সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানের ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর খবর মিথ্যা বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। শুক্রবার (১০ এপ্রিল) একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য দিয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে নির্ভরযোগ্য এক সূত্র বলেছে, ‘আমেরিকানদের সঙ্গে আলোচনা করতে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে—কিছু গণমাধ্যমের এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

একই সঙ্গে সূত্রটি জোর দিয়ে আরো বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং ইহুদিবাদী ইসরায়েল হামলা অব্যাহত রাখবে, ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে।
’
তবে তাসনিম নিউজের প্রতিবেদনের পর এ বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানায়নি।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আলোচনার খবর নাকচ করে দেওয়ার বিষয়টি ওয়াশিংটন ও ইসলামাবাদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।










