লাইফ স্টাইল

কমে যাওয়া ওজন আবার বেড়ে গেলে

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ওজন কমানোর কিছুদিন পরই ওজন বেড়ে যাচ্ছে—এমন সমস্যা শোনা যায়। কারও কারও বেলায় তো সমস্যা আরও ভয়াবহ। ওজন কমানোর আগে যা ছিল, কিছুদিন পর বেড়েছে তার থেকেও অনেক বেশি। এমন সমস্যায় পড়লে কী করবেন, সে ব্যাপারে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, ওজন কমানোর জন্য শুধু ডায়েট করলেই হবে না। পাশাপাশি ব্যায়াম করাও জরুরি। একজন মানুষ সারা দিনে যে পরিমাণ খাবার খাচ্ছে, সে পরিমাণ ক্যালরি যদি খরচ করা যায়, তবে কারোরই ওজন বাড়বে না।
সমস্যা হচ্ছে তাড়াহুড়া করে ওজন কমানোর আগ্রহ আর সে জন্য কিছু অসচেতনতামূলক পদ্ধতি গ্রহণের জন্য পরে কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে।
ওজন কমানোর সময় খাবারের সমতা না থাকলে অনেক সময় শরীরে ভিটামিন ডি, মিনারেল, প্রোটিনসহ নানা ধরনের পুষ্টির ঘাটতি তৈরি হয়। এ থেকে পরে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয়, শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, প্রেশার কমে যায় বা অন্যান্য শারীরিক সমস্যা খুব প্রকট হয়ে যায়। সে ক্ষেত্রে পরে শরীরের ঘাটতি পূরণে বেশি পরিমাণে খাবার খেতে হচ্ছে বা ওজন কমে যাওয়ার সময় বন্ধ রাখা খাবার খাওয়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। তাই ওজনও কিন্তু বেড়ে যাচ্ছে। শরীরের চাহিদা পূরণে যা দরকার তা কিন্তু খেতেই হবে। সঠিক পুষ্টি না পেলে শরীর খারাপ করবে। ডায়েট কোনো কাজেই আসবে না। আর শারীরিক পরিশ্রমের বিকল্প নেই একদম।
অনেক সময় ওজন কমে যাওয়ার পর আর ব্যায়াম না করার একটা প্রবণতা দেখা যায়। অনেকেই ভাবে, ওজন তো কমেই গেছে, এখন আর কেন? তাই একদিকে শারীরিক পরিশ্রমের অভাব, অন্যদিকে খাবারের প্রতি বাড়তি আগ্রহই পরে ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
নানা ধরনের খাবার গ্রহণের সময় যদি তার ক্যালরি হিসাব করে খাওয়া হয় আর খাবার শেষ করার পর একটু হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি বা যেকোনো ধরনের শারীরিক পরিশ্রম করা যায়, তাহলেই কিন্তু ওজন বেড়ে যাওয়ার ভয়টা আর থাকছে না।

সূত্র : বাংলাট্রিবিউন