সব খবর

আসছে ৪৩তম বিসিএস, নিয়োগ পাবেন ১৮১৪ জন

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

আসছে ৪৩তম বিসিএস। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়া হবে।

৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগের চাহিদা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা আজই পিএসসিতে চাহিদা পাঠিয়েছি। এখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে।

অপরদিকে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ তে সংশোধন আনা হয়েছে।

চলতি মাসেই এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।

 

সূত্রঃ জাগো নিউজ

ট্যাগ: