সিল্কসিটিনিউজ ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহারের শহরতলীতে একটি সাধারণ বাড়ির সামনে জড়ো হয়েছেন কয়েক ডজন মানুষ। প্রাণঘাতী অসুখ থেকে মুক্তির আশায় এবং নিজেদের প্রশ্নের উত্তর খুঁজতেই তারা এখানে এসেছেন।
উজ্জ্বল রঙে সাজানো বাড়িটির একটি কক্ষে অসুস্থ পুরুষ, নারী ও শিশুদের অনেককে বসে বা শুয়ে থাকতে দেখা যায়।

তবে এখানে উপস্থিত সবাই যে মৃত্যুপথযাত্রী বা মারাত্মক রোগে আক্রান্ত, তা নয়।
ঘরের এক কোণে বসে আছেন নেদা মোহাম্মদ কাদরি—যাকে দেখতেই সবাই এখানে এসেছেন।
সাদা পাগড়ি পরা, দীর্ঘ কালো দাড়িওয়ালা এই ব্যক্তি নিজেকে একজন ‘পীর’ বা কবিরাজ বলে পরিচয় দেন।
কাদরি একটি পানির বোতল থেকে চুমুক দেন, তারপর সেই পানি থুতুর সঙ্গে ছিটিয়ে দেন তার সামনে থাকা মানুষদের ওপর।
তিনি দাবি করেন, ঈশ্বরের কৃপায় এই সাধারণ কাজের মাধ্যমেই ক্যান্সার ও থ্যালাসেমিয়ায় ভোগা অনেক মানুষের উপশম হয়েছে। থ্যালাসেমিয়া এমন একটি রক্তজনিত রোগ, যা অঙ্গ বিকলতার কারণ হতে পারে।
কাদরির কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা নেই, এমনকি চিকিৎসা-সংক্রান্ত কোনো প্রশিক্ষণও না।
কয়েক বছর আগে তিনি একজন রাঁধুনি হিসেবে কাজ করতেন। তবে তার ভাষ্য অনুযায়ী, তখনও মানুষ তার কাছে তাবিজ চাইতে আসত, যেগুলোকে কেউ কেউ অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন বলে মনে করে।
তিনি বলেন, যেহেতু লোকজনের অবস্থার উন্নতি হতে থাকে, তাই তার কাছে আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়—বিশেষ করে ক্যান্সার রোগীদের।
স্বাস্থ্য-ব্যবস্থার ওপর তীব্র চাপ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রতি বছর ২৪ হাজারের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ১৭ হাজার মানুষ এই রোগে মারা যান।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কেননা এখানে হাসপাতাল ও ক্লিনিকের অভাব রয়েছে।
এছাড়া, সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় অনেক রোগী জানতেই পারেন না তাদের কী রোগ আছে।
এরকম পরিস্থিতিতে আফগানিস্তানে আধ্যাত্মিক চিকিৎসক বা কবিরাজদের কাছে মানুষের ভিড় বেড়েই চলেছে। এর কারণ মূলত পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে অতিরিক্ত খরচ।
চিকিৎসাকেন্দ্রের অভাবও একটি কারণ, যেমন- সম্প্রতি রাজধানী কাবুলে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল তৈরি করেছে তালেবান সরকার।
বিশেষজ্ঞরা আরও বলেন, লাইফস্টাইল বা জীবনযাপনের পদ্ধতি, যেমন- অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া, নাসওয়ার নামে পরিচিত ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার, উচ্চ মাত্রার দূষণের কারণে আফগানিস্তানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি।
তালেবান ২০২১ সালে দেশটির ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। যেমন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি কান্দাহারের মিরওয়াইস হাসপাতালের সহায়তা স্থগিত করে দেয় অর্থসংকটের কথা উল্লেখ করে। যেটি পরিচিত ছিল গুরুত্বপূর্ণ আঞ্চলিক চিকিৎসাকেন্দ্র হিসেবে।
এ সরকারের স্বল্পমেয়াদী এবং প্রায় বন্ধ হয়ে যাওয়া অর্থায়নের কারণে হাসপাতালটি এখন প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে ভুগছে। ফলে রোগীদের নিজ নিজ প্রাথমিক ওষুধ ও সরঞ্জাম নিজেদেরই কিনতে হচ্ছে।
