মইদুল ইসলাম মধু, পুঠিয়া:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় দল আ.লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার থেকে। মনোনয়ন ফরম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের নৌকার মনোনয়ন প্রত্যাশী নেতারা।
সারা দেশের ন্যায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আ.লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নেতারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন প্রত্যাশী নেতাদের সফর সঙ্গী হিসেবে এবং বিচ্ছিন্নভাবে বিপুল পরিমান কর্মী সমর্থকরাও ঢাকায় গেছেন। ফলে পুঠিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে বর্তমানে আ.লীগের নেতাকর্মীদের শুন্যতা দেখা দিয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে, গত শুক্রবার মনোনয়ন ফরম বিক্রি শুরুর ২ দিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুল ওয়াদুদ। সাংসদের পক্ষে তৃতীয় বারের মতো মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তার কর্মী সমর্থকরা। এবার বর্তমান সাংসদের বিপক্ষে অবস্থান নিয়ে এ আসনে আ.লীগের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আরো ৮ হেবিওয়েট নেতা।

তারা হলেন, সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, কেন্দ্রিয় আ.লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সরদার, সাংগঠনিক সম্পাদক আহসানউল হক মাসুদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুনসুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি শিল্পপতি ওবায়দুর রহমান, ব্যবসায়ী আসিফ ইবনে আলম তিতাস ও আবু সায়েম।
তারা সবাই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আ.লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সুত্র মতে, গত শনিবার রাতে আবদুল ওয়াদুদের সমর্থনে আ.লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা দেয়ার উদ্দেশ্যে ঢাকায় পৌছেছেন। এদিকে মনোনয়ন ফরম উত্তোলন করে ঢাকায় অবস্থান করছেন আহসানুল হক মাসুদের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে শনিবার সকালে ৫ শতাধিক কর্মী সমর্থকদের একটি বিশাল মিছিল নিয়ে ধানমন্ডির ৩২ নাম্বারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আহসানুল হক মাসুদ। দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এ আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ফিরবেন বলেও জানা গেছে।
স/আ










