সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা নিয়ে কয়েক দিন আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওই বিতর্কের রেশ না কাটতে কাটতেই এখন আবার বিতর্ক উঠেছে তাঁর চিকিৎসা নিয়ে।
বিএনপি পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লুকোচুরি করছে। একই সঙ্গে বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসা তাঁর ব্যক্তিগত চিকিৎসক দিয়ে পছন্দের হাসপাতালে হতে হবে। কিন্তু কারা কর্তৃপক্ষ বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাঁকে কারাবিধি লঙ্ঘন করে অন্য কোনো চিকিৎসক কিংবা হাসপাতালে নিতে হবে। তবে খালেদা জিয়ার পছন্দমতো চিকিৎসা হওয়ারও উপায় রয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে আগের মতোই একই ভুল করা হচ্ছে। মামলা মোকাবেলায় জামিন নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা যে ভুল করেছেন তার খেসারত দিতে হচ্ছে বর্তমানে। একইভাবে চিকিৎসা নিয়েও একই ধরনের ভুল করা হচ্ছে। কারাগারে বন্দি কোনো আসামির পছন্দমতো চিকিৎসার ব্যবস্থা করতে হলে আদালতের মাধ্যমে আবেদন করতে হয়। আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেই এ সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপির পক্ষ থেকে এ ধরনের বিধি মোতাবেক কিছু না করে বারবার দাবি করা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও পছন্দের হাসপাতালের কথা। এ ধরনের দাবির ওপর ভিত্তি করে সরকার কিংবা কারা কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না।

এমন পরিস্থিতির মধ্যেই গতকাল শনিবার বন্দি হওয়ার দুই মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে এনে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর আবার কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করার দাবি করা হচ্ছে এ কারণে, ইতিপূর্বে বন্দি বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর নজির আছে। কিন্তু এ জন্য বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। দুইবার বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি আর দশজন মানুষের মতো নন। এমন একজন সম্মানিত ব্যক্তির সুচিকিৎসার জন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট। কোথাও আবেদন করার প্রয়োজন পড়ে না। কিন্তু সরকার ওই সদিচ্ছা দেখাচ্ছে না।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ-৫-এর আদালত খালেদা জিয়াকে কারাদণ্ড দেন। সেই থেকে তাঁকে ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাও চলছে। গত ২৮ মার্চ ওই মামলার শুনানিতে খালেদা জিয়াকে হাজির করার তারিখ ধার্য ছিল; কিন্তু তাঁকে হাজির করা হয়নি। ওই দিন কারা কর্তৃপক্ষ আদালতকে জানায়, খালেদা জিয়াকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা যায়নি। এরপর গত ৫ এপ্রিলও মামলার শুনানি ছিল। সেদিনও একই তথ্য জানিয়ে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে আদালতে পাঠায়নি। এর পর থেকেই খালেদা জিয়াকে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।
অন্যদিকে সরকার কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা দিচ্ছে বলে জানিয়ে আসছে। গতকাল শনিবারও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আপাতত তিনি সুস্থ আছেন বলে মেডিক্যাল বোর্ড মতামত দিয়েছে। তবে সেখানে সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সরকারের এই চিকিৎসাব্যবস্থার প্রতি তাঁদের আস্থা নেই।
আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক জনসভায় বলেছেন, খালেদা জিয়ার দণ্ড, কারাবাস সবই হচ্ছে আদালতের সিদ্ধান্তে। তাঁর চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে ‘জেলকোড’ বা কারাবিধি অনুযায়ী। ওবায়দুল কাদের আরো বলেছেন, অসুস্থতার ধরন দেখে চিকিৎসকরা যে সিদ্ধান্ত নেবেন, কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ঠিক সেভাবেই তাঁর চিকিৎসার ব্যবস্থা হবে।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বরিশালে এক জনসভায় বলেছেন, চিকিৎসার নামে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে সেখানে আর কোনো বন্দি রাখা হয় না। স্যাঁতসেঁতে একটি কারাগারে তাঁকে রাখা হয়েছে।
বাংলাদেশে কারাবিধি হচ্ছে কারাগার ও অধস্তন কারাগারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার প্রণীত বিধান। ১৮৯৪ সালের কারাগার আইন এবং এ আইনের ৫৯ ও ৬০(ক) ধারার অধীন প্রণীত বিধিসমূহ, ১৯০০ সালের কারাবন্দি আইন এবং ১৯২০ সালের কারাবন্দি শনাক্তকরণ আইনের বিধান সমন্বয়ে কারাবিধি (জেলকোড) গঠিত।
১৮৯৪ সালের কারাগার আইনে (প্রিজনার অ্যাক্ট) বলা হয়েছে, কারা সুপারিনটেনডেন্টের নিয়ন্ত্রণ এবং মহাকারাপরিদর্শকের সাধারণ নিয়ন্ত্রণ সাপেক্ষে কারা স্বাস্থ্য কর্মকর্তা কারাগারের স্বাস্থ্যরক্ষা প্রশাসনের দায়িত্বে থাকবেন। কারাবন্দিদের স্বাস্থ্য ও কারাগারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে। তিনি মাঝেমধ্যে কয়েদিদের খাদ্যতালিকা পরিবর্তন করবেন এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের জন্য বিশেষ খাদ্য সরবরাহের নির্দেশ দিতে পারবেন। তিনি হাসপাতালে ভর্তীকৃত কয়েদিদের প্রতিদিন দেখাশোনা করেন, অসুস্থ কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনবোধে তাদের হাসপাতালে ভর্তি করেন। মেডিক্যাল সহকারী হাসপাতালে কারাবন্দিদের চিকিৎসা ও পরিচর্যাসংশ্লিষ্ট কাজ এবং কম্পাউন্ডার ও সেবাদানকারী অনুষঙ্গীদের কাজের তত্ত্বাবধানে চিকিৎসা কর্মকর্তাকে সহায়তা করবেন। তাঁকে কারাগারের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অবস্থা নিশ্চিত করতে হয়।
