সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডক্টরস উইদাউট বর্ডার্স-এর একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী আকসা দুররানি গাজা উপত্যকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময় গাজাবাসীদের প্রতি ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
জনপ্রিয় ফটো ব্লগ হিউম্যানস অব নিউ ইয়র্ক-কে তিনি বলেন, ‘আমি বহু জায়গায় চরম ক্ষুধার মধ্যে কাজ করেছি, কিন্তু এখানে যা সবচেয়ে ধাক্কা দেয়, তা হলো ইসরায়েলিদের নিষ্ঠুরতা—এটি যে ইচ্ছাকৃত, তা স্পষ্ট। আমি গাজায় দুই মাস ছিলাম; যা ঘটছে তার ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই।’

তিনি বলেন, ‘‘হাসপাতালে বিমান হামলায় বিকলাঙ্গ হয়ে যাওয়া শিশু রয়েছে—কারও হাত নেই, কারও পা নেই, কারও শরীর তৃতীয় ডিগ্রির পোড়ায় ঝলসে গেছে।
প্রায়ই পর্যাপ্ত ব্যথানাশক থাকে না। কিন্তু শিশুরা ব্যথায় নয়, চিৎকার করছে: ‘আমি ক্ষুধার্ত! আমি ক্ষুধার্ত!’’
আকসা তার ফিলিস্তিনি সহকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরেন, ‘যারা ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘তারা তাঁবুতে বসবাস করছেন। তাদের কারও কারও পরিবারের ১৫ বা ২০ জন সদস্যকে হারাতে হয়েছে।
গাজায় ইসরায়েলি নৃশংসতাকে আকসা দুররানি ‘স্পষ্টতই এক গণহত্যা’ হিসেবে অভিহিত করে বলেন, এমন বর্বরতা থামাতে ব্যর্থ হওয়ায় তিনি লজ্জিত।










