অর্থ ও বাণিজ্য

ঋণের টাকা দিয়ে অন্য ঋণের দায় পরিশোধ নয় : বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২০২ মিনিট পড়া

ব্যাংকঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, এক ঋণের টাকা দিয়ে অন্য ঋণের দায় পরিশোধে বা সমন্বয়ে ব্যবহার করা যাবে না।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার নির্দেশনা অনুযায়ী, গ্রাহককে যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছে বা হবে সে উদ্দেশ্যেই ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত মনিটর করার কথা বলা হয়েছে।

অন্য সার্কুলারের মাধ্যমে কিস্তিভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড়করণের জন্য বলা হয়। সেই সঙ্গে কোনো ঋণের অর্থ মঞ্জুরিপত্রে বর্ণিত খাতের পরিবর্তে অন্য কোথাও ব্যবহৃত হলে ব্যাংককে তার কারণ উদ্ঘাটনসহ তা রোধকল্পে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই দুটি নির্দেশনার কথা উল্লেখ করে বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে গ্রাহকের অনুকূলে প্রদত্ত ঋণ দ্বারা গ্রাহকের বিদ্যমান অন্য কোনো ঋণের দায় পরিশোধ বা সমন্বয়ে ব্যবহৃত হচ্ছে, যা ঋণ শৃঙ্খলার পরিপন্থী। তাই ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিতকল্পে একটি ঋণের অর্থ দিয়ে কোনোভাবেই অন্য কোনো ঋণের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিষয়টি গুরুত্ব সহকারে পরিবীক্ষণ করার কথাও সার্কুলারে বলা হয়।

 

সুত্রঃ কালের কণ্ঠ