সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। আজ রবিবার (১ মার্চ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে, তা শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে।

এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এ হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে।
একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। এ হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল।
সমাবেশ শেষে উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।










