সিল্কসিটিনিউজ ডেস্ক:
উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মারা গেছেন বলে জানিয়েছে তুরস্ক। যদিও উজবেকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিভিশনে সরাসরি প্রচারিত মন্ত্রিসভায় এক বৈঠকে বলেন, “উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মারা গেছেন। ঈশ্বর তার আত্মার শান্তি প্রদান করুন। তুরস্কের পক্ষ থেকে আমরা উজবেক জনগণের এই বেদনা ও দুঃখ ভাগ করে নিচ্ছি।”

১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর পর উজবেকিস্তানের নেতৃত্ব দিয়ে এসেছেন করিমভ।
এর আগে দেশটির সরকারি সংবাদপত্র নারোদনোয়ে স্লোভোতে প্রকাশিত উজবেক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় ৭৮ বছর বয়সী কারিমভের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল।
যদিও তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিমের বিবৃতির আগেই করিমভের মারা যাওয়ার গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।
শুক্রবার ভোরে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স করিমভের মৃত্যুর খবর নিশ্চিত করে।
রাশিয়া ভিত্তিক ওয়েব সাইট ফের্গানা-র খবরে বলা হয়েছিল, করিমভের শহর সামারকান্দে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন চলছে।
১৭ অগাস্টের পর করিমভকে আর জনসম্মুখে দেখা যায়নি।
গত রোববার উজবেক সরকার জানিয়েছিল, অসুস্থতার কারণে কারিমভ হাসপাতালে চিকিৎসাধীন। তখন এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
পরদিন কারিমভের মেয়ে জানান, প্রেসিডেন্ট মস্তিষ্কের প্রদাহে ভুগছেন।
শনিবার সামারকান্দ বিমানবন্দরে নিয়মিত বিমান উঠানামা বন্ধ রয়েছে বলে জানিয়েছি বিবিসি।
সূত্র: বিডি নিউজ










