সদ্য প্রকাশিত
রাজনীতি

আ. লীগে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে এমপি ও নেতারা

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৭১০ মিনিট পড়া
আ. লীগে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে এমপি ও নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হতে পারে—এমন সম্ভাবনায় মাঠে নেমেছেন দলের মনোনয়নপ্রত্যাশী বহু নেতা। ক্ষমতাসীন এই দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বিভিন্ন সময়ে অর্ধশতাধিক আসনে দলীয় প্রার্থী বদল হওয়ার সম্ভাবনার কথা বললেও কোন কোন আসনে হতে পারে, তা উল্লেখ না করায় প্রায় সব আসনেই তত্পর হয়েছেন কয়েকজন করে মনোনয়নপ্রত্যাশী নেতা।

তাঁরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, জনসংযোগ, নানা সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকায় নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এতে দেশব্যাপী এক ধরনের নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তবে নির্বাচনী এ আবহ দলে কোন্দল বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন এলাকায় মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে দলের বর্তমান সংসদ সদস্যদের বিরোধ তুঙ্গে উঠেছে। নির্বাচন সামনে রেখে এমন কোন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। কোন্দলের বিষয়টি নিয়ে আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ-৪ আসনে জনসংযোগ করছেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আবু তাহের। তাঁর ওই তত্পরতা ভালো দৃষ্টিতে দেখছেন না এলাকার বর্তমান সংসদ সংদস্য মাহবুব আলী। এ নিয়ে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। আবু তাহের বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছা আছে। আমি নিয়মিত গণসংযোগ করছি। বর্তমান এমপি এলাকায় থাকেন না। তিনি ঢাকায় তাঁর আইন ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। এলাকায় না থাকায় তাঁর জনসম্পৃক্ততা নেই। গত সাড়ে তিন বছরে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেকে একটি মিটিং করার প্রয়োজনীয়তা বোধ করেননি। এলাকার আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতাকর্মী আমার সঙ্গে আছেন। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তবে আমি নির্বাচনে জয়লাভ করতে পারব। ’ আবু তাহেরের অভিযোগ অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য মাহবুব আলী বলেন, ‘আমি নিয়মিত প্রতি বৃহস্পতিবার এলাকায় যাই। জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করি। উনি মনোনয়ন চাইছেন বলেই হয়তো এসব অভিযোগ করছেন। শেষ কথা হলো, দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার হয়ে কাজ করব। ’

দীপু মণি বনাম সুজিত রায় নন্দী : চাঁদপুর-৩ আসনে দীর্ঘদিন ধরেই জনসংযোগ করছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এবং দলের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, খেলাধুলা, শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার বিতরণসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ছাত্রলীগের এ সাবেক নেতা এর আগেও একাধিকবার ওই আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জোরালো দাবিদার ছিলেন। কিন্তু ওই কয়েকবারই সেখানে মনোনয়ন পান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এ নিয়ে দুই নেতার মধ্যে খানিকটা দূরত্বও তৈরি হয়। তবে হাল ছাড়েননি সুজিত নন্দী। দলীয় মনোনয়ন পেতে এবারও মাঠপর্যায়ে ব্যাপক তত্পরতা চালাচ্ছেন তিনি। দীপু মনির সঙ্গে সুজিত নন্দীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সম্প্রতি আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক বৈঠকে তোলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তবে বৈঠকে আলোচনাটি হাস্যরসের মধ্য দিয়ে শেষ হয়।

সুজিত রায় নন্দী বলেন, ‘২০০৬ সালের নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম; কিন্তু সে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ নির্বাচনেও আমি তৃণমূলের ভোটে এগিয়ে ছিলাম। কিন্তু দল যাঁকে মনোনয়ন দেয়, দল ও দেশের স্বার্থে আমরা সবাই মিলে তাঁকেই বিজয়ী করে নিয়ে আসি। আমি আওয়ামী লীগ ও দেশের জন্য সব সময় কাজ করেছি, করেই যাব। ’ তিনি আরো বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেটাই বাস্তবায়ন করব। ’

