সিল্কসিটিনিউজ ডেস্ক :
উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনাু১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৫ মে) সকালে নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে রাস্তা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, উন্নয়নমূলক কাজের টেন্ডারে যেসব শর্ত দেওয়া থাকে, প্রত্যেক কাজে সেই শর্ত যথাযথভাবে মেনে কাজ করতে হবে এবং ওই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। চলমান সকল কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবেন, প্রয়োজনে আমি নিজেও আসবো। সবার আগে বাংলাদেশ—কাজের মান নিয়ে কাউকে ছাড় নয়। আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুর্গাপুর, কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে ২ কিলোমিটার রাস্তা হেরিংবোন করণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা।
কায়সার কামাল আরও বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের দায়িত্ববোধের মাধ্যমে কর্তব্যকর্ম সুচারুরূপে সম্পাদনের ফলে সমাজ সমৃদ্ধি লাভ করে। আবার দায়িত্বহীনতার কারণে উন্নয়নমূলক কাজ ক্ষতিগ্রস্ত হয়। তখন সমাজের অগ্রগতি তো দূরের কথা, সমাজে অবক্ষয় সৃষ্টি হয়।
তিনি বলেন, মানুষ যদি সততা, সৃজনশীলতা, সৌন্দর্যবোধ এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কাজ করে, তাহলে সমাজ দ্রুত এগিয়ে যাবে। সমাজ থেকে দুর্নীতি রুখতে সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সেই ভোটের মূল্য রাখবো। আসুন, সবাই মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজ গড়ে তুলি।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ সাদাত, সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, থানার ওসি খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সূত্র: যুগান্তর









