সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিনেমায় অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও দক্ষ অভিনেত্রী হিসেবে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
বরং তারকাসন্তান হিসেবে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। ফের তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পরম সুন্দরী’।

এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন মালয়ালাম নারীর ভূমিকায়। এবং যথারীতি তিনি আবারও সমালোচনার মুখে পড়েছেন। এবার ‘পরম সুন্দরী’ সিনেমায় উচ্চারণ ও পোশাকের জন্য কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আসন্ন এই সিনেমা নিয়ে জাহ্নবী বলেন, ‘অবশেষে আমি এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করেছি যেখানে আমার পছন্দের সবকিছুই ছিল।
আমাকে আমার শিকড়ের দিকে যাওয়ার সুযোগ দিয়েছিল। এটা ঠিক, আমি মালয়ালি নই এবং আমার মাও ছিলেন না। কিন্তু এখানে আমার চরিত্রটি অর্ধেক তামিল এবং অর্ধেক মালয়ালি। আমি সবসময়ই এই ভূখণ্ড এবং এই সংস্কৃতির প্রতি আগ্রহী।
আমি মালয়ালাম সিনেমার একজন বিশাল ভক্তও। একটি খুব মজার এবং দুর্দান্ত গল্প ছিল। আমি এর অংশ হতে পেরে খুব খুশি।’
তুষার জালোটা পরিচালিত ‘পরম সুন্দরী’তে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি ২৯শে আগস্ট মুক্তি পাবে।









