
পৃথিবীকে বদল করার কাজটা আসলে করতে হবে মেহনতি মানুষকেই। আগামী দিনে পুঁজিবাদকে তারা আরো পরিষ্কারভাবে শত্রু হিসেবে চিনে ফেলবে। হৃদয় ও বুদ্ধিকে একসঙ্গে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। তবে তাদের ওই জ্ঞান ও উপলব্ধি বৃদ্ধির ব্যাপারে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা থাকা চাই।
যাঁরা যথার্থ বুদ্ধিজীবী তাঁদের। অর্থাৎ যাঁরা মনে করেন যা ঘটছে ও ঘটতে যাচ্ছে তা ঠিক নয়, পরিবর্তন চাই। এটা যাঁরা না ভাবেন তাঁরা তো আসলে বুদ্ধিজীবীই নন, অন্য যাই হোন। পুঁজিবাদ বুদ্ধিজীবীদের ওই কাজ থেকে বিরত রাখতে জোরেশোরে চেষ্টা চালাবে। আশা করা যায়, সফল হবে না। মানুষের সংজ্ঞা হচ্ছে, সে একটি বুদ্ধিমান প্রাণী। সেই বুদ্ধিকে যন্ত্রের গোলামে পরিণত হতে দিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়তে মানুষ নিশ্চয়ই সম্মত হবে না। ভরসাটা সেখানেই।

এদিকে আমাদের নিজেদের দেশে উন্নতি তো কিছু কম হয়নি। স্বাধীন হয়েছি ৫০ বছর। এ সময়ে মাথাপিছু আয় বেড়েছে। গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে। প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ চলে গেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেছে দেশ। জামাকাপড়ে আগের দৈন্য আর নেই। দালানকোঠা প্রচুর হয়েছে। সড়কে অজস্র গাড়ি চলে। মেয়েরা শিক্ষা পাচ্ছে। তারা সব পেশায়ই ভালো করছে। আমাদের লোক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তারা সুনাম অর্জন করেছে নিজেদের কাজের মধ্য দিয়ে।
তবে মুশকিল ওই একটাই। সব উন্নতিই ঘটছে পুঁজিবাদী লাইনে। পাকিস্তান আমলে যে উন্নতি হয়নি তা তো নয়, উন্নতি হয়েছে; তবে তার চরিত্রও ছিল ওই পুঁজিবাদীই। ফলে ওই সময়ে যত উন্নতি হয়েছে, তত বৈষম্য বেড়েছে। আঞ্চলিক বৈষম্য বৃদ্ধিটা বড় করে চোখে পড়েছে, ভেতরে ভেতরে শ্রেণিবৈষম্যও খুবই বাড়ছিল; যদিও সেটা তখন প্রধান রূপে দৃশ্যমান হয়ে ওঠেনি। স্বাধীন বাংলাদেশের উন্নতিও ওই একই চরিত্রের।
আঞ্চলিক বৈষম্য আগে যেমন পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের ভেতর ব্যবধান হিসেবে জাজ্বল্যমান ছিল, এখন আর সেভাবে চোখে পড়ে না। যদিও তা আছে। উন্নতির স্টিমরোলারের নিচে পড়ে আদিবাসী জাতিসত্তার ক্ষুদ্র মানুষ বহু পুরুষ ধরে যে ভূমিতে তারা বসবাস করত, সেখান থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। পরিণত হচ্ছে উদ্বাস্তুতে। আপন দেশে উদ্বাস্তু। আর শ্রেণিবৈষম্য কমবে কী, উন্নতির সঙ্গে সমানতালে লাফাতে লাফাতে বেড়ে চলেছে। কোনো প্রকার ছন্দঃপতন নেই।

এই উন্নতির আরেকটি স্বভাব হচ্ছে প্রকৃতির সঙ্গে বৈরিতা। উন্নতির কুঠারাঘাতে প্রকৃতি বিপর্যস্ত হচ্ছে। নদীর পানির দূষণ বেড়েছে। নদী ক্ষমতাবানদের দখলে চলে গেছে। দূষণ ঘটছে বায়ুর। দূষণের বিচারে রাজধানী ঢাকার বায়ু দূষিত। বাসযোগ্যতার দিক থেকে এই শহর এখন পৃথিবীর নিকৃষ্টতমদের একটি। উন্নতির প্রয়োজনে বৃক্ষনিধন শুধু ঘটনা নয়, উন্নতির প্রতীকও। শুনতে এখন অবিশ্বাস্য মনে হবে; কিন্তু ঢাকার গুলিস্তান এলাকায় স্বল্পপরিসরে যে একটি উদ্যান কোনোমতে টিকে আছে তার সব গাছ কেটে ফেলে সেখানে একটি মিলনায়তন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। রক্ষা