সদ্য প্রকাশিত
রাজশাহী

‘একটু পরে ফোন করো ঝামেলায় আছি মা’

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘একটু পরে ফোন করো ঝামেলায় আছি মা’

তারেক মাহমুদ, নাটোর ঘুরে এসে:

‘আমার ছেলের সাথে রাতে একটু কথা হয়, ছেলে বলে মা একটু পরে ফোন করো, আমি একটু ঝামেলায় আছি। এর পরের দিন ফোন দিলে আমার বেটার ফোন বন্ধ পাই। সকালে আমার ছাওয়ালেক পাওয়া যাচ্ছিল না। আমি চিন্তা  করবো বলে কেউ বলেনি। ওরা চুপেচাপে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোন সন্ধান পাই না। আমার ছাওয়াল নাকি আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে আছে। আমি এটুকুই শুনতে পানু ওর বন্ধুদের কাছে।

 

গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে নাটোরের কানাইখালী এলাকার নিহত তিন যুবলীগ কর্মীর মধ্যে সোহেলের মা সোখিনা বেগম আহাজরির সময় এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘আমার ছাওয়ালেক কি করো ভুলে থাকবো। আমার আর কোন ছালপাল নাই বাবা রে। কে মারিছে আমি এর বিচার চাই। আর সরকারের কাছে আমার ছেলের দুই মাসুম বাচ্চার জন্য কিছু করার জন্য আকুতি জানাচ্ছি।’

 

এদিকে, দুই মাসের মেয়ে রাইফা ও চার বছরের ছেলে রিফাতকে নিযে নির্বাক হয়ে বসে ছিলেন নিহতের স্ত্রী সোমা বেগম। সোমা স্বামীর শোকে শোকাহত হয়ে পড়েছেন। দুই শিশু সন্তানকে নিয়ে তিনি কি করবেন, সেটি ভেবে যেন কূল হারিয়ে ফেলেছেন তিনি।

 

এলাকাবাসী জানান, ৮ মাস আগে সোহেলকে পুলিশ খুঁজতে এলে সোহেলের বাবা সোহেলের চিন্তায় স্টোক করে মারা যান। এর পর থেকেই পরিবারের কর্মসংস্থানের এক মাত্র উৎস হিসেবে ছিলেন সোহেল। তাই পরিবারের দেখাশোনা করতেন তিনি।

 

উল্লেখ্য, গত সোমবার নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রেদওয়ান আহমেদ সাব্বির (৩২), মাওলানা লুতফর হাজির ছেলে আবু আব্দুল্লাহ (৩০) ও উত্তর চৌকিরপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে সোহেল আহমেদ (৩২)। সাব্বির নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। বাকি দুজন পৌর যুবলীগের কর্মী নিখোঁজ হন। পরে তাদের তিনজনের লাশ গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুর থেকে উদ্ধার করে পুলিশ।

 

 

স/আ