সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করব না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বিএনপির নীতি হচ্ছে একটাই- দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের ও উন্নয়নের। আগামীর সরকার হবে বিএনপির সরকার, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আগামীর সরকার এদেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিল আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনি পথসভায় যোগ দেন সালাহউদ্দিন আহমদ।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করব না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশি পাসপোর্টেও তাই লেখা আছে।
চা বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক।
সূত্র: যুগান্তর