এই তীব্র সংকটের প্রভাব দক্ষিণ আফগানিস্তানে কিছুটা হলেও কমানো যেত পাকিস্তানের সঙ্গে সীমান্তপথে যাতায়াতের মাধ্যমে। প্রায় ১৮ মাস আগ পর্যন্ত কান্দাহারের বাসিন্দারা ভিসা ছাড়াই সীমান্ত পাড়ি দিতে পারতেন এবং উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যেতে পারতেন।
কিন্তু সেই সুযোগও এখন বন্ধ হয়ে গেছে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর চামানুস্পিন বোলদাক সীমান্ত একাধিকবার বন্ধ করা হয়েছে। পাশাপাশি কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে পাকিস্তান থেকে আমদানি করা ওষুধের ওপর, যার উপর এই অঞ্চলের মানুষ অনেকটাই নির্ভরশীল ছিল।
এসব কারণে আগে থেকেই থাকা আফগানিস্তানের নাজুক স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ সৃষ্টি হয়েছে।
চিকিৎসার পথে বাধা
নাজির আহমদ মাইওয়ান্দওয়ালের স্ত্রী শুকরিয়া এক বছরেরও বেশি সময় আগে তীব্র মাথাব্যথায় ভুগতে শুরু করেন। তখন নাজির তার স্ত্রীকে নিয়ে পাকিস্তানে যান, যেখানে তার ব্রেন টিউমার ধরা পড়ে এবং অপারেশন করা হয়।
“অপারেশনের পর আমার স্ত্রীর অবস্থা কিছুটা ভালো হতে শুরু করে। তার ওজন কিছুটা বাড়ে এবং ছয় মাস সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আবার খারাপ হতে শুরু করে,” জানান মাইওয়ান্দওয়াল।
চিকিৎসকরা শুকরিয়াকে আবার পাকিস্তানে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তখন সীমান্ত দিয়ে ভিসাহীন চলাচল বন্ধ হয়ে গেছে।
মাইওয়ান্দওয়াল বলেন, “আমি তিনবার পাকিস্তানের ভিসার জন্য আবেদন করেছি, কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়েছে। আমি কাবুলেও গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যান্সার চিকিৎসাকেন্দ্রে রেডিওথেরাপির ব্যবস্থা ছিল না। ফলে আমি হতাশ হয়ে ফিরে আসি।”
মার্চ মাসে তার স্ত্রী শুকরিয়া মারা যান। সেসময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর।
আবার কান্দাহারের সেই বাড়িতে ফিরে আসা যাক।
এখানে কাদরি বলেন, প্রতিনিয়ত তার কাছে মানুষ আসছে, যার মধ্যে অনেকেই আসছেন শেষ আশার খোঁজে।
তিনি বলেন, “আফগানিস্তানের সব প্রান্ত থেকে ক্যান্সার রোগীরা আমার কাছে আসে। প্রতিদিন ২৫০-৩০০ জন, এমনকি ৪০০ জন পর্যন্ত মানুষও আসে।”
হাবিবুল্লাহর ছেলে আসাদও ছিলেন তাদেরই একজন।
হাবিবুল্লাহ তার ছেলে আসাদের চিকিৎসার জন্য পাকিস্তানে যেতে পেরেছিলেন। কিন্তু সেখানে তাকে জানানো হয়, আর কিছু করার নেই।
তাকে পরামর্শ দেওয়া হয় আসাদকে বাড়ি নিয়ে পরিবারের সঙ্গে বাকি সময়টা কাটাতে।
হাল না ছেড়ে এবং কিছুটা ‘মানসিক শান্তি’র খোঁজে হাবিবুল্লাহ আফগানিস্তানে ফিরে আসেন।
অনেক ক্যান্সার রোগীকে কাদরি সুস্থ করেছেন- বন্ধুদের কাছে এমন কথা শুনে আসাদকে নিয়ে তার কাছে যান তিনি।
কিন্তু সেখানেও কোনো আশার আলো পাওয়া যায়নি।
হাবিবুল্লাহ বলেন, “ওরা আমার ছেলের একটি ছবি তুলে সেটি তার কাছেই রাখতে বলেছিল এবং বলেছিল দশ দিনের মধ্যে তার চেহারা বদলে যাবে যে সে নিজেকেই চিনতে পারবে না।”
কিন্তু তা না হয়ে আসাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
হাবিবুল্লাহ বলেন, “আমি আমার ছেলেকে হারিয়েছি। সে রেখে গেছে পাঁচটি সন্তান ও একজন স্ত্রী।”
