হে বিশ্ব মানব, নোভেল করোনা নিয়ে এত উদ্বিগ্ন কেন ? এত ভীতি কেন তোমাকে গ্রাস করেছে ? এত আতঙ্ক কেন তোমার ঘুমকে হারাম করেছে ? আজ বিশ্বব্যাপী ঘাতক মহামারী কোভিড ১৯ এর বিরুদ্ধে বিশ্ববাসী বলতে গেলে সারা বিশ্ব এক অদেখা মহাশত্রুর সাথে মহাযুদ্ধ শুরু করেছে। বলতে গেলে অজানা অচেনা করোনা ভাইরাস নামক একটি মাত্র অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিশ্বের মহা-শক্তিধর দেশগুলো পর্যন্ত নাস্তানাবুদ হচ্ছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে হাজার হাজার মানুষ শামিল হচ্ছে।
বাবার সামনে মেয়ে, মেয়ের সামনে মা, মায়ের সামনে ভাই বোন, স্বামী, সন্তান, বাবা-মা এমনকি আত্মীয়-স্বজন, চেনা-অচেনা মানুষ নিদারুন কষ্ট ভোগ করে স্বপ্নের পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এই বিদায় যেসে বিদায় নয়, বলতে গেলে কাঙ্খিত সৎকারের পরিবর্তে মৃতদেহ সকলের মাঝে আতংক সৃষ্টি করে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি ও শুভার্র্থীদের প্রথাগত আনুষ্ঠানিক বিদায় ছাড়াই চিরতরে বিদায় হচ্ছে।
পৃথিবীর জলে-স্থলে, আকাশে, বাতাসে স্থান নেওয়া অদৃশ্য এই জীবন্ত ভাইরাসগুলো কেবলমাত্র সৃস্টির সেরা জীব মানুষকেই বেছে নিয়েছে। করোনার যত রাগ মানুষের উপর। মানুষ ছাড়া যেসব প্রাণী রয়েছে তাদের প্রতি তার নেই কোন ক্ষোভ, নেই কোন বিদ্বেষ।

হে বিশ্বমানব -তুমি আজ করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য জোর তৎপরতা শুরু করেছ। এই যুদ্ধে দুটি পক্ষ। এক পক্ষে করোনা ভাইরাস আর অপর পক্ষে সারা পৃথিবীর মানুষ। করোনার নেই কোন সামরিক পোশাক কিংবা অস্ত্র-শস্ত্র । নেই কোন ঢাল- তরোয়াল কিংবা সাঁজায়ো বাহিনী। আর বিশ্ব মানব, তোমার আছে অত্যাধুনিক অস্ত্র, কোটি কোটি সুপ্রশিক্ষিত সামরিক বাহিনী, জীবানু অস্ত্র, রাসায়নিক অস্ত্র, পারমানবিক অস্ত্র। আরও আছে অত্যাধুনিক হাসপাতাল, ডাক্তার,নার্স, ঔষধ-পত্র। গর্ব করার মত তোমার আছে অত্যাধুনিক ল্যাবরেটরী, আছে বিশাল বিশাল পন্ডিত নামধারী বিশেষজ্ঞ। কি নেই তোমার ? তোমার আছে সাবমেরিন, বিশাল বিশাল রনতরী, আকাশে যুদ্ধ করার জন্য আধুনিক যুদ্ধ বিমান। আর করোনার এসব কিছুই নেই, তারপরও তুমি সর্বশক্তি নিয়োগ করেও ক্লান্ত হয়ে পড়ছ । ভাবনা -চিন্তায় তুমি অসুস্থ হয়ে পড়ছ। তোমকে মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করেও এখন পর্যন্ত তাকে পুরোপুরি ঘায়েল করতে পারছ না। আর কবেই বা পারবে তাও সুনির্দিষ্ট করে তোমার কোন সৈনিকই বলতে পারছে না।
হে বিশ্ব মানব, আজ এই মহা মহা যুদ্ধে তুমি তোমার সকল সরকারি বেসরকারি অফিস-আদালত, ব্যবসা-বানিজ্য প্রতিষ্ঠান, সামরিক-আধাসামরিক বাহিনী থেকে শুরু করে সকল বিভাগকে এমনকি বিশ্বের প্রতিটি মানুষকে এই যুদ্ধের এক একটি সৈনিক বানিয়েছ। তারপরেও ? তারপরেও কাজের কাজ কিছুই হচ্ছে না ।
তুমি সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে যাচ্ছ, আর করোনা অদৃশ্যভাবে তোমার আশ পাশে অবস্থান নিয়ে তোমার অগনিত সৈনিককে চিরতরে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিচ্ছে। হে বিশ্বমানব, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে চেনা, জানা শত্রুর সাথে মোকাবেলা করেছ তাই না ? আর এখন বলতে চাচ্ছ তুমি এক অজানা, অদৃশ্য শক্তির সাথে বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছ তাইতো ?
