সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আসামে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আসামে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে সন্ত্রাসী হামলায় কমপক্ষে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে চার সেনাসদস্য আহত হয়েছেন।

 

স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আসামের তিনসুকিয়া জেলার দিগবই শহরে এ হামলা হয়।

 

সেনাবাহিনীর প্রতিরক্ষাব্ষিয়ক জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীত নিউটন জানিয়েছেন, দিগবই শহরের পেনগেরি এলাকায়  মাটিতে পুঁতে রাখা বোমা সেনাবাহিনীর একটি গাড়িতে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।  তিনি বলেন, সন্ত্রাসীরা রাস্তার ওপর বোমাটি পুঁতে রেখেছিল। বোমায় বিস্ফোরণ ঘটলে সেনাদলটি থেমে যায়। সে সময় সন্ত্রাসীরা সেনাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তখন সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে সম্মুখযুদ্ধ হয়। এ সময় সাত সেনাসদস্য আহত হন।

 

পরে হামলায় আহত সাত সেনাসদস্যকে একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়।

 

এ হামলার বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, ‘হামলায় সন্দেহভাজনদের শাস্তি নিশ্চিত করা হবে।’

 

হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, ‘তিনসুকিয়া বিস্ফোরণে সেনাসদস্যদের নিহত হওয়ার ঘটনা আমাকে ব্যথিত করেছে। আহত সেনাসদস্যদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।’

 

এর আগে বুধবার একই এলাকায় একটি চায়ের দোকানে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও দুজন আহত হন।

সূত্র: এনটিভি