জাতীয়

‘আমার পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার’

নিউজ ডেস্ক৯ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘আমার পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার, হের জ্বালায় আমরা আর বাঁচতে পারছি না। ঘরের সব শেষ কইরা, বাইরে চুরি করে। প্রতিদিন বিচার আহে। শরমে মুখ দেহাইতে পারি না।

’— এভাবেই আঞ্চলিক ভাষায় মাদকাসক্ত আবু কাউসারকে (১৯) সাজা দিয়ে জেলে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. তারিকুল ইসলামের কাছে আকুতি জানাচ্ছিলেন ভুক্তভোগী মা-বাবা।
অবশেষে মাদকসেবীর মা-বাবার কথা রাখলেন ইউএনও। ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ১ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান ইউনও। গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালিপুর গ্রামে।

মাদকাসক্ত আবু কাউসার উপজেলার জয়কালিপুর গ্রামের দিনমজুর পরশ মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকাসক্ত আবু কাউসার কারণে দীর্ঘদিন পরিবারটিতে অশান্তি সৃষ্টি হচ্ছে বলে জানান পরশ মিয়া দম্পতি। তার নেশার কারণে পরিবারটি আজ নিঃস্ব। মাদক সেবনের টাকার জন্য প্রতিদিন কোন না কোন এলাকায় চুরি করত।

উপায় না পেয়ে পরিবারটির অনুরোধে তাকে ১ বছরের সাজা দিয়ে জেলে পাঠানো হয়। এটা সমাধান না। মাদকের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত কাউসারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

আবু কাউসারের মা জানান, ছেলে মাদক সেবন বন্ধ না করায় বাধ্য হয়ে প্রশাসনের সাহায্য নিতে হয়েছে।

তার কারণে আমার বাকি দুই সন্তানও মানসিক কষ্টে আছে।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘মাদক সেবনের টাকার জন্য এমন কোনো কাজ নেই, যা সে করত না। ছেলেটাকে ভালো করার জন্য সব কিছু করেছে তার পরিবার। শেষমেশ ইউএনও স্যার জেলে পাঠিয়ে একটা ভালো কাজ করেছেন।’