তিনি আরও বলেন, “আমার ছেলেকে ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে। সে কাদরিকে টাকা দিয়েছে, কিন্তু ক্যান্সার থেকে সুস্থ হতে পারেনি।”
হাবিবুল্লাহর দাবি, একটি ভেড়া নেওয়ার পরও কাদরি “নজরানা ও যাতায়াত খরচ” হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করতেন।
তার ভাষায়, কাদরি একজন “প্রতারক”।
নাম প্রকাশে অনিচ্ছুক কান্দাহারের আরেকজন বাসিন্দা বলেন, তিনি ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য কাদরিসহ অনেক মাজার ও কবিরাজের কাছে গিয়েছিলেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, “কাদরি আমাকে পাকিস্তান বা অন্য কোথাও যেতে মানা করেছিলেন এবং একটি ভেড়া নিয়ে আসতে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে’।”
তিনি আরও জানান, সাত দিন ধরে তিনি কাদরির কাছে গিয়ে ঝাকফুঁক নিয়েছেন এবং তাকে সেফট্রিয়াক্সন ইনজেকশন ও কো-অ্যামক্সিক্ল্যাভ এবং অগমেন্টিন ট্যাবলেট দেওয়া হয়েছিল। এগুলো সাধারণত, ব্যাকটেরিয়াজনিত গুরুতর ইনফেকশন বা সংক্রমণ সারাতে ব্যবহৃত হয়ে থাকে।
তিনি বলেন, “এসবের পরও আমার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি বুঝতে পারছিলাম সময় নষ্ট হচ্ছে, তাই বাধ্য হয়ে পাকিস্তানের লাহোরে অবস্থিত শওকত খানম হাসপাতাল-এ চিকিৎসা নিতে যাই।”
সেখানে চিকিৎসা নেওয়ার পর শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন তিনি।
চিকিৎসার পদক্ষেপ
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সেফট্রিয়াক্সন মানবদেহের শিরায় প্রয়োগ করতে হয় এবং এসব অ্যান্টিবায়োটিকের কোনোটিই ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় না।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলোর ব্যবহার বিপজ্জনক হতে পারে এবং এর ফলে ড্রাগ রেজিস্ট্যান্সসহ (এমন একটি অবস্থা যখন নির্দিষ্ট কোনো ওষুধ আর কাজ করে না) অগণিত জটিলতা তৈরি হতে পারে।
বিবিসির প্রশ্নের জবাবে কাদরি দাবি করেন, তিনি তার সেবার জন্য কোনো টাকা চান না। তবে এটাও বলেন, তার কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকেই তাকে অর্থ দেন।
“মানুষের কাছেই জিজ্ঞেস করুন,” বলেন তিনি।
তিনি আরো জানান, “চিকিৎসকের পরামর্শে” তিনি রোগীদের ওষুধ দেন এবং কখনোই কাউকে আধুনিক চিকিৎসা নিতে বাধা দেননি।
আফগানিস্তানে হতাশাগ্রস্ত মানুষের কাছে এ ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে কাদরি একা নন।
নানগরহারের বাসিন্দা মোহাম্মদ আজিজ সাঈদি বলেন, তার যমজ মেয়েরা থ্যালাসেমিয়ায় ভুগছিল এবং বেঁচে থাকার জন্য তাদের শরীরে প্রতি মাসে রক্ত দিতে হতো।
তিনি জানান, কিছু আত্মীয়ের পরামর্শে তিনি তার মেয়েদের কবিরাজের কাছে নিয়ে যান, কিন্তু এতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
“কেউ খাদ্যাভ্যাসে নিষেধাজ্ঞা দিয়েছিল, কেউ আবার দিয়েছিল ফুঁ দেওয়া পানি। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরে আমরা চিকিৎসা শুরু করি এবং এখন তাদের অবস্থা খুব ভালো,” বলেন তিনি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ঝাড়ফুঁক কিংবা আধ্যাত্মিক চিকিৎসা দীর্ঘমেয়াদি ও প্রাণঘাতী রোগে ভোগা মানুষের জন্য মানসিক সমর্থন ও স্বস্তি হয়তো দিতে পারে, তবে তা কখনোই চিকিৎসাবিজ্ঞানের বিকল্প হতে পারে না।সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা খন্দকার নাঈম আহমেদ টিটন সম্প্রতি খুন হওয়ার পর নতুন করে ওই তালিকায় ‘শীর্ষ সন্ত্রাসী’দের নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।
অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতে নিজেদের মধ্যে তারা দ্বন্দ্ব সংঘাতে জড়াচ্ছেন এমন খবরও আসছে সংবাদ মাধ্যমে।
ঢাকার পুলিশ কমিশনার অবশ্য বলেছেন, “শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ওরকম সাজতে চাচ্ছে”।
তিনি এও বলেছেন যে, যারা শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙ্গাচ্ছে কিংবা যারা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাদের আগেই তারা দমন করবেন।
কিন্তু প্রশ্ন হলো, কারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং নতুন নতুন সন্ত্রাসীর আবির্ভাব হচ্ছে কীভাবে? অর্থাৎ কারা কখন কিভাবে সন্ত্রাসে জড়িয়ে পড়ছে?
পুলিশ ও বিশ্লেষকরা বলছেন, দেশে এক সময় এলাকাভিত্তিক কর্তৃত্ব তৈরির প্রতিযোগিতা থেকে আলোচিত সন্ত্রাসী তৈরি হলেও এখন সন্ত্রাসী হিসেবে যারা তকমা পাচ্ছে তাদের উত্থান হচ্ছে মূলত কিশোর গ্যাং থেকে। এরা মূলত, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমেই অপরাধ জগতের দিকে ঝুঁকে পড়ে।
তবে সবসময় পর্দার অন্তরাল থেকে ‘গডফাদাররাই’ এদের একেক জনকে সমর্থন-সহায়তা যুগিয়ে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা পাবার উপযোগী করে তুলছে। অভিযোগ আছে, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক নেতারাই এদের লালন করে থাকেন।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদত হোসেন বলছেন, সমাজে যেন সন্ত্রাসী হিসেবে কারও আবির্ভাব না ঘটে সেজন্য পুলিশের দিক থেকে প্রতিরোধমূলক অনেক পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এগুলো কতটা সফল হচ্ছে সেটি নির্ধারণের কোনো মাপকাঠি নেই।
“আর এই সত্যিটাও অস্বীকার করা যাবে না যে পরিবার ও সমাজ যথেষ্ট সক্রিয় হয়ে এগিয়ে না হলে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ঠেকানো কঠিন হয়ে পড়ে। পুলিশ চেষ্টা করছে কিন্তু এজন্য দরকার সম্মিলিত চেষ্টা,” বিবিসি বাংলাকে বলছেন তিনি।
আলোচনায় শীর্ষ সন্ত্রাসী
গত সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার নিউ মার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার পরই নতুন করে আলোচনায় উঠে আসে পুলিশ ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের নাম।
কারণ পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে পুলিশ কর্তৃক ঘোষিত তালিকায় থাকা কথিত ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ মধ্যে একজন খন্দকার নাঈম আহমেদ টিটন।
তিনি ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন।
ঢাকার অপরাধ বিষয়ক সাংবাদিক ও আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান বলছেন, “শুধু টিটন নয়, পুলিশ কর্তৃক ঘোষিত শীর্ষ সন্ত্রাসীরা তালিকায় থাকা এমন অন্তত ৬ জন অন্তর্বর্তী সরকারের সময়ে জেল থেকে ছাড়া পেয়েছে এবং এরপরেই তাদের ঘিরে অপরাধ জগতে এক ধরনের তৎপরতা দেখা যাচ্ছে”।
এর আগে ২০২৪ সালের ৮ই অগাস্টে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর ১১ই অগাস্ট কিলার আব্বাস ও ১৩ই অগাস্ট কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সুইডেন আসলাম। তারা দুজনই সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত ২৩ সন্ত্রাসীর তালিকায় ছিলেন।
