সিল্কসিটিনিউজ ডেস্ক :
এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে একটি সামরিক ড্রোন বিস্ফোরিত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটি। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি। ড্রোনটি ইউক্রেনের বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র বাল্টিক এ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তার্তুর কাছে এক কৃষক ড্রোনের ধ্বংসাবশেষ ও একটি গর্ত দেখতে পান।

এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (আইএসএস) মহাপরিচালক মারগো পাল্লোসন জানান, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার ভেতরের কোনো লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে পাঠানো ইউক্রেনীয় ড্রোন ছিল। রাশিয়ার জিপিএস জ্যামিং ও অন্যান্য ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির কারণে ড্রোনটির গতিপথ পরিবর্তিত হয়ে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে।’
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এক্সে এক পোস্টে জানান, রাশিয়া দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে বিমান ও নৌ চলাচল বিঘ্নিত করতে জিপিএস জ্যামিং ব্যবহার করছে।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো একাধিকবার যুদ্ধে ব্যবহৃত উভয় পক্ষের ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের ঘটনা জানিয়েছে।
গত সপ্তাহে পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি মাঠে রুশ ড্রোন পড়ে বিস্ফোরণের ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো ও পোল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার ‘উসকানি’ বলে নিন্দা জানান। সে ঘটনাটিতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই সময় ওয়ারস জানিয়েছিল, ‘রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়াসহ প্রায় সব ন্যাটো দেশেই ড্রোন অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক রাষ্ট্র, পোল্যান্ড, রোমানিয়া ও বুলগেরিয়ায় এসব ঘটনা বেশি।
’
এর আগে ২০২২ সালের নভেম্বরে, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের সীমান্তবর্তী প্রেজভোদভ গ্রামে পড়ে বিস্ফোরিত হলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।










