
আমার প্রাণপ্রিয় সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্যবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রতি রইলো সালাম ও শুভেচ্ছা। আরইউজের একজন সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিতবোধ করি। আগামী ২৬ ডিসেম্বর (সম্ভাব্য তারিখ) আরইউজের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নির্বাচনে এরই মধ্যে সভাপতি পদে আমি প্রার্থী হিসেবে অংশ নেয়ার জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আমি নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছি।
আমাদের আরও কয়েকজন সম্মানিত সদস্য একইভাবে প্রচারণায় অংশ নিয়েছেন। সবাই যে যার স্থান থেকে যোগ্যতাপূর্ণ ব্যক্তি। তাদের মাঝ থেকে সম্মানিত সদস্যরা বেছে নিবেন আগামি তিন বছরের নেতৃত্ব।

প্রিয় সহকর্মীরা,
নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সেটির জন্য নিজেকে প্রস্তুত রেখেই এ নির্বাচনে আমি অংশ নিয়েছি। কারণ এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশ নিচ্ছি। ফলে ভোটের ফলাফল যায় হোক না কেনো এরই মধ্যে আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তাতেই আমি গর্বিত। এ নির্বাচনে আমার হারানোর কিছু নাই। যতটুকু পাবো সবই আমার প্রাপ্তির খাতায় যোগ হবে। আগামিতে আমার পথচলাকে আরও সুদৃঢ় করবে। আমি এই বয়সে আমার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসা নিয়ে যতদূরে এসেছি, তাতেই আমি ধন্য।
জীবনে নানা চড়াই-উতরায় ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমি নিজেকে একজন সফল মানুষ বলে মনে করি। এতো দূরে আসতে আমার বাবা-মা পরিবার থেকে শুরু করে অনেক সহকর্মী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, বুদ্ধি-পরামর্শ পেয়েছি। তাদের প্রতি আমি সারাজীবনের জন্য কৃতজ্ঞ। তবে এই সফলতার গল্পের পেছনেও আমার জীবনে চলার পথে বার বার হেরেছি। কিন্তু সেখান থেকে নতুন কিছু শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেছি। কখনো পিছু তাকাইনি। কে কি বললো, কি করলো-সেসব নিয়েও বসে থাকিনি। চলেছি আমার আমি হয়ে। তাই আমার এখন হারানোর কিছু নাই। সবই প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে। যার ফলে আমি এখন আর নিজেকে নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি সমাজ, সহকর্মী বা মানুষের জন্য। আমি বাকি জীবন এভাবেই নিজেকে উজাড় করে দিতে চাই। এখন আশা যাক কেনো আমি এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি সে প্রসঙ্গে।
প্রিয় বন্ধু ও সহকর্মীরা,
এই নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমি আরইউজের মতো একটি পেশাদার ও গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হতে পারলে আগামিতে সকল সদস্যদের জন্য মূলত কিছু নির্দিষ্ট কাজ আমি নিজেকে সর্বোচ্চ বাজি রেখে এবং আপনাদের সঙ্গে নিয়েই করে যাবো।
সেই কাজগুলো আমি তুলে ধরলাম এখানে-
১. আমি নির্বাচিত হতে পারলে সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যদের নিয়ে অন্তত ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করবো। তাদের পরামর্শ নিয়ে নির্বাহী কমিটি সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রাণের এই আরইউজে সংগঠনটির। কাজেই এখানে যে কোনো বড় ধরনের সিদ্ধান্তের বিষয়ে সব সদস্যের সমান অংশিদারিত্বের সুযোগ থাকবে। সরকারি সকল ধরনের অনুদান বা সুযোগ-সুবিধাগুলো দুই কমিটির সকল সদস্যদের সিদ্ধান্তে বাস্তবায়ন করা হবে। এর বাইরেও সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের লড়াই বা সংগ্রামে সর্বাত্মক ভুমিকা রেখে যাবো। পাশাপাশি আরইউজের সদস্য সংখ্যা তিন মাসের মধ্যে আবেদন প্রাপ্তির ভিত্তিতে যোগ্যতানুযায়ী বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হবে।
২. কারো জন্যই কাম্য নয়, তবুও নানা বিপদ মানুষের সামনে এসে হাজির হয় কোনো আগাম বার্তা ছাড়ায়। আমি সেসব বিষয় মাথায় রেখেও কিছু পরিকল্পনা করেছি; তা হলো- চাকুরিচূত্য, দূররােগ্য রোগে আক্রান্ত বা দুর্ঘটনার শিকার সাংবাদিকদের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে এক লাখ টাকা আর্থিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। পরবর্তিতে সরকারি অনুদানও অগ্রধিকার ভিত্তিতে তাদের জন্য ব্যবস্থা করবো।
৩. সম্মানিত সদসদের ছেলে বা মেয়ের বিয়ের জন্য আবেদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ৫০ হাজার থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে এক লাখ টাকা প্রদানের ব্যবস্থা করবো।
৪. প্রতিটি সদস্যের মৃত্যুর পর তার পরিবারকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে অন্তত দুই লাখ টাকা আর্থিকভাবে সহায়তার ব্যবস্থা করবো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তিতে সরকারি অনুদানও অগ্রধিকার ভিত্তিতে তাদের জন্য ব্যবস্থা করবো।
৫. সকল সিনিয়র সদস্য এবং সংগঠনের সাবেক নেতাদের জন্য নির্বাচনের দুই মাসের মধ্যে একটি সংবর্ধনার আয়োজন করবো।
৬. সংগঠনের সদস্যদের জন্য মাথাগোঁজার ঠাঁই হিসেবে আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি অন্তত দুটি প্লট বা একটি বড় কোনো জায়গা বরাদ্দ পেতে সর্বাত্মক চেষ্টা করে যাবো। যেখানে বহুতল ভবন নির্মাণ করা যায়।
৭. সর্বপরি সংগঠনের পক্ষ থেকে প্রতিটি সদস্যদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করবো। সংগঠনের প্রতিটি সদস্যের ঘরে প্রতিটি উৎসব যেন হয়ে ওঠে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে।
সবশেষে বলতে চাই, হিংসা-বিদ্বেশ ছড়িয়ে নয়, সকলের অংশগ্রহণে এবার আরইউজের নির্বাচনটি প্রাণবন্ত এবং আনন্দঘনময় পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে আশা করি। আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকল বাধা পেরিয়ে টিকে থাকুক সাংবাদিকতা। আসুন পেশাদারিত্বের মাধ্যমেই আমরা সবাই এক কাতারে রাজশাহীর সাংবাদিকতাকে এগিয়ে নিই সকল বাধা একসঙ্গে মোকাবেলা করে। শুভ কামনা রইলো সংগঠনের সকল সম্মানিত সদস্য এবং এ নির্বাচনে অংশ নিতে যাওয়া সকল প্রার্থীদের প্রতি।
ইতি
আপনাদেরই সহকর্মী
রফিকুল ইসলাম
ব্যুরো প্রধান, দৈনিক কালের কণ্ঠ, রাজশাহী অফিস










