সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলটকে সহ-পাইলট ছুরিকাঘাত করার পর এ সিদ্ধান্ত নেয় এয়ারলাইনটি।
পরে উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট স্থগিত থাকবে বলে জানিয়েছে ফ্লাইদুবাই।

এয়ারলাইনটির এক মুখপাত্র বলেন, ‘যাত্রী, কর্মী ও কার্যক্রমের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় দিতেই সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও বিকল্প ব্যবস্থা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছে এয়ারলাইনটি।
ইসরায়েলি নাগরিকদের কাছে দুবাই-তেল আবিব রুটটি বেশ জনপ্রিয়। এ রুটে প্রতিদিন দুই দিক মিলিয়ে প্রায় ১০টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইদুবাই।