এরপর পনেরই অগাস্ট কেরানীগঞ্জের কারাগার থেকে বেরিয়ে আসেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা সানজিদুল হাসান ইমন। তিনি ও কিলার আব্বাস মুক্তি পেয়েই দেশ ছেড়েছেন বলে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে তখন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল।
এর কয়েকদিন পরেই আলোচনায় আসেন ওই তালিকার অন্যতম নাম সুব্রত বাইন। খবর ছড়ায় যে তিনিও জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে গেছেন।
এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই পরে ২০২৫ সালের ২৭শে মে সেনাবাহিনী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটকের খবর জানায়।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, “সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম”।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম (সুইডেন আসলাম হিসেবে পরিচিত)। ২০১৪ সাল থেকে তিনি ওই কারাগারে আটক ছিলেন।
এছাড়া শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল এবং খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসুও মুক্তি পেয়েছেন বলে জানা গেলেও এখন তাদের অবস্থান কোথায় সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৮ সালে সুইডেন আসলাম, জোসেফ, বিকাশ ও প্রকাশকে ধরতে ৫০ হাজার টাকা করে প্রথম পুরস্কার ঘোষণা করেছিল সরকার।
এরপরের কয়েক বছরে একের পর এক ঘটনায় আলোচিত হয়ে ওঠা মোট ২৩ জনকে শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত করে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে বিএনপি-জামায়াত জোট সরকার।
এর মধ্যেই বিভিন্ন সময়ে সুইডেন আসলাম, ইমন, টিটন, সুব্রত বাইন, জোসেফ, কিলার আব্বাস, বিকাশ কুমার বিশ্বাসসহ অনেককেই আটক করতে সক্ষম হয় পুলিশ।
কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়েই ২০০৯ সালেই পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ বিকাশ কুমার বিশ্বাস জামিনে মুক্তি পান। তার ভাই প্রকাশ কুমার বিশ্বাসও ওই তালিকার একজন। তবে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
তবে আওয়ামী লীগ আমলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল রাষ্ট্রপতির ক্ষমায় জোসেফ আহমেদের মুক্তি পাওয়ার ঘটনা। মুক্তির আগে তিনি প্রায় ২০ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যাবজ্জীবন সাজার আসামি নব্বইয়ের দশকের আলোচিত এই জোসেফ আহমেদের বড় ভাই হারিস আহমেদের নামও ছিল পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। তারা দুজন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই।
দীর্ঘকাল ধরে এসব ‘শীর্ষ সন্ত্রাসী’ তালিকায় থাকা ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করে আসা কামরুল হাসান বলছেন, “এদের অনেকে দীর্ঘদিন জেলে থেকেই তাদের বাহিনীর মাধ্যমে অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে এবং আবার কেউ কেউ বিদেশে থেকেও দেশের ভেতরে অপরাধমূলক নানা তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ আছে”।
“এরা জেলে থাকার সময় অপরাধ জগত কিছুটা স্থিতিশীল ছিল। এদের মুক্তির পর আবার অস্থিরতার খবর বেরিয়ে আসছে,” বিবিসি বাংলাকে বলেছেন মি. হাসান।
