সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দায় ও পুতিন-জেলেনস্কির জুয়া

নিউজ ডেস্ক২ মার্চ ২০২২৪ মিনিট পড়া
ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দায় ও পুতিন-জেলেনস্কির জুয়া

২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরু হয়। কিন্তু এক দিন আগেও আমি বা অনেক রুশ বিশেষজ্ঞের কাছেই এটি অকল্পনীয় বলে মনে হয়েছিল। আপাতদৃষ্টিতে পুতিনের এই পদক্ষেপ অযৌক্তিক বলেই মনে হচ্ছে। এই আগ্রাসন ইউক্রেনের বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধ।

আন্তর্জাতিক আইনের প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এটি রাশিয়ার ইতিহাসেও অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। ইউক্রেনীয়দের পাশাপাশি রুশদেরও এর মূল্য দিতে হবে। এটাই হতে পারে রুশ জনগণের পক্ষে প্রেসিডেন্টের বিরুদ্ধে যাওয়ার অকাট্য প্রমাণ।

ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে অভিহিত করে রাশিয়া। ক্রেমলিনের এই অতিশয়োক্তি নিয়ে পশ্চিমা দেশগুলোতে বেশ উপহাস করা হয়। তবে প্রকৃতপক্ষে বেশির ভাগ রুশই তাদের এই প্রতিবেশীকে এভাবেই দেখে। এটা মোটেও মতাদর্শগত কারণে নয়। কারণ দেশটিতে রুশদের কমবেশি সবারই আত্মীয় বা বন্ধু রয়েছে।

রুশ জনগণকে এই যুদ্ধ গেলানো পুতিনের জন্য খুবই কঠিন কাজ হবে। কারণ এটা ক্রিমিয়া দখল করে নেওয়ার মতো কিছু নয়। ক্রিমিয়া দখল সম্পন্ন হয়েছিল প্রায় রক্তপাতহীনভাবে। উপদ্বীপটির বেশির ভাগ স্থানীয় বাসিন্দাও পতাকার পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল। এর বিপরীতে ইউক্রেনীয়রা এখন একটি প্রকৃত লড়াইয়ের জন্যই প্রস্তুত, যা দীর্ঘস্থায়ী যুদ্ধে গড়াবে।

প্রত্যাশিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জনগণ যে আয় ও সঞ্চয় হারানোর তিক্ত স্বাদ পাবে, তার ন্যায্যতা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। হামলা শুরুর দিন সকালেই মস্কোর লোকজন রুবলের পতনের আশঙ্কায় বিদেশি মুদ্রা উত্তোলনে ব্যস্ত হয়ে পড়ে। এ ছাড়া পাশ্চাত্য থেকে অনিবার্য বিচ্ছিন্নতা শুধু উদারপন্থী বুদ্ধিজীবীদের জন্যই নয়, রাজনৈতিক ও ব্যাবসায়িক অভিজাতদের জন্যও দুঃস্বপ্ন হতে চলেছে।

যদি এসব ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয় এবং এই যুদ্ধের ফলে পুতিনের পতন ঘটে, তাহলে ইউক্রেন ও পাশ্চাত্যের অনেকেই বলবে যে এটা তাদের ত্যাগের বিনিময়ে প্রাপ্তি। কিন্তু পুতিন যদি অযৌক্তিক প্রমাণিত না হন, তাহলে কী হবে? কয়েক দিন পর ইউক্রেন যদি পুরোপুরি আত্মসমর্পণ করে, রাশিয়া যদি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে টিকে যায় এবং রুশরা তাদের দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক রাখে, তাহলে কী হবে? প্রাথমিক জবাব হলো, এসব ঘটলেও আমরা নিজেদের আরো অন্ধকার, অনেক বেশি অশুভ বিশ্বের মধ্যে খুঁজে পাব, যেখানে আগ্রাসন ও নিষ্ঠুরতাকে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পূর্বশর্ত হিসেবে দেখা হয়।

জেলেনস্কির জুয়ার কী হবে?

