সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল আযহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি।
আজ সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্রাইসিস ম্যানজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪৩তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে ঈদের আগে শিল্প এলাকায় চলমান পরিস্থিতি নজরদারিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনে অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে মনিটরিং সেল গঠন করবে মন্ত্রণালয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম, বিজিএমইএ’র পরিচালক মুনসুর খালিদ, বিটিএমইএ’র পরিচালক জামাল উদ্দিন, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, জাতীয় শ্রমীক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিল্প কারখানার মালিকদের বলা হয়েছে আসন্ন ঈদুল আযহার আগে সব বেতন ভাতা পরিশোধ করতে হবে। এতে তারা রাজি হয়েছে। আমি আশা করি স্টেকহোল্ডাররা আগের মতো এবারও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষে সব গার্মেন্টস শ্রমিকদের এলাকাভিত্তিক পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে যেন শ্রমিক ছাঁটাই ও হয়রানিসহ অপ্রীতিকর কোনো ঘটনা যে না ঘটে সে বিষয়ে দিক নির্দেশনা দেন।
সভায় মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









