি জ্ঞানীর কদর করতে জানে না সেখানে জ্ঞানীর জন্ম হয় না। একসময় হয়তো অপচিকিৎসায় বা ভুল চিকিৎসায় মরতে হবে- হয় আপনাকে, আমাকে, না হয় আপনার বা আমার ভবিষ্যৎ প্রজন্মকে। শুনতে খারাপ লাগলেও হতে পারে এটাই নির্মম বাস্তবতা। মেধাবী চিকিৎসকরা কিন্তু অতটা বোকা না, তারা বসে থাকবে না- বিদেশে যেয়ে তারা উন্নত আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত চিকিৎসা দেবে যথাযথ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে। শুধু একটা কষ্ট হয়তো কারো মনে থাকবে যে, এই সেবাটা সে নিজ দেশে দিতে পারল না, তাদের প্রকৃত মূল্যায়ন না করায় এবং দুর্নীতিপরায়ণ স্বাস্থ্যব্যবস্থার কারণে আধুনিক অবকাঠামো না থাকায়।
প্রতিটি পেশার মানুষের উন্নতির মাধ্যমেই দেশের উন্নতি। সুনির্দিষ্ট দু-চারটি সেক্টরের উন্নতি হলেই দেশের উন্নতি বলা যাবে না। সকল ক্ষেত্রে না হলেও নানা প্রতিকূলতার মাঝেও মূলতঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টার দ্বারাই হৃদরোগসহ চিকিৎসার কিছু কিছু ক্ষেত্রে উন্নত বিশ্বের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। সেই এগিয়ে যাওয়া যাতে থমকে না যায়, দিনে দিনে চিকিৎসার সকল বিভাগের উন্নতির মাধ্যমে যাতে সমগ্র চিকিৎসাব্যবস্থার উন্নতি হয় সেই চেষ্টাই এখন করতে হবে এবং সেটা অবশ্যই চিকিৎসকদের নিয়েই করতে হবে। তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করে কোন দিন সেই লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। নীতিনির্ধারকদের মনে রাখতে হবে চিকিৎসকরা এদেশেরই সন্তান, এদেশকে তারা ভালোবাসে, তারা আপনাদেরই কারো সন্তান, কারো ভাই অথবা বোন। আরও মনে রাখতে হবে আপনার বিদেশ যেয়ে চিকিৎসা করার সামর্থ্য থাকলেও হয়তো আপনার ভাই-বোন বা অন্য নিকটাত্মীয়ের সেই সামর্থ্য নাই; সর্বোপরি এদেশের জনগণ, যাদের ট্যাক্সের টাকায় দেশ চলে তাদের সিংহভাগের সেই সামর্থ্য নাই- আর থাকলেই বা কি? করোনা তো অনেক শিক্ষার সাথে এই শিক্ষাটাও দিল- কখনো কখনো অসহায়ভাবে ধনী-গরিব, রাজা- প্রজা সকলকেই এক কাতারে আসতে হয়; কোন ভেদাভেদ থাকে না মানুষে মানুষে। সকলকে একই স্বাস্থ্যব্যবস্থার ওপরই নির্ভর করতে হয় এবং হবে। দেশপ্রেম থাকলে, দেশের প্রতি দায়বদ্বতা থাকলে এ ভাবনা এমনিতেই চলে আসা উচিত সংশ্লিষ্ট সকলের।
লেখক: কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সুত্রঃ কালের কণ্ঠ