হে বিশ্বমানব, এই বিশ্বযুদ্ধে পৃথিবীর সকল মানুষকে গৃহবন্দী করেছ, ছোট-বড় সকল দোকান পাট, অফিস আদালত বন্ধ করে দিয়েছ, স্থল, নৌ ও আকাশপথে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করেছ, কলকারখানার চাকা থামিয়ে দিয়েছ। কেবল তাই নয় সকল প্রকার সামাজিক যোগাযোগ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমাবেশ, সেমিনার, উৎসব আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছ। এমনকি সকল ধর্মের প্রার্থনার ঘরে তালা চাবি লাগিয়ে দিয়েছ। কোন কোন দেশে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছ। এসব করেও থেমে থাকনি, জেল-জরিমানা থেকে শুরু করে মানুষকে লাঠিপেটা, কান ধরে উঠাবসা পর্যন্ত করাতে বাধ্য করাচ্ছ। যাকে দেখতে পাচ্ছ না, স্পর্শ করতে পারছ না অথচ তার অস্তিত্ত্ব আছে বলে ধরে নিয়েই লক ডাউনে চলে গিয়েছ, হোম কোয়ারান্টাইনে কিংবা আইসোলেশনে অবস্থান করছ । অথচ হে মানব সন্তান , তোমরা সৃষ্টিকর্তাকে যে যেভাবে বিশ্বাস করছ, অথচ সেভাবে দেখতে পাচ্ছ না বলে কত রকই না সন্দেহ পোষণ করছ। সৃস্টিকর্তার বিরুদ্ধে নানা রকম বাক্য প্রয়োগ করছ।
সৃষ্টিকর্তার অস্তিত্ত্বের প্রশ্ন তুলে হাজার হাজার অডিও-ভিডিও ক্লিপস বানিয়ে তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে তোমার মতামতের স্বপক্ষে জনমত সৃষ্টি করছো। কেবল মুখেই নয়, লেখনির মাধ্যমেও সৃষ্টিকর্তাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাচ্ছো। অথচ, তোমার আমার মহা-বিশ্বের সকল কিছুর সৃষ্টিকর্তা মহান প্রভু তোমার সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। চরম ধৈর্য্য সহকারে তোমার সকল প্রকার অনৈতিক ও নেতিবাচক কর্মকাণ্ড অবলোকন করছেন।
হে মানব সন্তান, মহান সৃস্টিকর্তা তোমাকে সকল সৃষ্টির সেরা বানিয়েছেন। তোমাকে সকল প্রাণীর উপরে স্থান দিয়েছেন। তোমার বিবেক দিয়েছেন, তোমার অন্তরে বিচারালয় উপহার দিয়েছেন। আর এর বদৌলতে তুমি পৃথিবীর বুকে প্রভুত্ত্ব করছ। মনের আনন্দে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ। নিজেকে গানে আনন্দে মাতোয়ারা করে তুলেছ। পরিবার-পরিজনসহ হাসি তামাশায় নিজেকে মত্ত করেছ। বিত্ত বৈভবের মাঝে অবগাহন করছ। আরো আরো পাওয়ার নেশায় দিক বিদিক ছুটে চলেছ। পরম সুখী হওয়ার আশায় ভালো মন্দ ভুলে গিয়েছ। সম্পদের পাহাড় গড়ে তোলার, পৃথিবীকে হাতের মুঠোয় নেওয়ার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ। তোমার বিবেককে বিসর্জন দিয়েছ। তোমার হৃদয়ে যে বিচারালয় রয়েছে তাকে কলঙ্কিত করেছ। নিজেকে একজন পশু, ইতর, খবিশ, খুনি, বিবেকহীন, অবিবেচক, শয়তান, অসভ্য, নরপিশাচ, লোভী, নিমকহারাম, বেঈমান, সুদখোর, দুর্নীতিবাজ, চোর, দাগাবাজ, ডাকাত, ধর্ষণকারী, নির্যাতনকারী, লুটেরা, কসাই, মিথ্যাচারী, কপট, প্রবঞ্চক, লম্পট, দুঃশ্চরিত্র, যুদ্ধবাজ, ফাঁকিবাজ, ঠকবাজ, ভূমিদস্যু ইত্যাদিতে পরিণত করিয়েছ। অন্যায়ের পর অন্যায় করে এর পরিমাণকে আরো বাড়িয়ে তুলেছ।