পেয়েছে জনমতের কারণে। ২০ বছর পরে, ঠিক একইভাবে সোহরাওয়ার্দী উদ্যানে গাছের গায়ে কুড়াল পড়েছে। গাছের উপকারিতা ও উপযোগিতার বিশদ বর্ণনা প্রয়োজন পড়ে না, সেটা সবারই জানা; তবে সেটাও নতুন করে জানতে হচ্ছে আমাদের, বিপদে পড়ে। উন্নতির এই বিশেষ ধরনের আসল চরিত্র এটাই। আড়িয়ল বিল ধ্বংস করে সেখানে একটি বিমানবন্দর বসানোর যে পরাবাস্তবিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল, সেটাও ঘটেছিল উন্নতির জয়গান গাইতে গাইতেই। রক্ষা পেয়েছে জনমতের বিরুদ্ধতার কারণেই। কুষ্টিয়ায় লালনের আখড়াকে বিপদগ্রস্ত করে সেখানে একটি আধুনিক স্থাপনা গড়ার উদ্যোগকে প্রতিহত করা যায়নি, কারণ স্থানীয় জনমত গড়ে তোলা কঠিন ছিল। উন্নয়নের স্বার্থে সুন্দরবনের স্থায়ী ক্ষতিসাধনের যে চেষ্টা চলছে তাকেও থামানো যাচ্ছে না, কারণ উদ্বিগ্ন মানুষের চেষ্টা সত্ত্বেও জনমতকে প্রবল করা সম্ভব হয়নি। আসলে রাষ্ট্র যেখানে প্রতিপক্ষ, সেখানে জনমত সৃষ্টি দুঃসাধ্য বৈকি।
সংবাদপত্রের স্বাধীনতা কোন দেশে কী অবস্থায় আছে তার একটা সালতামামিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থানের নিম্নগামিতা অব্যাহত আছে। ফেসবুকে দুঃসাহসীদের অনেকেই স্ট্যাটাস দিয়ে থাকে এবং কেউ কেউ নিয়মমাফিক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের থাবার মধ্যে পড়ে দুর্ভোগ পোহায়। মত প্রকাশের স্বাধীনতার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভয়। ভয় ভেতর থেকে চেপে ধরে। কণ্ঠ রোধ করে। রক্ত শীতল করে দেয়। আশঙ্কা থাকে কোনো উৎসাহী ব্যক্তি কখন না জানি দয়া করে থানায় গিয়ে একটা নালিশ ঠুকে দেন। তাহলেই কর্ম কাবার। মানহানির মামলা তো অপেক্ষমাণ আছেই, রাষ্ট্রদ্রোহিতার অতি গুরুতর অভিযোগও উঠতে পারে।
বাংলাদেশে উন্নতি যে হয়েছে তার কারিগর কে? কারিগর হচ্ছে শ্রম। মেহনতি মানুষের কঠিন শ্রম। অকাতরে তারা শ্রম দিয়েছে দেশের কলকারখানায় ও কৃষিতে; শ্রম বিক্রি করে টাকা এনেছে বিদেশ থেকে। যারা ধনী হয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতাটা শ্রমদানের ছিল না, ছিল কে কার আগে কত বড় হবে এবং সংগৃহীত (মূলত লুণ্ঠিত) সম্পদ কিভাবে ভোগ-উপভোগে খরচ ও নিরাপদে বিদেশে পাচার করা যায় তা নিয়ে। প্রতিযোগিতা ছিল না বিনিয়োগের ব্যাপারে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে কলকারখানা যা ছিল সেগুলোর বেশির ভাগই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেওয়া হলো, না নিয়ে অবশ্য উপায়ও ছিল না; কিন্তু সেখানে যাদের বসানো হলো তাদের বেশির ভাগেরই যোগ্যতা ছিল না সেগুলো চালু রাখার। আগ্রহও ছিল না। অনেকেই এসেছিল দলীয় আনুগত্যের সিঁড়ি বেয়ে। অব্যবস্থাপনা ও লুটপাট শুরু হয়ে গেল; দেখা গেল পাকিস্তান আমলে যেখানে সব শিল্প-কারখানাই ছিল লাভজনক, বাংলাদেশ আমলে সেগুলো দ্রুত লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হতে থাকল। অনেকগুলো বন্ধই হয়ে গেল। শুরু হয়ে গেল ব্যক্তিমালিকানায় হস্তান্তর। কর্মসংস্থান বাড়ল না। যাদের শ্রমে এই উন্নতি, তারা কিন্তু উন্নতির সামান্যতম অংশও পেল না।
লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
সূত্রঃ কালের কণ্ঠ