এই আইনের ৩৭(১) ধারায় বলা হয়েছে, বন্দির দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য সহকারী বা দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা যদি কোনো বন্দির শারীরিক সমস্যা দেখেন, তাহলে তিনি অবশ্য তা জেলারকে জানাবেন। ২ উপধারায় বলা হয়েছে, জেলার সঙ্গে সঙ্গে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে জানাবেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে লিখিত আদেশ দেবেন। স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসার ব্যবস্থা নেবেন। একই আইনের ৩৮ ধারায় বলা হয়েছে, অসুস্থ বন্দির চিকিৎসা, তার ওষুধ সরবরাহ করবেন। তার পরামর্শ অনুযায়ী জেলার সরকারের দিকনির্দেশনা নেবেন। রোগীকে সুস্থ করার সব ধরনের পদক্ষেপ নেবেন। ৩৯ ধারায় বলা হয়েছে, অসুস্থ বন্দিকে সুস্থ করার জন্য হাসপাতাল ও যথাযথ স্থানে স্থানান্তর করবে কারা কর্তৃপক্ষ। সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। এ আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। তবে কারাবিধিতে পরে বন্দির চিকিৎসার জন্য যেকোনো ব্যবস্থা কারা কর্তৃপক্ষ নিতে পারে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, যেকেনো আবেদনে আদালতই প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দিতে পারেন। আসামির পক্ষ থেকে আদালতের শরণাপন্ন না হয়ে বা কোনো ক্ষেত্রে আবেদন না জানিয়ে মৌখিকভাবে সরকারের কাছে বিভিন্নরূপ দাবি জানানো রাজনৈতিক বক্তব্য ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নয়। এ ছাড়া এরূপ দাবির ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বা সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। শ ম রেজাউল আরো বলেন, যদি বন্দির অবস্থা কারাগারে খারাপ হয় এবং চিকিৎসকরা যদি মনে করেন বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন তাহলে সে ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারে। কারণ সরকারের মানবিক দায়িত্ব কয়েদির সুচিকিৎসা করার। চিকিৎসা তো চলছে। এখনই যদি বাইরে চিকিৎসা করতে চান তাহলে আদালতের শরণাপন্ন হতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, কারাবিধি অনুযায়ীই চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ করবে। যতক্ষণ নিজস্ব চিকিৎসক দ্বারা কোনো কারাবন্দির চিকিৎসা করা সম্ভব হবে ততক্ষণ তাঁরাই চিকিৎসা করবেন। যখন বন্দির অবস্থা নিজেদের চিকিৎসার আওতার বাইরে চলে যাবে তখন হাসপাতালে স্থানান্তরের প্রশ্ন উঠবে। তবে তিনি বলেন, কারাগারে সাধারণত কোনো বন্দির স্বাস্থ্যগত অবস্থা খারাপ হলে সরকারি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়। যদি সেখানেও সুচিকিৎসা করা সম্ভব না হয়, তখন আরো উন্নত চিকিৎসার জন্য যেকোনো হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব। সে ক্ষেত্রে কয়েদির অবস্থা বিবেচনা করে তার পক্ষে যথাযথ আদালতের শরণাপন্ন হওয়া যায়। আদালত এ ক্ষেত্রে নির্দেশনা দিতে পারেন।
এদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কালের কণ্ঠকে বলেন, কারাবন্দিদের চিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ বা পছন্দমতো হাসপাতালে স্থানান্তরে কারাবিধিতে নিষেধ নেই। আগেও অনেক ক্ষেত্রে এমন অনেককেই চিকিৎসা দেওয়া হয়েছে। এক-এগারোর সরকারের সময় গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। কারাগার থেকেই তাঁকে ল্যাবএইডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর ব্যক্তিগত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। এখন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার কারাবিধির কথা উল্লেখ করে তাঁর সুচিকিৎসার ব্যাঘাত সৃষ্টি করছে।
আপনারা আদালতে আবেদন করছেন না কেন—এমন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার খোকন বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি। সরকারই ব্যবস্থা নিতে পারে। আদালতে যাওয়ার প্রয়োজন হলে যাব। সেখানে আবেদন জানাব। ’
খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর তাঁর সঙ্গে ব্যক্তিগত গৃহকর্মী দেওয়া হয়েছে। কারাবিধিতে ব্যক্তিগত গৃহকর্মী দেওয়ার বিধান নেই। কিন্তু আদালত অনুমতি দেওয়ায় খালেদা জিয়া নিজের গৃহকর্মী সঙ্গে রাখার সুযোগ পেয়েছেন। কাজেই খালেদা জিয়ার চিকিৎসকের বিষয়েও আদালতের নির্দেশনা চাইতে পারেন আইনজীবীরা।
কারাগারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিআইপি বন্দিদের ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে বাইরে চিকিৎসার ব্যবস্থা করা যায়। খালেদা জিয়ার জন্য মন্ত্রণালয়ে অনুমোদন নিতে হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা মতামত দিয়েছে। প্রয়োজন হলে বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কোনো আবেদন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আদালত আদেশ দিলেও কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে থাকে।
সূত্র: কালের কন্ঠ










