আরএমও রামেক হাসপাতাল:
সারা দেশে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। উন্নয়ন মেলায় যারা গিয়েছেন, তারা দেখেছেন, সবচেয়ে বেশি ভিড় থাকে কিন্তু স্বাস্থ্য বিভাগের স্টলের সামনে, সবচেয়ে কম থাকে পুলিশদের স্টলে।
আমাদের স্বাস্থ্য বিভাগের স্টলে মানুষ এখানে একচ্যুয়ালি সেবাটা পায়। এখানে ফ্রিতে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস চেক করা, প্রেসার মাপা, ওজন ও উচ্চতা মাপা ইত্যাদি সেবা দিয়ে থাকি। সারা দেশের সব উপজেলা, জেলা, বিভাগে সবখানে সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় থাকে স্বাস্থ্যের স্টলেই। কিন্তু সারা দেশে সবচেয়ে বেশি উপজেলায় বরাবর ফার্স্ট হয়ে আসছে কৃষি বিভাগের স্টল। কেন? কারণ, তাদের ফার্স্ট করছে ইউএনও ও ডিসিরা। এই মেলার আয়োজনের দায়িত্ব তাদেরই।

তাদের চেক লিস্টে আছে বিগত বছরের উন্নয়নের নমুনা প্রদর্শন করতে হবে। এটা আমাদের স্বাস্থ্যের স্টলে করা হয় না। কৃষি বিভাগ তাদের উন্নয়নের নমুনা দেখায়, মেলা প্রাঙ্গনে বিশাল বিশাল পাওয়ার টিলার, ট্রাক্টর, ধান মাড়াই কল, উপকারী পোকামাকড় ইত্যাদি এনে প্রদর্শন করে। কোনো সেবা দেওয়া হয় না। মৎস্য বিভাগ করে কি, একুয়ারিয়ামে কিছু তেলাপিয়া ছেড়ে ডিস্পলে করে। মাটি খুড়ে পুকুর বানায়ে টাকি মাছ ছাড়ে। বাস কাজ শেষ।
অথচ আমরা জান দিয়ে সেবা দি, ডাক্তার নার্স ল্যাব টেকনিশিয়ান সিএইচসিপি সবাই উপস্থিত থাকেন। ফ্রিতে প্রেসার মাপতে পারলে মাপাবেই না কেন? ফ্রি সেবা এটা উন্নয়ন মেলার মূল উদ্দেশ্য নয়। আমরা ইজিলি আমাদের সারা বছরের উন্নয়নের ডিসপ্লে করতে পারতাম। একটা ম্যাপে কোথায় কমিউনিটি ক্লিনিক আছে, কোথায় গর্ভবতী আছে, কোথায় কোন অসুখ বেশি ইত্যাদি আকর্ষণীয় ভাবে দেখাতে পারতাম।
গ্রাফ চার্টের মাধ্যমে মৃত্যুহার হ্রাস বৃদ্ধি দেখাতে পারতাম। আমাদের আন্তর্জাতিক পুরস্কারাদির ডামি শো করতাম। আমাদের যন্ত্রপাতি ডিস্পলে করতাম। কৃষি বিভাগ যেমন ট্রাক্টর নিয়ে আসছে, আমরাও এম্বুলেন্স নিয়ে এসে মেলা প্রাঙ্গনে সাজিয়ে রাখব। তারা যেমন পোকামাকড় নিয়ে আসে, আমরাও কুকুর বিড়াল নিয়ে এসে ডিস্পলে করব যে এসব জলাতঙ্ক করে। এমনকি ফ্যামিলি প্ল্যানিং এর স্টলেও কনডম কপার টি ইঞ্জেকশন ঝুলায় রাখে।
আমরা আমাদের কিছু যন্ত্রপাতিও সাজিয়ে রাখব, যেমন ইসিজি মেশিন পোর্টেবল এক্সরে মেশিন। এসবও তো উন্নতির মাপকাঠি। ফ্রি চিকিৎসা আর ব্লাড প্রেসার মাপতেই গলদঘর্ম হতে হচ্ছে। এখন আজ লোক লাগিয়েছি, ইঁদুর ধরে নিয়ে আসতে। ইঁদুর খাঁচায় রাখব, বড় বড় করে লিখব, ইহা জলাতঙ্ক করে না। একটা কাঁচের বক্সে গোখরা সাপ রাখব, লিখব বিষধর সর্প। কৃষিকে আর ফার্স্ট হতে দেব না। স্বাস্থ্যই সর্বেসর্বা হবে।