সৃষ্টি কর্তা অসীম দয়ালু বলেই তোমার চিন্তা ও বিবেক-বিবেচনাকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছেন। কিন্তু তুমি তার তোয়াক্কা না করে ব্যাভিচার থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা করতে চেষ্টা করনি। তোমার অহংকার ও দাম্ভিকতা এতই বৃদ্ধি পেয়েছিল যে তুমি অন্য মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে ঘৃণা করেছ। তুমি দস্যুতা, অন্যায় অত্যাচারের মাধ্যমে সম্পদের পাহাড় বানিয়েছ। স্রষ্টা তোমাকে ডাক্তার বানিয়েছিলেন মানুষের সেবা করার জন্য, কিন্তু তুমি তা না করে কসাইরুপে আবির্ভুত হয়েছিলে, সৃষ্টিকর্তা বেকারত্বের যুগে তোমাকে ভালবেসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বানিয়েছিলেন জনগণের সেবা করার জন্য, কিন্তু তুমি তার পরিবর্তে অবৈধভাবে অর্থ হাতিয়ে টাকার ভান্ডার গড়ে তুলেছ, পুলিশ ও বিচার বিভাগে চাকরি প্রদান করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য।
ন্যায় বিচার প্রতিষ্ঠা তো দূরের কথা, তোমার কারণে বিচারের বানী নিভৃতে কেঁদেছে। শিক্ষক হিসেবে তোমাকে পৃথিবীকে পাঠিয়েছিলেন, কিন্তু তুমি যথাযথ ভূমিকা পালন করনি। অসহায় মানুষকে তোমার কাজে সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন যেহেতু তোমার আয়ে গরিবদের অধিকার আছে বলেই, কিন্ত তুমি তার প্রতি সীমাহীন অত্যাচার করেছ। তোমাকে ব্যবসায়ী বানিয়ে তোমার রুজির ব্যবস্থা করেছিলেন, কিন্তু তুমি কি করেছ ? দাম বাড়িয়ে, খাদ্য মজুদ করে, চক্র তৈরি করে কৃত্রিম খাদ্য সংকট করে মহাপাপ করেছ। তোমাকে নেতা বানিয়ে দেশ ও দশের সেবার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু দেশ ও দশের সেবা না করে কেবল নিজের চিন্তাই করেছ, এমন কোন অন্যায় নাই যা করতে তুমি পিছু পা হওনি। বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তোমাকে রাজা, বাদশা, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন দেশ তথা বিশ্ববাসীর সার্বিক উন্নয়নের জন্য, কিন্তু তুমি কি করেছ মানব সন্তান ? মানুষের বাক স্বাধীনতা হরণ করেছ, মানব সন্তানকে বন্দি করে, খুন করে নানা ছলেবলে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করেছ।
অন্য দেশের নিরীহ জনগণের উপর হামলা চালিয়েছ, যাদের মেধাবী করে পাঠিয়েছিলেন, তাদের মেধাকে মানবকল্যাণে কাজে না লাগিয়ে তাদের দ্বারা মরণাস্ত্র বানিয়েছ, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছ। সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি বলেই বিধাতা তোমাকে বিপুল বিত্ত-বৈভব দিয়েছেন, কিন্ত ভেবে দেখ তুমি কি করেছ ? বিশাল বিত্ত বৈভবের মধ্যে ডুবে থেকে আনন্দ-ফুর্তিতে মশগুল হয়েছ, অসহায়-নিপীড়িতদেরকে সহায়তা করার পরিবর্তে সম্পদের অপচয় করেছ। খাবারের ক্ষেত্রেও হালাল-হারামের তোয়াক্কা করনি, খোদাতায়ালার সবচেয়ে অপছন্দ সমকামীতা- এটাকেও সুপ্রতিষ্ঠিত করেছ। জন্মালেই যে মরতে হবে একথা তোমার স্মরণে আসলেও মুহুর্তের মধ্যে তা ভুলে গেছ। তোমার হাত দিয়েছেন কল্যাণের জন্য, পা দিয়েছেন সু পথে চলার জন্য, চক্ষু দিয়েছেন ভাল কিছু প্রত্যক্ষ করার জন্য, মুখ দিয়েছেন সত্য বলার জন্য, বিবেক দিয়েছেন ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এসবের প্রতিও তুমি সু আচরণ করোনি।
