রাজনীতি

আবারও সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ শহরের পশ্চিম বাজারে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

তিনি আরো বলেন, ‘যাঁরা চাঁদাবাজি করেন, তাঁদের বলছি, আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু চাঁদাবাজিকে হারাম করেছেন। আপনারা যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা তা করতে প্রস্তুত। কিন্তু আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি করবেন না।

’পথসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম, নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর : গতকাল দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজমায়েতে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগারে, আমি বাইরে থাকতে চাই না। ২৫ ফেব্রুয়ারি আমি নিজেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিয়ে বলব আমাকে কারাগারে পাঠান। তাঁকে (এ টি এম আজহার) যদি মুক্তি না দেন, জামায়াতের সমর্থক তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।’

শফিকুর রহমান বলেন, ‘৫৪ বছরে অনেকজনের শাসন আমরা দেখেছি। অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শশ্মান বাংলা কায়েম করেছে। কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে।’
তিনি বলেন, ‘মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে আশা করেছিল, ২৪-এর পরে দুঃশাসন-দুর্নীতির অবসান হবে। কিন্তু তা হয়নি।’