সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

এক কিবরিয়ার এত দুর্নীতি

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫৫ মিনিট পড়া
এক কিবরিয়ার এত দুর্নীতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুর পৌরসভা হলো সিটি করপোরেশন। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদ থেকে মো. গোলাম কিবরিয়া রাতারাতি হয়ে গেলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। কিন্তু অভিযোগ তাঁর পিছু ছাড়ল না। গ্রেপ্তার হয়েছেন, সাময়িক বরখাস্তও হতে হয়েছে।

হত্যার অভিযোগ থেকে শুরু করে দুর্নীতি, অর্থ লোপাট, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেনস্তা করা—হেন কোনো কাজ নেই, যেখানে তিনি নাম লেখাননি। তবে এবার তাঁর বিরুদ্ধে উঠল বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণের আড়ালে অর্থপাচারের অভিযোগ। সিটি করপোরেশনের বহুরূপী এই প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি দুদক এক-দুই শ কোটি নয়, সাড়ে সাত হাজার কোটি টাকা পাচারের মামলা করেছে।
গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি এসেছে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের তরফে।

এতে আনা হয়েছে অর্থপাচারের অভিযোগ। বলা হচ্ছে, কিবরিয়া ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি। এমনকি তিনি পাসপোর্টেও তথ্য গোপন করেছেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ৮ আগস্ট লিখিত অভিযোগ করেছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ৫ নম্বর জোনের রাজস্ব কর্মকর্তা জাকির হোসেন।

অভিযোগকারী বলেন, ‘তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।’
অভিযোগকারীর দাবি, গাসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি। অভিযোগ মতে, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অভিযোগপত্রে বলা হয়, নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় সেকেন্ড হোম এবং ব্যাবসায়িক বিনিয়োগ করেছেন গোলাম কিবরিয়া।

জাকির হোসেন আরো লেখেন, অভিযুক্তের নামে সাড়ে সাত হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলাও চলমান।

এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগপত্রে দেখানো তথ্য মতে, কিবরিয়া চলতি বছরের ১৯ মার্চ ও ১৯ জুন এবং গত বছরের ১৯ জুন কানাডা সফরে যান। এ ছাড়া গত বছরের ২২ এপ্রিল মালয়েশিয়া, ১০ মে কলকাতা এবং তার আগের বছর ১৩ ডিসেম্বর থাইল্যান্ড সফর করেন।

অভিযোগকারী বলেন, ‘তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।’

এ ছাড়া গত ৪ আগস্ট সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে গাসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় আসামি করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

গ্রেপ্তারকাণ্ড : ২০১৬ সালের ২ নভেম্বর গোলাম কিবরিয়া গ্রেপ্তার হন ত্রাণ ও দরিদ্র তহবিলের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায়। নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার হয়ে জয়দেবপুর থানায়, সেখান থেকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে যান কিবরিয়া। দোষী প্রমাণিত হলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

হত্যাকাণ্ডে নাম : গাজীপুর সিটি করপোরেশনের আলোচিত প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যায়ও গোলাম কিবরিয়ার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) নিহতের স্ত্রী বলেন, সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া তাঁকে মুঠোফোনে হুমকি দিয়েছেন। হুমকিতে তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজনকে টিভিতে দেখাচ্ছে, এর বাইরে আর কারো নাম যেন প্রকাশ না করেন।’ এ নিয়ে গণমাধ্যম প্রশ্ন করলে গোলাম কিবরিয়া বলেছিলেন, দেলোয়ার হত্যার পর তিনি দুইবার নিহতের বাসায় গিয়েছিলেন। একবার একা গিয়েছিলেন, কিন্তু হুমকি দেননি। বাসায় কেন গিয়েছিলেন প্রশ্ন করা হলে কিবরিয়া বলেন, ‘সেটা আপনাকে বলতে হবে কেন?’

সে সময় হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ভুয়া বিলে স্বাক্ষর না করায় জীবন দিতে হয়েছিল দেলোয়ারকে।’ নজরুল ইসলাম আরো বলেন, ‘গোলাম কিবরিয়া আয়ন-ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে একজন ভুয়া অভিযোগকারী সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগে পরবর্তী সময়ে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়।’

২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুর হোসেন বহিরাগতদের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনার পরপরই প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নগর ভবন ছেড়ে চলে যান। এ ঘটনার জন্য সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে দায়ী করেছেন মঞ্জুর হোসেন। অভিযোগ, গোলাম কিবরিয়া নিজে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হওয়ার জন্যই মঞ্জুর হোসেনকে বহিরাগতদের দিয়ে লাঞ্ছনা করিয়েছেন। অভিযোগ ওঠে, মঞ্জুর হোসেনকে সরিয়ে গোলাম কিবরিয়া হিসাব বিভাগ নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন।

গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, তিনি সিটি করপোরেশনের কল্যাণ তহবিল থেকে নামে-বেনামে টাকা আত্মসাৎ করেছেন। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের কল্যাণ তহবিলের টাকা পেতে হলে গাজীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে গোলাম কিবরিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার গোয়ালিয়া বাঘার মৃত মোতাহার উদ্দিনের ছেলে বলে তথ্য রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, ‘আমি বিদেশে গেছি প্রাইভেট পাসপোর্টে। আমার বিষয়ে সব সিও স্যার জানেন। আমার পাসপোর্ট যেহেতু সরকারি পাসপোর্ট না, তাই আমি অফিস থেকে ছুটি নিয়ে গেছি।’

দুদকের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুদক যতক্ষণ পর্যন্ত না চার্জশিট দেবে, ততক্ষণ আমি অপরাধী না।’ অন্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সিটি করপোরেশনের প্রশাসকের নিষেধ আছে বলে জানান।

উল্লেখ্য, পাসপোর্ট অধ্যাদেশের ১১ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বা সঠিক তথ্য লুকিয়ে অন্য নামে পাসপোর্ট নিলে তা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, ‘লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশযাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।’

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাঁকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’