দীপু মনি বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান বলেন, ‘জনবিচ্ছিন্ন কোনো নেতা এলাকায় জনসংযোগ করে দীপু মনি আপার জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারবেন না। কিছু লোক আছে, যাদের দীপু মনি আপা মন্ত্রী থাকার সময় অনৈতিক সুযোগ-সুবিধা দেননি, তারাই এখন আপার বিরোধিতা করছে। তবে তাদের সঙ্গে এলাকার কোনো কর্মী নেই। ’

ইফতিকার উদ্দিন বনাম অসীম কুমার উকিল : গত নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের বর্তমান কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তবে হাল ছাড়েননি অসীম উকিল। তিনি নিয়মিতই কেন্দুয়া ও আটপাড়া উপজেলার নেতাকর্মী ও জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। বেশ কিছুদিন ধরে কেন্দুয়া ও আটপাড়ায় প্রতি সপ্তাহেই দু-তিন দিন জনসংযোগ করছেন তিনি। উৎসব, পার্বণ, ধর্মীয় অনুষ্ঠানসহ নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অসীম কুমার উকিলের স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিলও স্বামীর পক্ষে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে রুষ্ট পিন্টু ও তাঁর সমর্থক নেতাকর্মীরা।

জানতে চাইলে অসীম কুমার উকিল বলেন, ‘সব সময়ই নেতাকর্মীদের নিয়ে আছি, রাজনৈতিক অঙ্গনে কাজ করছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছি। পরিপূর্ণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা হওয়ার জন্য এমপি পদটা সহায়ক হয়। আমার কাজের স্বীকৃতির জন্যই মনোনয়ন প্রত্যাশা করছি। আগামী দিনের সংসদ হবে ভিশন ২০২১ বাস্তবায়নের সংসদ। আধুনিক প্রজন্মের প্রতিনিধি হিসেবে এ ভিশন বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখতে চাই। ’

এ বিষয়ে জানতে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি। এসএমএস দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

নেজামউদ্দিন নদভী বনাম আমিনুল ইসলাম : চট্টগ্রাম-১৫ আসনে ব্যাপক জনসংযোগ করছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ওই আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং দলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ফলে সেখানে দলীয় মনোনয়ন পেতে জোর তত্পরতা চালাচ্ছেন আমিন। এতে অসন্তুষ্ট নদভী ও তাঁর অনুসারী নেতাকর্মীরা।

জানতে চাইলে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘একজন রাজনীতিবিদের প্রথম শক্তি তাঁর জনগণ। জনগণের সঙ্গে যার সংযোগ যত বেশি তাঁর রাজনৈতিক ভিত্তি তত মজবুত। এ ভিত্তি মজবুত করার কাজটিই আমি করে যাচ্ছি। মনোনয়ন পাওয়া-না পাওয়া পরের বিষয়। ’

এ বিষয়ে জানার জন্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীর মোবাইল ফোনে বারবার কল করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গত রাত ৮টা ১০ মিনিটে একবার একজন ফোন রিসিভ করে আধাঘণ্টা পর কল দিতে বলেন। পরে রাত ৯টা পর্যন্ত একাধিকবার কল দিলেও তা আর কেউ ধরেননি।

ফরিদুল হক বনাম মাহজাবিন খালেদ : জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ বীর-উত্তমের সন্তান মাহজাবিন দীর্ঘদিন ধরেই ইসলামপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রায় দুই বছর ধরে তিনি নিয়মিত জনসংযোগ করছেন। বিষয়টি সুনজরে দেখছেন না জামালপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। দুই সংসদ সদস্যের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চরমে। মাহজাবিন খালেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে হেঁটে বা নৌকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজ নিচ্ছি। এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি সাধ্যমতো। অংশ নিচ্ছি দলের কর্মকাণ্ডে। ’

আয়েন উদ্দিন বনাম আসাদুজ্জামান আসাদ : রাজশাহী-৩ আসনে বেশ কিছুদিন ধরে তত্পরতা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ নিয়ে সেখানকার বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে আসাদের বিরোধ তুঙ্গে উঠেছে। দুজনের সমর্থকরা একাধিকবার সংঘর্ষেও জড়িয়েছে। একই আসনে মনোনয়ন চাইতে পারেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনও। রাজশাহী মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, খায়রুজ্জামান লিটন রাজশাহী-২ অথবা রাজশাহী-৩ আসনে মনোনয়ন চাইবেন। এ বিষয়ে জানতে চাইলে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি আমাকে যেখানে বলবেন, আমি সেখানেই নির্বাচন করব। উনি যদি সিটি করপোরেশনে নির্বাচন করতে বলেন, তো সেখানে করব, আবার উনি যদি এমপি নির্বাচন করতে বলেন, তো সেটাই করব। আমি সব সময়ই জনগণের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। ’

