সিল্কসিটিনিউজ ডেস্ক:
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতালের সিসি ক্যামেরায় দেখা গেছে, এক নারী নবজাতককে চুরি করে নিয়ে যায়।
নবজাতকের মা মরিয়ম বেগম হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসাধীন। গত মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন।
মরিয়ম জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের রাজমিস্ত্রি শামিম মিয়ার স্ত্রী।
নবজাতক শিশুর পরিবার, স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিজের সন্তান নিয়ে শুয়ে ছিলেন মরিয়ম। সেসময় ৪৫ বছর বয়সী বোরকা পরা অজ্ঞাতপরিচয়ের এক নারী কাছে এসে মরিয়মের মাথায় হাত বোলান। কথা বলার ফাঁকে মরিয়মের দুইদিন বয়সী শিশুকে কোলে নিয়ে শয্যার পাশে বসেন ওই নারী। মরিয়ম শয্যা থেকে ওঠে ওয়ার্ডের বাইরে গিয়ে স্বামী শামীম মিয়ার খোঁজ করেন।
এসময় ওই নারীও নবজাতককে কোলে নিয়ে মরিয়মের পেছনে পেছনে যান। কথা বলার এক পর্যায়ে কৌশলে নবজাতককে কোল নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও হাসপাতালের চিকিৎসকরা গাইনি ওয়ার্ডে ছুটে আসেন।
মরিয়মের মা মমতা বেগম বলেন, আমি বাথরুমে যাই। দুই মিনিটের মধ্যে ফিরে এসে দেখি আমরা নাতি ও নারী নাই।
আমার নাতিকে ফেরত চাই।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহীনুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশের একাধিক দল নবজাতক উদ্ধারে মাঠে কাজ করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।









