সিল্কসিটিনিউজ ডেস্ক: মঙ্গলবারের সকালে লর্ডসের গলি। ওয়ার্ডের সাফাইয়ের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিকে পুরকর্মী বললেন, ‘‘দাদা রাস্তার উপরে বিড়াল মরে পড়ে রয়েছে।’’ দায়িত্বপ্রাপ্ত ‘দাদা’র তৎক্ষণাৎ নিদান, ‘‘খালে ফেলে দে!’’ অতি পরিচিত এই ছবির বদল ঘটাতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা। প্রমোদনগরে পশুদের জন্য একটি শ্মশান তৈরি করা হচ্ছে। আজ, বৃহস্পতিবার সুরের মাঠে রবীন্দ্রভবনে যে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।
পুরসভা সূত্রের খবর, এই প্রকল্পে প্রাথমিক ভাবে ২ কোটি টাকা মঞ্জুর করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। রাজ্যের মধ্যে প্রথম কোনও পুরসভা পশুদের জন্য এ ধরনের শ্মশান বানাচ্ছে।
প্রসঙ্গত, জঞ্জালমুক্ত শহর গড়ার ডাক দিয়েছে কেএমডিএ। পশুদের জন্য শ্মশান তৈরির ভাবনা যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জঞ্জাল (অপসারণ) দফতর সূত্রের খবর, প্রতিদিনই পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পশুদের মৃতদেহ পড়ে থাকার খবর আসে। পুর এলাকার অন্তর্গত খাল অথবা প্রমোদনগরে জঞ্জালের ভিড়ে মৃত পশুদের দেহ ছুড়ে ফেলে দেওয়াটাই সাধারণত রীতি।

সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘পরিচ্ছন্ন শহরের স্লোগানের সঙ্গে এই অভ্যাস বেমানান। এলাকার পরিবেশ দূষিত হয়।’’ এই প্রেক্ষিতে পুরমন্ত্রীর কাছে পশুদের জন্য শ্মশান তৈরির প্রস্তাব দেন পুরপ্রধান পাচু রায়। তৎক্ষণাৎ তাতে সিলমোহর লাগিয়ে দেন পুরমন্ত্রী। এ দিন তিনি বলেন, ‘‘যাঁরা বাড়িতে পোষ্য রাখেন, তাঁরা এ রকম একটা কিছু চাইছিলেন। প্রকল্পটি হলে দারুণ ব্যাপার হবে।’’ পুরপ্রধান পারিষদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পোষ্যের সৎকারে টাকা নেওয়া হতে পারে।’’
রবীন্দ্রভবনে পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত আর যে দু’টি প্রকল্পের উদ্বোধন হবে তা হল— ‘আমার শহর পরিচ্ছন্ন শহর’ অ্যাপ এবং ‘দৃষ্টিনন্দন’। জেলার আটটি পুরসভার জঞ্জাল অপসারণে সরাসরি নজরদারির জন্য যে অ্যাপ চালু হতে পারে তা আগেই লিখেছিল ‘এবেলা’। প্রমোদনগরের ‘ডাম্পিং গ্রাউন্ড’ যে নীল-সাদা রঙের জিআই শিট দিয়ে ঘেরা হয়েছে তারই নাম ‘দৃষ্টিনন্দন’। এবেলা










