ছবিঘর

আমি এখনো বেছে বেছে কাজ করি

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই দিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। যাওয়ার আগে আকা রেজা গালিবের ওয়েব ছবি ‘গহীন অতল’-এ অভিনয় করেছিলেন। মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

কেমন আছেন? কানাডা থেকে ফিরেছেন কবে?

ভালো আছি।

দেশে ফিরেছি দুই দিন হলো।ওয়েব ছবি ‘গহীন অতল’-এ অভিনয় করেছেন। আপনার অভিনীত চরিত্রটি কেমন?

একজন মায়ের চরিত্রে দেখা যাবে আমাকে। এক রাতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় বদলে যায় সেই মায়ের জীবন।

ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখি। কিন্তু পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে নতুন তথ্য। এরপর শুরু হয় সত্য গোপন রাখার লড়াই।

‘মাসুদ রানা’ সিরিজের গল্প এটি।

আগে পড়েছিলেন?না, পড়া হয়নি। তবে ছবিটি করার আগে চিত্রনাট্যটি ভালোভাবে পড়েছি। ফলে গল্পটি চেনাজানা মনে হয়েছে।

অভিনয়-মডেলিংয়ে ৩৬ বছর মানে তিন যুগ পার করলেন। দীর্ঘ এই পথচলার অভিজ্ঞতা কেমন?

দর্শকের কাছে কৃতজ্ঞতা।

এই জার্নিটা ভালোবাসার, আবেগের। দর্শক আমাকে দীর্ঘ সময় পর্দায় দেখতে চেয়েছেন বলেই আমি আছি এখনো। দেখতে দেখতেই সময়টা পার হয়ে গেল। এই অভিজ্ঞতা এককথায় অর্জনের। 

এই সময়ের মডেল যাঁরা তাঁদের কাজ কেমন লাগে? কোনো পরামর্শ দেবেন তাঁদের জন্য?

মডেলিংয়ে এখন অনেক পরিবর্তন এসেছে। সবাই ভালো ভালো কাজ করছে। আমি সব সময় ওদের পাশে থাকার চেষ্টা করি। পরামর্শ কী দেব? কোনো পরামর্শ নয়, শুধুই ভালোবাসা। এখন যারা কাজ করছে, তাদের ভালো কাজ করার ইচ্ছাটা প্রবল। আমরা যারা সিনিয়র, আমাদের খুব সম্মান করে। এমনটা কখনো হয়নি, আমি একটা অনুষ্ঠানে গেছি, তাদের চোখে চোখ পড়েছে আর তারা আমাকে এড়িয়ে গেছে। বরং সম্মানের সঙ্গে কথা বলেছে। আমি তাদের এই মনোভাব খুব পছন্দ করি।

অনুজরা তো আপনাকে আইডল মনে করে…

এই সময়ের ছেলে-মেয়েরা যে আমাদের চেনে-জানে, এটাই তো বড়। তাদের আইডল হতে পারলাম কি না তা নিয়ে ভাবার দরকার কি? আমি খুব আনন্দিত হই, যখন শুনি ওরা আমাদের প্রজন্মকে চেনে।

অভিনয়ে কমই পাওয়া যায় আপনাকে। নিয়মিত হবেন?

আমি তো কখনোই অনেক কাজ করি না—হোক অভিনয় বা মডেলিং। অনেকের ধারণা, নব্বইয়ের দশকে আমি প্রচুর বিজ্ঞাপন করেছি। আসলে তা নয়, তখন একটিমাত্র টিভি চ্যানেল ছিল। একই বিজ্ঞাপন বারবার প্রচারিত হতো। সেটা দেখে সবাই এমন ধারণা করতেন। আমি এখনো কিন্তু বেছে বেছে কাজ করি। গত বছর বাংলাদেশ টেলিভিশনের একটি নাটক করেছিলাম, এ বছর আরেকটি করেছি। আর এই ওয়েব ছবি করলাম। দেখা যাক, সামনে পছন্দের গল্প পেলে করতেও পারি।

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও করেননি। এখন কি করার ইচ্ছা আছে?

তখন যে ধরনের ছবির প্রস্তাব আসত, সেগুলো পছন্দ হতো না। আমি বরাবরই ভালো গল্প, ভালো চরিত্রের অপেক্ষায় ছিলাম। এখনকার চলচ্চিত্রের গল্প, নির্মাণেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। তবে সেই সময় যে ধরনের চরিত্র করতে চাইতাম, এখন তো সেটা সম্ভব নয়। আমার বয়সের সঙ্গে যায় এমন গুরুত্বপূর্ণ কোনো চলচ্চিত্রে প্রস্তাব পেলে ভেবে দেখব।

এখনকার ছবি দেখেন?

হলে গিয়ে কমই দেখা হয়। বাসায় নিয়মিত দেখি। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বাংলা সিনেমা এলে দেখা হয়। শেষ কয়েক বছরে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন এসেছে। বিশ্ববাজারেও বাংলা চলচ্চিত্রের সুনাম ছড়িয়ে পড়েছে। এটা শুনতেও ভালো লাগে।