মনোরঞ্জন শীল গোপাল বনাম আবু হুসাইন বিপু : দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় জনসংযোগ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় নিজের অবস্থান জানান দিচ্ছেন। ওই আসনে মনোনয়নপ্রত্যাশী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকাও। তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেতাদের দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতে দলের স্থানীয় নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।

হবিগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরেই জনসংযোগ করছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ নিয়ে সেখানকার সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরীর সঙ্গে কেয়ার বিরোধ বাড়ছে।

মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ‘মাঠ গোছাচ্ছেন’ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবির। এ নিয়ে সেখানকার বর্তমান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের অনুসারীদের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে কবিরের অনুসারীদের।

নেত্রকোনা-৪ আসনে মাঠে নেমেছেন সাবেক ছাত্রনেতা শফি আহমেদ। তাঁর সঙ্গে আগে থেকেই বিরোধ রয়েছে বর্তমান সংসদ সদস্য রেবেকা মোমিনের। বরিশাল-২ আসনে তত্পরতা চালাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা শাহে আলম। এ নিয়ে তাঁর সঙ্গে বিরোধ চলছে সেখানকার বর্তমান সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের।

শরীয়তপুর-২ আসনে জনসংযোগ করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। বিগত কয়েকটি নির্বাচনে এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম। কিন্তু ওই আসনে প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় দলের প্রবীণ নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) শওকত আলীকে। বর্তমানে শওকত আলী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। ফলে এবার মনোনয়ন পেতে জোর তত্পরতা চালাচ্ছেন শামীম। জানতে চাইলে এনামুল হক শামীম বলেন, ‘প্রতি সপ্তাহেই এলাকায় যাচ্ছি। ছাত্র রাজনীতির সময় থেকেই এলাকার সঙ্গে গভীর যোগাযোগ রাখছি। আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইব। নেত্রী (শেখ হাসিনা) ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ’

বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ নিয়মিত এলাকায় যোগাযোগ রাখছেন। এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোজাম্মেল হোসেন বয়োবৃদ্ধ হওয়ায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাবনা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তত্পর হয়েছেন স্থানীয় পৌর মেয়র মোশাররফ হোসেন এবং ছাত্রলীগের সাবেক নেতা মাজহারুল ইসলাম মানিক। পাবনা-১ আসনে মাঠে নেমেছেন সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। পাবনা-৪ আসনে জনসংযোগ চালাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন।

বিভিন্ন জেলায় দলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের কোন্দল সামলাতে হিমশিম খাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে বিবদমান নেতাদের সঙ্গে ফোনে কথা বলছেন। এসব বিবাদ নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরাও। বিভিন্ন সময়ে জেলার নেতাদের ঢাকায় ডেকেও বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহে চাঁদপুর জেলার নেতাদের ঢাকায় ডেকে বিরোধ মিটিয়ে ফেলার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে সিরাজগঞ্জের নেতাদের ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডেকে বিরোধ নিরসনের চেষ্টা করা হয়।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘যাঁরা জনপ্রিয়তা হারিয়েছেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমে গেছে, তাঁদের বাদ দেওয়া হবে। কেউ এমপি আছেন বলেই যে তাঁকেই মনোনয়ন দেওয়া হবে, এমন কোনো কথা নেই। যেখানে ভালো প্রার্থী পাওয়া যাবে, সেখানে তাঁকেই মনোনয়ন দেওয়া হবে। ’

মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বর্তমান সংসদ সদস্যদের বিরোধ প্রসঙ্গে আবদুর রাজ্জাক আরো বলেন, ‘এ বিরোধ তো থাকেই। মনোনয়ন ঘোষণা ও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এগুলো চলতেই থাকে। এসবের কারণে নির্বাচনে দলের ক্ষতিও হয়। এটা একটা বাস্তবতা। তবে বিরোধ যত কম রাখা যায় আমরা সেই চেষ্টা করে থাকি। ’ সূত্র: কালের কণ্ঠ