সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে প্রস্তুত ইউরোপের ৩ দেশ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে প্রস্তুত ইউরোপের ৩ দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান না হলে আগস্টের শেষ নাগাদ দেশটির ওপর জাতিসংঘের নির্দেশিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত বলে জাতিসংঘকে জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। জাতিসংঘে পাঠানো বুধবার প্রকাশিত এক যৌথ চিঠিতে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠিতে এ তিন ইউরোপীয় শক্তি জানিয়েছে, ‘ইরানকে যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে, আমাদের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো এক্সে চিঠির অনুলিপি পোস্ট করে লিখেছেন, ‘ইরানকে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘ইরান আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন অব্যাহত রাখলে—১০ বছর আগে তুলে নেওয়া বিশ্বব্যাপী অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম ও ব্যাংকিং কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগস্টের শেষে পুনর্বহাল করবে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।’

চিঠিতে তথাকথিত ‘ই-থ্রি’ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তির অংশ ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ব্যবহারের হুমকি দিয়েছেন। ওই চুক্তির অধীনে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। অক্টোবরে শেষ হতে যাওয়া চুক্তি অনুসারে, এর যেকোনো স্বাক্ষরকারী পক্ষ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে।

তবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করায় ইউরোপীয় তিন দেশ ইরানের প্রতি সতর্কতা জারি করেছে।

এর আগে জুনে তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১২ দিনের যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও নিজস্ব বিমান হামলা চালায়।

২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি এ তিন ইউরোপীয় দেশও স্বাক্ষর করেছিল।

এ চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীর করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।
ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কূটনৈতিক সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, তবে তা না হলে স্নাপব্যাক মেকানিজম অনুসরণ করবে বলে জানিয়েছে ইউরোপীয় এ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

জুন মাসের ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। তবে সংস্থাটির উপপ্রধানের তেহরান সফর ও নতুন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার কথা জানায়।

অন্যদিকে গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘকে চিঠি দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো আইনি অধিকার নেই।

তবে ইউরোপীয় মন্ত্রীরা এ দাবি ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে বলেছেন, জেসিপিওতে স্বাক্ষরকারী হিসেবে তারা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো ব্যবহার করে নিষেধাজ্ঞা পুনর্বহালের আইনি ক্ষমতা রাখেন।
সূত্র : এএফপি