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও জুয়া খেলেছেন। ন্যাটো ও রাশিয়ার মধ্যে নিজ দেশের নিরপেক্ষ অবস্থান বা মিনস্ক চুক্তি বাস্তবায়নে সম্মত হয়ে তাঁর যুদ্ধ এড়ানোর সুযোগ ছিল। আগ্রাসনের আগে এটাই চেয়েছিল রাশিয়া। কিন্তু তিনি তা না করে এর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা শিগগিরই জানতে পারব তাঁর এ কাজ সঠিক ছিল না। এসব বিষয়ের পরিসমাপ্তি কিভাবে ঘটবে আমরা এখনো জানি না, কিন্তু এটা জানি যে (খুব সম্ভবত) ইউক্রেনীয় পরাজয়ের ফল ধারণার চেয়েও বহুগুণ তিক্ত হবে।

জেলেনস্কি অবশ্যই ইউক্রেনীয় সমাজের সমর্থন অনুভব করেছিলেন। তিনি সম্ভবত নিজেকে সত্যিকারের শক্ত রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করার তাগিদও অনুভব করেছিলেন। ক্রেমলিন এবং নিজ দেশের বিরোধী দল উভয়ই তাঁকে স্রেফ প্রাজ্ঞ কৌতুক অভিনেতা ও মেরুদণ্ডহীন রাজনৈতিক অপেশাদার হিসেবে চিত্রিত করেছিল। এর বিপরীতে নিজেকে সত্যিকারের রাজনীতিবিদ হিসেবে তুলে ধরার আকাঙ্ক্ষাই সম্ভবত তাঁকে একটি অগ্রহণযোগ্য ঝুঁকি নিতে উৎসাহিত করেছিল। আমরা হয়তো এটাও জানতে পারব যে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা তাঁর সিদ্ধান্তের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল, ভবিষ্যতে যখন গোপন নথিগুলো প্রকাশ পাবে।

রাশিয়া সম্পর্কে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে

৩০ বছর ধরে রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট অংশ সম্পর্কে পশ্চিমা এবং বিশেষ করে আমেরিকান নীতির ন্যায্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এবার ইউক্রেনে চলমান দুঃখজনক ঘটনাগুলো আলোচনাটিকে পুনরুজ্জীবিত করা উচিত।

পশ্চিমারা রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটো এবং ইইউকে প্রসারিত করছে। একই সঙ্গে রাশিয়াকে তার নিকটতম প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন করা এবং কঠোর সীমান্ত নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করে সোভিয়েত-পরবর্তী সমাজের মৌলিক ধারাকে ভেঙে ফেলা পশ্চিমাদের কতটা বুদ্ধিমানের কাজ ছিল? এই নীতির লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ধ্বংসাবশেষ থেকে উত্থিত হওয়া রাশিয়াকে ইউএসএসআর ২.০ নামের একটি নতুন আগ্রাসী দৈত্য রাষ্ট্র হওয়া থেকে বিরত রাখা। কিন্তু এখন যা ঘটছে, তা ঠিক নয় কি? বরং একটি বিশাল পারমাণবিক শক্তি রাশিয়াকে পশ্চিমে একীভূত করাকে অগ্রাধিকার দেওয়াই কি খুব বুদ্ধিমানের কাজ ছিল না। সবচেয়ে বড় কথা, এ জন্য দেশটি প্রস্তুতও ছিল। অথচ ১৯৯০-এর দশকে রাশিয়ার অনেক কর্মকর্তাই পশ্চিমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এমনটা করা হলে দেশটিতে জাতীয়তাবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান ঘটবে। প্রকৃতপক্ষে পুতিন নিজেও তাঁর সর্বশেষ এক ভাষণে স্মরণ করেছিলেন যে কিভাবে তিনি একবার প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে জিজ্ঞাসা করেছিলেন যে রাশিয়াও ন্যাটোতে যোগ দিতে পারে কি না, কিন্তু তিনি কোনো উত্তর পাননি।

২০০০ সালে পুতিন প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, তখন তাঁর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তিনি উদার ও শান্ত ব্যক্তিত্ব হিসেবে পশ্চিমা সমর্থন পেয়েছিলেন। সুতরাং রাশিয়ার প্রতি নিজেদের চিরন্তন ভয় নিয়ে পাশ্চাত্য কি তার নিজস্ব ফ্রাংকেনস্টাইন জন্ম দেয়নি?

প্রকৃতপক্ষে একটি যুদ্ধবাজ চক্রের কাছে ‘আগ্রাসী ও বিচ্ছিন্ন রাশিয়া’ হচ্ছে একটি দুধের গাভি, যা তাদের আকর্ষণীয় বেতন এবং লাভজনক চুক্তিগুলোর উৎস।

আলজাজিরা থেকে নেওয়া সংক্ষেপিত ভাষান্তর
লেখক : রিগাভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক

 

সূত্রঃ কালের কণ্ঠ