তবে এখন তাদের তৎপরতা সম্পর্কে খুব একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় না। যদিও অনেকে মনে করেন তিন দশকেরও বেশি সময় ধরে আলোচনায় থাকা এসব ব্যক্তিদের সহযোগী কিংবা অনুসারীরা অপরাধ জগতে এখনো সক্রিয় আছে।
শনিবার ঢাকার কারওয়ানবাজারে এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, “এখন শীর্ষ সন্ত্রাসী তেমন আর নেই’। তিনি বলেন “আমাদের তালিকা হালনাগাদ সবসময় হচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন ও ব্যবস্থা সবই নেওয়া হয়েছে এবং হালনাগাদ করা হচ্ছে।”
নতুনরা অপরাধে জড়াচ্ছে কীভাবে
পুলিশ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আশির দশক থেকে যারা অপরাধ জগতের নানা ঘটনার জেরে বারবার আলোচনায় এসেছেন তারা শুরুতে নিজ এলাকায় ছোট ছোট ঘটনায় জড়িত হয়েছিলেন।
কামরুল হাসান বলছেন, “নিজেরা ছোট ছোট ইস্যু থেকে তৈরি হতো। তারপর কোনো গডফাদার তাদের পিক করতো। এরপর আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের সাথে তাদের একটা সমঝোতা হতো। যেমন ধরুন কালা জাহাঙ্গীরকে ধরার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হলেও তাকে কিন্তু কখনো আটক করা হয়নি। যদিও পুলিশ কিন্তু নিজে কাউকে সন্ত্রাসী বানায়নি”।
মি. হাসান বলেন, আগে সন্ত্রাসের জন্য আলোচিতরা সরাসরি রাজনৈতিক দলে সম্পৃক্ত হতো না, তারা কারও কারও ব্যক্তিগত ছত্রছায়ায় থাকতো।
“কিন্তু এক পর্যায়ে দলগুলো আলোচিত সন্ত্রাসীদের দলে জড়িত করে। কেউ যুবলীগ-আওয়ামী লীগে আবার কেউ যুবদল-বিএনপিতে জড়িত হয়েছিল। আবার কেউ কেউ আবার দল বদলও করেছে। এভাবেই রাজনৈতিক আশীর্বাদ তাদের ক্ষমতাশালী করে তুলেছিল,” বলছিলেন কামরুল হাসান।
সমাজ অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক বলছেন, স্বাধীনতার পর শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের উত্থান হয় ৯০ সাল পর্যন্ত, তবে তারা প্রকাশ্যে আসতো না।
“৯০ এর পর থেকেই তাদের অনেকে প্রকাশ্যে সক্রিয় হয় ও ক্ষমতার লাঠিয়ালে পরিণত হয়। এরপর থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব, ডিশ ব্যবসা, কারও হয়ে জায়গা দখল, ঝুট ব্যবসা, অস্ত্র ও মাদক ব্যবসা সন্ত্রাসী তৈরির উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
কামরুল হাসান বলছেন, “অপরাধ সমাজের অনুষঙ্গ। আইনের কঠোর প্রয়োগ থাকলে অপরাধ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে সন্ত্রাসী তৈরি হওয়ার সংস্কৃতি আছে। এখন অনেক উঠতি সন্ত্রাসী তৈরি হচ্ছে। ছিনতাই চাঁদাবাজি দিয়ে শুরু হয়। এর মধ্যে কে টিকবে আর কে হারিয়ে যাবে তা বলা কঠিন। কিন্তু কেউ কেউ হয়তো ভবিষ্যতের তালিকার জন্যও পুলিশের কাছে উপযোগী হয়ে উঠবে এবং এ চক্র চলমান থাকবে”।
পুলিশ সদরদপ্তরের মুখপাত্র ও ডিআইজি এ এইচ এম শাহাদত হোসেন বলছেন, সন্ত্রাসের জড়িয়ে পড়া ঠেকাতে নানা ধরনের প্রতিরোধমূলক কর্মসূচি পুলিশ সবসময় নেয়, তবে অল্প বয়সে অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার থেকে সমাজে সবার দায়িত্ব আছে।
“কমিউনিটি পুলিশিং, জনসচেতনতা, সংশোধনের জন্য কাউন্সেলিং সব চেষ্টাই পুলিশ করছে। এগুলোর আউটপুট তো আর দেখে পরিমাপ করা যাবে না। তবে এটি সত্যি যে, সবাই পুলিশকে সহযোগিতা না করলে সফলতা পাওয়া তো সহজ হবে না,” বিবিসি বাংলাকে বলছেন।
সূত্র: বিবিসি বাংলা










