সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
মতামত

এবারের ঢাকা সিটি কর্পোরেশনের জয়ী মেয়রদের কর্তব্য

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২০৬ মিনিট পড়া
এবারের ঢাকা সিটি কর্পোরেশনের জয়ী মেয়রদের কর্তব্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন গত শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যাশিত ফলই ঘোষিত হয়েছে। অর্থাৎ উত্তর ও দক্ষিণেও আওয়ামী লীগের প্রার্থীদেরই জয়লাভ ঘটেছে। বিএনপির প্রার্থীদের চেয়ে জয়ী প্রার্থীদের ভোটের ব্যবধান দুই লাখের মতো।

তবে বিএনপির প্রার্থীরাও কম ভোট পাননি। দু’জন প্রার্থীই দু’লাখের মতো করে ভোট পেয়েছেন। লক্ষণীয় ব্যাপার হল- এবার ভোটদানে ভোটারদের নিম্নতম হার।

প্রথমেই বিজয়ী দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে অভিনন্দন জানাই। আশা করব, নির্বাচনী প্রচার চলাকালে তারা নানা সমস্যায় জর্জরিত ঢাকার নগরবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর একশ’ ভাগ না হলেও অন্তত ৮০ ভাগ পূরণে যত্নবান হবেন।

ইংরেজিতে একটা কথা আছে, ‘ইলেকশন-প্রমিজ’; যে প্রমিজ কেউ কখনও পূরণ করে না। এটা যেন এবারও না ঘটে, সে সম্পর্কে তারা যেন সতর্ক থাকেন।

ব্যারিস্টার ফজলে নূর তাপস রাজনীতিতে নতুন মুখ নন। তিনি একটি পোড়খাওয়া রাজনৈতিক পরিবার থেকে এসেছেন এবং সংসদ সদস্য হিসেবেও জনমনে স্থান করে নিয়েছেন। ঢাকা নগরীর সমস্যাগুলো তিনি জানেন, তার বিস্তারিত বিবরণ এখানে দেয়ার প্রয়োজন নেই।

এত উন্নয়ন এবং সম্প্রসারণ সত্ত্বেও ঢাকা নগরী জঞ্জালনগরী রয়ে গেছে। কেউ কেউ বলেন, প্রাণহীন কংক্রিটের নগরী।

পঞ্চাশের দশকে পণ্ডিত নেহেরু কলকাতা শহরে এসে বলেছিলেন, ‘কলকাতা দুঃস্বপ্নের নগরী’, দীর্ঘকাল পরে কলকাতা অবশ্য আর দুঃস্বপ্নের নগরী নেই। রাজপথের সেই দুর্গন্ধময় জঞ্জাল অপসারিত হয়েছে। সেই ভয়ংকর যানজট আর নেই।

ঢাকায় গত ডিসেম্বর মাসে গিয়ে দেখেছি, ঢাকা নগরী আগের চেয়ে অনেকটা জঞ্জালমুক্ত কিন্তু যানজট আগের মতোই। এয়ারপোর্ট থেকে উত্তরা যেতে কখনও কখনও আড়াই ঘণ্টা লাগে।

তার ওপর প্রধানমন্ত্রী যখন কোথাও যাতায়াত করেন, তখন তার নিরাপত্তার জন্য প্রায় সারা নগরী অচল হয়ে পড়ে। প্রধানমন্ত্রীকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে; কিন্তু তাতে যানজটে বন্দি সাধারণ মানুষের নিরাপত্তা ও যাতায়াত যাতে বিঘ্ন্নিত না হয় সেদিকেও দৃষ্টি রাখা উচিত।

অবশ্য বিষয়টি সিটি কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। তবু বিষয়টি নতুন মেয়রদের অবগতির জন্য লিখলাম।

এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখনও মরা ঘোড়া নয়, তেমন নির্বাচনী প্রচারণা নেই, ভোটকেন্দ্রে তেমন পোলিং এজেন্ট নেই, তবু বিএনপি দু’লাখ করে ভোট পেয়েছে। এটা কম কথা নয়।

আওয়ামী লীগের দুই মেয়র ব্যারিস্টার তাপস এবং আতিকুল ইসলাম এতটাই যোগ্য প্রার্থী যে, তাদের সঙ্গে লড়ে বিএনপির প্রার্থী সাদেক হোসেন খোকার ছেলে এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে জয়ী হবেন- এটা আমি কখনই আশা করিনি।

একজন সাবেক এক মেয়রের ছেলে, আরেকজন এক বিতর্কিত শিল্পপতির ছেলে- এই পরিচয় ছাড়া মেয়র হওয়ার জন্য যোগ্যতার আর কোনো পরিচয়ই নেই। তবু দুই প্রার্থী যে বিপুল ভোট পেয়েছেন, তা তাদের যোগ্যতায় নয়; পেয়েছেন বিএনপির যে জনপ্রিয়তা এখনও দেশে অবশিষ্ট আছে তার দৌলতে।

এবার সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী তেমন উৎসাহ দেখায়নি। ভোটদাতাদের হার ছিল ২৫ থেকে বড়জোর ৩৩ শতাংশ। এর কারণ কী? তাহলে কি ঢাকা নগরীর ভোটদাতারা তাদের নাগরিক অধিকার প্রয়োগে উৎসাহ হারিয়ে ফেলেছেন? আমার কাছে এই প্রশ্নের জবাব হিসেবে প্রাথমিকভাবে দুটি কারণ মনে হয়েছে।

একটি বিএনপি নির্বাচনে জয়ী না হলেও প্রচারণায় জয়ী হয়েছে। এই প্রচারণাটি ছিল নির্বাচন সুষ্ঠু হবে না। ছাত্রলীগ ও যুবলীগের এক শ্রেণির নেতাকর্মী আগেই ভোটপাত্রে ছাপ্পা মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করে রাখবে। এই প্রচারণায় বিশ্বাস করে অনেক ভোটদাতা হয়তো ভেবেছেন, ভোট দিতে গিয়ে কী লাভ হবে?

আওয়ামী লীগ প্রার্থী তো এমনিতেই জয়ী হয়ে আছেন। দ্বিতীয় কারণ, এদিন গাড়ি চলাচল বন্ধ রাখা। ফলে অনেক ভোটদাতা, বিশেষ করে, অক্ষম, বৃদ্ধ, নারী, হেঁটে গিয়ে ভোট দিতে উৎসাহবোধ করেননি।

তবে সিটি কর্পোরেশনের এই নির্বাচনে কম ভোটদাতার উপস্থিতি আরেকটা ব্যাপার আমাদের বিবেচনায় এসেছে। অনেক নির্বাচনে দেখা গেছে, কোনো কোনো প্রার্থীর পক্ষে প্রদত্ত ভোট ভোটদাতাদের তালিকাভুক্ত সংখ্যার চেয়েও বেশি। বুঝতে বাকি থাকে না, সেখানে ছাপ্পা ভোট বেশি পড়েছে।

ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচনে মনে হয়, ভোটদানে নাগরিকদের উৎসাহের অভাব তো ছিলই, সেই সঙ্গে ছাপ্পা ভোটও এবার পড়তে পারেনি। সুতরাং এখন বিএনপি বা তথাকথিত ঐক্যফ্রন্ট যদি দাবি করে ছাপ্পা ভোটের ফলে তাদের প্রার্থী হেরেছে, সেটা তারা প্রমাণ করতে পারবেন না।

আওয়ামী লীগ সরকার ঢাকা শহরকে কসমোপলিটন নগরী হিসেবে গড়ে তুলেছে- এ কথা স্বীকার্য। কিন্তু একটি অপরিকল্পিত ও অব্যবস্থাপূর্ণ নগরীর দুর্নাম মুক্ত করতে পারেনি। সাম্প্রতিক ডেঙ্গু মহামারীর সময়ে সিটি কর্পোরেশনের সাবেক দুই মেয়রই দায়িত্ব পালনে অমার্জনীয় অবহেলার পরিচয় দেখিয়েছেন।