সারা জগতের সৃষ্টিকর্তা মানব সন্তানের সুখের জন্য প্রকৃতিকে সুন্দর করে সাজিয়েছেন। কিন্তু হে মানব সন্তান-স্রষ্টার সৃষ্টির প্রতি তুমি কেমন আচরণ করছ একবারও কি ভেবে দেখেছ ? অপরুপ, মনোরম এই সুন্দর পৃথিবীকে তুমি নানাভাবে ক্ষত বিক্ষত করছ। কল্পনাতীত সুখ ভোগের জন্য যত্রতত্রভাবে আবর্জনা ফেলে, পরিকল্পনাহীনভাবে কলকারখানা বানিয়ে বায়ুমন্ডলকে দূষিত করছ, পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে পৃথিবীকে মহাবিপর্যের দিকে ঠেলে দিচ্ছ. স্বার্থের জন্য যুদ্ধ করে মানবতার চরম লংঘন করছ, অন্যের সম্পদ লুণ্ঠনের জন্য নানা অপকর্ম করতেও পিছপা হচ্ছনা। মহান সৃষ্টিকর্তা নদ নদী, সমুদ্রকে স্বচ্ছ পানি আর নানা সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছেন, কিন্তু তুমি এর সদ্ব্যবহার করতে পারনি। সৃষ্টিকর্তার সৃষ্টি যে অপরুপ প্রকৃতি, নির্মল বায়ু, নানারকম গাছপালা ও ভারসাম্য রক্ষার জন্য হাজার হাজার প্রজাতির বন্যপ্রাণী তোমাকে দেওয়া হয়েছে সুখ ভোগের জন্য। অথচ তুমি কি করেছ ? নির্বিচারে গাছপালা- বন ধ্বংস করছ, বসতি-কলকারখানা স্থাপন করে, পাহাড় কেটে প্রকৃতির উপর এখনও চরম নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছ। উদর পূর্তি ছাড়াও অকারণে কোটি কোটি বন্যপ্রাণী হত্যা করছ, অনেক প্রজাতি বিলুপ্তর পিছনে তোমার নেতিবাচক কাজগুলো প্রভাবক হিসেবে কাজ করেছে। ধর্মের নামে বিশ্বব্যাপী এখনও লক্ষ লক্ষ মানুষ হত্যা করে হাতকে রক্তে রঞ্জিত করে যাচ্ছ।
অথচ হে মানব সন্তান, সৃষ্টির সেরা জীব-যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার এসকল কর্মকান্ড দেখে তিনি মর্মাহত হয়েছেন। তিনি চরম দয়ালু ও ক্ষমাশীল বলেই তোমার এতসব অন্যায় কর্মকান্ডকে নিরবে সহ্য করেছেন। কিন্তু কতদিন ? তোমার বেপরোয়া আচরণ ও ক্ষমাহীন কর্মকান্ডকে রুখে দেওয়ার জন্য, তোমাকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনার জন্য মাঝে মাঝে ঝড়-ঝঞ্ঝা, ভুমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, মহামারী, খরা, হিমাবহ, অনাবৃষ্টি, রোগ-বালাই ইত্যাদি উদারহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন। পৃথিবীতে মানুষ সৃষ্টির শুরু থেকেই মানুষকে যত ভালবেসেছেন, মনুষ্য জাতি ততই বেপরোয়া হয়ে উঠতে কৃপা করেনি। নানাভাবে উদাহরণ দিয়েও যখন মনুষ্য জাতিকে ক্ষান্ত করা যায়নি, সৃষ্টিকর্তার ধৈর্য্যর সীমা যখন ছাড়িয়ে গেছে তখনই সৃষ্টিকর্তা মহা উদাহরণ সৃষ্টি করেছেন যাতে করে পরবর্তী বংশধররা এসব উদাহারণ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সৃষ্টিকর্তার ইচ্ছায় বহু সভ্যতা যেমন মিশরীয় সভ্যতা, ব্যাবিলিনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মহেঞ্জদারো, হরপ্পার সভ্যতা, মায়া সভ্যতা ইত্যাদি চিরতরে হারিয়ে গেছে তেমনই ফেরাউন, কুবলাই খা, চেঙ্গিশ খা ইত্যাদির মত মহা শক্তিশালী ক্ষমতাধর ব্যাক্তিদের দাম্ভিকতাকে সম্পূর্ণভাবে চুর্ণ-বিচর্ণ করে দিয়েছেন।
