সিল্কসিটিনিউ ডেস্ক: বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সাভারে হাসান নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। সে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আশুলিয়ার দক্ষিণ বাইপাল এলাকার হারুন উর রশিদের ছেলে হাসান। তার অভিযোগ,বন্ধুরা তার ছেলেকে সাভারে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
হাসানের এক বন্ধু ও তার পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হাসান তার চার বন্ধুর সঙ্গে সাভারের বিপিএটিসি এলাকায় বেড়াতে যায়। বিকাল ৪টার দিকে তারা ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকার মূল ফটকের সামনে পৌঁছায়। সেখানে আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসানকে ফেলে রেখে চলে যায় তারা। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে কী নিয়ে কথা কাটাকাটি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: বাংলাট্রিবিউন