ওয়াসার সরবরাহকৃত পানি দূষিত, বাড়িঘর নির্মাণ অপরিকল্পিত, যানজট এখনও ভয়াবহ, পরিবেশ দূষণ ও পলিথিনের সমস্যা এখনও প্রকট। ভেজাল খাদ্যের সমস্যা এখনও মেটেনি। নতুন ও পুরনো নগরীর বিভিন্ন স্থানে জুয়া ও মাদকদ্রব্যের আড্ডাগুলোয় সংখ্যা এখনও কমেনি।

শুদ্ধি অভিযানের পরও ক্যাসিনো এখন আবার পূর্বাবস্থায় অনেকটাই ফিরে এসেছে।

ঢাকা সিটি কর্পোরেশনের একটির সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক ঢাকা নগরের উন্নয়নে যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু সেই প্রয়াত মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়েও বলি, তিনি ঢাকা নগরকে তিলোত্তমাকরণ সীমাবদ্ধ রেখেছেন এয়ারপোর্ট এবং মিলিটারি এরিয়ার মধ্যে।

এই এলাকা দিয়ে যাতায়াতের সময় দৃষ্টিনন্দন ঢাকাকে মনে হয় প্যারিস। কিন্তু তার বাইরে এলেই মনে হয় স্বর্গ থেকে পতন। কলকাতার উন্নয়নে কলকাতা সিটি কর্পোরেশন এটা করেনি। শহরটিকে জঞ্জালমুক্ত করতে গিয়ে উন্নয়নের ছোঁয়া সব জায়গাতেই পড়েছে; শুধু সুবিধাভোগী ও ক্ষমতাসীন মানুষের আবাসস্থলেই পড়েনি।

অবশ্য ঢাকা মহানগরীর যেসব সমস্যা রয়েছে, তার সবই সমাধান করা সিটি কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। এখানে কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব পালন দরকার।

এই দায়িত্ব পালনে সিটি কর্পোরেশন দুটির সঙ্গে যদি কেন্দ্রীয় সরকারেরও উদ্যোগ ও পরিকল্পনা যুক্ত হয় এবং নগর উন্নয়নকে দুর্নীতিমুক্ত রাখা যায় তাহলে সম্ভবত ঢাকা নগরকে সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের চেয়েও আকর্ষণীয় করে তোলা যায়। কিন্তু কথা হল, রাধা সম্ভবত নাচতে প্রস্তুত। কিন্তু নয় মণ তেল জোগাবে কে?

ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে কলকাতার চেয়েও ঢাকা গৌরবমণ্ডিত। কলকাতার ইতিহাস চারশ’ বছরের। ঢাকার ইতিহাস দু’হাজার বছরের। তার ইতিহাস এতই বৈচিত্র্যপূর্ণ যে, উপমহাদেশের আর কোনো শহরের ইতিহাস তার তুল্য নয়।

এই মহানগরকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলতে পারলে গোটা এশিয়ারই শিল্প-সভ্যতার একটি গৌরবজনক কেন্দ্র হতে পারে ঢাকা। এই কাক্সিক্ষত ঢাকা গড়ে তোলার জন্য সিটি কর্পোরেশনের হাতে আরও ক্ষমতা দেয়া প্রয়োজন।

সিটি গভর্নমেন্ট বা নগর সরকার গঠন দরকার। ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মতো শহরগুলো সিটি কর্পোরেশন, টাউন মিউনিসিপ্যালিটির আদলে ঢাকার সিটি কর্পোরেশন, মফস্বলের পৌরসভাগুলো গড়ে তোলা দরকার।

ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের দুই মেয়রই যদি এ ব্যাপারে উদ্যোগী হন এবং কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দেন তাহলে ভালো হয়। আমি যতদূর জানি, শেখ হাসিনাও ক্ষমতাবিকেন্দ্রীকরণের পক্ষপাতী, ক্ষমতা কেন্দ্রীভূত করার নয়।

লন্ডন ২ ফেব্রুয়ারি, রোববার, ২০২০