সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১০ সালে শেয়ারবাজার ধসের অভিজ্ঞতা এখনও বাংলাদেশ ভুলতে পারেনি। চিনচিনে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলার প্রচেষ্টায় ক্লান্ত সামগ্রিক বাজার অর্থনীতি।
গ্লোবাল ইকোনমি ডটকমের পরিসংখ্যান অনুযায়ী, বাজার মূলধনের দিক দিয়ে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩৮তম। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থা হয়েছে আরও শোচনীয়। ২০১৯ সালের ১৩ জানুয়ারি ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ১৩ হাজার ৭২৮ কোটি টাকা।

আর এ বছরের ১৩ জানুয়ারি তা কমে ৩ লাখ ১৯ হাজার ৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছিল। থেমে থাকেনি পতন। পরদিন ১৪ জানুয়ারি মাত্র একদিনে বাজার পুঁজি হারিয়েছে আরও ৬ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে শেয়ারবাজারের প্রতিষ্ঠানগুলো বাজার মূলধন হারিয়েছে প্রায় ১ লাখ ১ হাজার কোটি টাকা।
সাধারণত বাজারে যখন অস্থিরতা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা পুঁজি রক্ষায় ব্লুচিপস বা ভালো মানের কোম্পানি শেয়ারে বিনিয়োগ করেন। কিন্তু যেখানে ভালো মানের কোম্পানিগুলোর অবস্থাই শোচনীয়, সেখানে বিনিয়োগকারীদের আস্থা না থাকাটাই স্বাভবিক। এর ফলে বাজারে দেখা দিচ্ছে পেনিক সেল (যখন অভিজ্ঞ ও অনভিজ্ঞ সবাই শেয়ার বিক্রির প্রতিযোগিতায় নামে)। ঋণের টাকায় বিনিয়োগকারীদের পোর্টফলিও পড়ে যাচ্ছে ফোর্সড সেলের (জোরপূর্বক বিক্রি) আওতায়। বাজার কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ব্যাংক বা সরকারি মন্ত্রণালয়ের নানা পদক্ষেপও বলহীন বুলি হিসেবেই প্রমাণিত হচ্ছে।
নীতি-নৈতিকতা যখন নির্বাসনে, দুর্নীতি তখন স্বাভাবিক। নড়বড়ে কোটারি, স্বজনপ্রীতি, স্বার্থান্ধতা, অদক্ষদের চেয়ার দখলের নেশা বর্তমান বাংলাদেশের হাজারও অর্জন ম্লান করে দিচ্ছে; হাজারও বিনিয়োগকারী তথা বাংলাদেশকে ঠেলে দিচ্ছে আত্মাহুতির দিকে; অথচ তা দেখার মতো হৃদয়চক্ষু কারও নেই!
আসলে যার আছে, তার ক্ষমতা নেই; আর যার ক্ষমতা আছে বা এটা দেখা যার দায়িত্ব, তার চক্ষু নেই। বাজে কোম্পানিগুলো বাজারে আসছে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন; তারপর পুঁজি হারাচ্ছেন। এ যেন তিন বেলার ‘ডাল-ভাতের’ মতো হয়ে গেছে, যা প্রভাব ফেলছে পুরো বাজারের ওপর। এতে বিপাকে পড়ছে ভালো কোম্পানিগুলোও। সর্বস্বান্ত করে দিচ্ছে বাজারকে।
আস্থাহীনতা জেঁকে বসেছে বিনিয়োগকারীদের মাঝে। ঠিক যেন ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ডরানোর মতো অবস্থা। অস্বাভাবিক দরপতনের কারণে সঠিক ফোরকাস্টিংও সম্ভব হয়ে ওঠে না, যা নতুন বিনিয়োগকে বিমুখ করছে। অনাকৃষ্ট করছে বিদেশি বিনিয়োগকেও। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে-
১. পুরো শেয়ারবাজারের দায়িত্বশীল চেয়ারগুলোকে ঢেলে সাজাতে হবে। বিএসইসির শীর্ষপদে এমন একজনকে বসাতে হবে, যিনি হবেন দক্ষ, সৎ, নির্ভীক এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর, আপসহীন, দেশপ্রেমিক।
২. শেয়ারবাজারের নিয়ন্ত্রণ যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে জিম্মি হয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে।
৩. কোটারি স্বার্থ তথা স্বজনপ্রীতি রোধে যথাযথ আইন প্রয়োগ করতে হবে। শুধু তদন্ত কমিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
৪. শেয়ারবাজারকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫. নতুন ও পুরাতন কোম্পানিগুলোকে লিস্টিং/ডিলিস্টিংয়ের ক্ষেত্রে কঠোর আইনি প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনবোধে নন-পারফর্মিং কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করতে হবে।
৬. সংবেদনশীল তথ্য পাচার রোধ করতে হবে। আর যা প্রকাশযোগ্য, তা দ্রুত প্রকাশ করতে হবে। গুজব রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৭. বাজার নিয়ন্ত্রণে নতুন কাঠামো ও কৌশল উদ্ভাবনে বিশেষজ্ঞ দল গঠন করতে হবে।
৮. বিনিয়োগকারীদের বাজারে প্রবেশের আগে বাজার ধারণাগত পূর্বশর্ত আরোপ করতে হবে। নিয়মিত প্রশিক্ষণবিষয়ক কর্মশালার আয়োজন করতে হবে।
৯. সার্কিট ফিল্টার ও সার্কিট ব্রেকারের যথাযথ প্রয়োগ করতে হবে।
১০. কর্তৃপক্ষ ও বাজারসংশ্লিষ্টদের নিয়ম মেনে চলায় উদ্বুদ্ধ করতে বার্ষিক সম্মাননা ঘোষণা করা যেতে পারে।
১১. শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংক খাতের বর্তমান তারল্য সংকট নিরসন করতে হবে। কেননা, পুঁজিবাজারে অর্থের জোগান আসে বিভিন্ন ব্যাংক থেকেই।
১২. আস্থা অর্জনে আস্থাশীল হতে হবে। নীতিনির্ধারকদের মাথায় রাখতে হবে- অর্থ দিয়ে আস্থা অর্জন করা যায় না; আস্থা আসে সততায়, গুণে, মানে, কর্মে, ব্যবহারে ও বিশ্বাসে।
সর্বোপরি, সরকার ও বাংলাদেশ ব্যাংককে তৎপর হতে হবে। নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, একটি দেশের জীবনীশক্তি সরবরাহ করে মূলধন; আর তা আসে শেয়ারবাজার থেকে। সুতরাং, শেয়ারবাজার বা বিনিয়োগকারীরা বাঁচলে বাঁচবে বাংলাদেশ। মুজিববর্ষে আমাদের চাওয়া এটাই- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাঁচাতে শেয়ারবাজারসহ অন্যসব ক্ষেত্রে দুর্নীতিবাজদের নির্মূল করুন, দলমত নির্বিশেষে যোগ্যদের যোগ্য স্থানে বসান। তাহলেই বেঁচে থাকবেন বঙ্গবন্ধু, প্রতিটি ন্যানো সেকেন্ডে, যুগ যুগ ধরে।
শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া