এক স্থানে মহামারী, আরেক স্থানে বন্যা, কোন স্থানে খরা, দুর্ভিক্ষ আবার অন্য স্থানে ভূমিকম্প, জলোচ্ছাস ইত্যাদির মাধ্যমে ছোটখাট সতর্ক বার্তা দিয়ে মানব সন্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। সৃষ্টিকর্তা যুগে যুগে মহামানব প্রেরণ করেছেন, বিভিন্ন গ্রন্থ দিয়ে মনুষ্যজাতিকে নিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেছেন। এসব কিছুই হয়েছে সৃষ্টিকর্তার একান্ত নিজের ইচ্ছাতেই, পৃথিবীর সার্বিক মঙ্গলের জন্যই। পৃথিবীতে যখনই মানবতার চরম লংঘন হয়েছে, হাজার হাজার উদাহরণ, সতর্কবার্তা দিয়ে ও ক্ষমা করেও মহান প্রভু দেখেছেন তার প্রিয় বান্দা সতর্কবার্তার প্রতি ভ্রুক্ষেপ করছে না , সু পথে ফিরে আসছে না, তখনই ক্ষমাশীল মহান আল্লাহতায়ালা আজকের করোনা ভাইরাসের মত সতর্কবার্তা সৃষ্টি করেছেন। ইতিপূর্বে স্প্যানিস ফ্লু, ুইবোলা, সার্স ভাইরাস, হেপাটাইটিস বি, হান্টা ভাইরাস, এইডস এসব কিছুই মহান আল্লাহতায়ালার এক একটি সতর্ক বার্তা যা মানুষকে ভালোর পথে চালিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
আজ করোনা ভাইরাসের জন্য মনুষ্য জাতি চরমভাবে ভীত, যার বিরুদ্ধে মহাযুদ্ধ শুরু করেছে সর্বশক্তি দিয়ে। হে মানব জাতি তুমি এর চেহারা ও বিপুল বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে হয়ত জ্ঞাত ছিলে না, কিন্তু একদিন না একদিনএ ধরনের কোন না কোন শক্তির মোকাবেলা তোমাকে করতেই হবে একথা তো তোমার অজানা ছিলনা। তুমি হয়ত আমাকে দোষারোপ করছ, তোমার কাছে মনে হচ্ছে আমি মনগড়া কথা বলছি। না মোটেই না।
হে মানব জাতি এখনও সতর্ক হও। আজকের এই করোনা ভাইরাস -সৃষ্টিকর্তার বড় সতর্কবার্তা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পিছনে আমাদের কর্মফলই দায়ী। অতীতে যুগে যুগে তিনি যেসব সতর্কবার্তা দিয়েছিলেন, এই করোনা ভাইরাস সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমনই একটি সতর্কবার্তা যা মানুষের কৃতকর্মের জন্যই আবির্ভূত হয়েছে।
হে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এখনও সময় আছে, অসীম দয়ালু মহান আল্লাহতায়ার কাছে নত হই, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টির মধ্যেই ক্ষতিকর জীবানু ধ্বংসের উপাদান দিয়েছেন, মেধাবী মানব সন্তান সৃষ্টিকর্তা প্রদত্ত মেধার ব্যাপক অনুশীলন করে এসব ভাইরাস প্রতিরোধের কৌশল আয়ত্ব করে পৃথিবীকে যেমন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবেন, তেমনই বিশ্ববাসী খোদা প্রদক্ত এই সতর্কবার্তাকে উদাহরণ হিসেবে গ্রহণ করে মহান প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে সুন্দর, মনোরম পৃথিবী নতুন করে গড়ে তুলবেন নিশ্চয়ই। মানব সন্তান বিভেদ, বিদ্বেষ, অন্যায়-অত্যাচার ইত্যাদি ভুলে গিয়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সাম্য এবং বিশ্বব্যাপী মানবতা প্রতিষ্ঠা করে ক্ষুধামুক্ত চির শান্তির নতুন পৃথিবী গড়ে তুলবেন এই প্রার্থনা আজকের এই মহা দুর্দিনে সকল বিশ্ববাসীর। নিশ্চয়ই মহান রাব্বুল আলামীন অসীম দয়াময় যিনি এই মহা জগত পরম ভালবাসায় নিপুন হস্তে বিশাল সৌন্দর্য দিয়ে গড়ে তুলেছেন, তিনি তারই তৈরি মখলুকাতের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবেন। তিনি পরম করুনাময়, ক্ষমাশীল ও অসীম দয়াময়।
লেখক: শিক্ষা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক










