সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

আপনি কি লুকিয়ে পুরনো প্রেমিকা বা প্রেমিকের প্রোফাইল ঘাঁটেন?

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৭৫ মিনিট পড়া
আপনি কি লুকিয়ে পুরনো প্রেমিকা বা প্রেমিকের প্রোফাইল ঘাঁটেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ঘাসগুলো ভাল থাকে, গরুরাও ভাল
থেকে থেকে মরে যায়; বাছুরের ডাক—
তুমি ভাল আছ জেনে ভীষণ অবাক
হয়েছে, অথচ জানো বিকেলের আলো

আমাকে নিদেন সুরে বলে গেল এই,
তুমি ভাল আছ জেনে আমি ভাল নেই।’’
(‘সম্ভাষণ’/ অচ্যুৎ মণ্ডল)

সুলোচনা টেবিলে নৈশভোজ সাজিয়ে ডাক দিল, ‘‘আশু চলে এসো, ডিনার রেডি।’’ বেডরুম থেকে কোনও সাড়া না পেয়ে সুলোচনা একধাপ সুর চড়াল, ‘‘এসো না বাবা!’’এ বার শোনা গেল আশুতোষের গলা, ‘‘আসছি। একটু দাঁড়াও।’’

সুলোচনার মাথা গরম হয়ে যাচ্ছিল। সে রেগে উত্তর দিল, ‘‘সারাদিনের খাটাখাটনির শেষে আর পারছি না। এসো তাড়াতাড়ি।’’ কিন্তু মিনিট পাঁচেক পেরিয়ে যাওয়ার পরেও আশুতোষের দেখা মিলল না। প্লেটের গরম ভাত জুড়িয়ে যাচ্ছিল।

সুলোচনা এ বার টেবিল ছেড়ে উঠে গিয়ে হানা দিল বেডরুমে। বেডরুমের দরজা ভেজানো ছিল। ঠেলে ভেতরে ঢুকে সুলোচনা দেখল, আশুতোষ বালিশে হেলান দিয়ে আরাম করে শুয়ে ল্যাপটপ ঘাঁটছে। সুলোচনাকে দেখেই আশুতোষ দ্রুত ল্যাপটপটা অর্ধেক বন্ধ করে বলল, ‘‘আরে বাবা, আসছি। তুমি শুরু করো না।’’

সুলোচনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। বিরক্তি আর রাগ মেশানো গলায় সে বলল, ‘‘কতক্ষণ ধরে তোমায় খেতে ডাকছি বলো তো? কী রাজকার্য হচ্ছে! আর আমায় দেখে ল্যাপটপটা বন্ধই বা করে দিলে কেন? কার সঙ্গে চ্যাট করছ শুনি। কার প্রোফাইল ঘাঁটছ বসে বসে!’’

‘‘কী আশ্চর্য! কার প্রোফাইল ঘাঁটব? কারও নয়।’’ নির্জলা মিথ্যে বলল আশুতোষ। সে আসলে তার প্রাক্তন প্রেমিকার ফেসবুক প্রোফাইল দেখছিল। যে প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে এক কোটিপতিকে বিয়ে করেছে। কিন্তু আশুতোষ তাকে আজও ভোলেনি। সুলোচনার প্রতি তার প্রেমে কোনও খামতি নেই। তবু, দেবলীনা, তার সেই প্রাক্তন প্রেমিকাকে সে আজও মিস করে। ‘হৃদয় খুঁড়ে’ তাকে না পাওয়ার সেই ‘বেদনা জাগাতে’ সে আজও ‘ভালবাসে’, ফেসবুকে তার প্রোফাইলে ভিজিট করে।

শুধু আশুতোষ নয়, ফেসবুকে লগ ইন করার পরে প্রাক্তন প্রিয়কে সকলেই খোঁজে। পুরনো ছবিতে ক্লিক করে, খুঁটিয়ে দেখে নেয় তার বর্তমান সঙ্গীটিকেও। সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ মানুষই ব্রেক আপের পরে এই কাজ করে। কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের গবেষক তাঁর স্নাতকোত্তর গবেষণাপত্রে জানিয়েছেন, দশজনের মধ্যে ন’জন মানুষই তাঁদের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সোশ্যাল নেটওয়ার্কের প্রোফাইল ঘাঁটেন। এমনকী, বন্ধুর প্রোফাইলে লগ ইন করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রাক্তনের প্রোফাইলে গুপ্তচরবৃত্তি করেন। সুখের দিনের ফোটোগুলি ডিলিট করে দেন। কবেকার ভুলে যাওয়া ওয়াল পোস্ট নতুন করে পড়ে নেন। হারানোর কষ্ট ভুলে কোথায় যেন একটা সুখ এনে দেয় এই লুকনো প্রোফাইল ভিজিট।

এটা এক্কেবারে এই সময়ের একটা নতুন মজা। টেকনোলজির নয়া জমানা আগেকার দিনের থেকে এই জায়গাতেই আলাদা। আগের দিনে একবার সম্পর্ক ভাঙল তো ভাঙল। সব শেষ। মনে মনে শক্তি চট্টোপাধ্যায়ের লাইন ‘তোমার মুখ অশ্রু ঝলোমলো’ আউড়ানো ছাড়া তার আর কিছুই করার থাকত না। ফেসবুকের এই পর্যবেক্ষণ থেকে এটা পরিষ্কার, যতই প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে ‘আনফ্রেন্ড’করে দেওয়া হোক, সত্যি সত্যি তাকে পুরোপুরি বাদ দেওয়া যায় না। আবার অনেকে ‘আনফ্রেন্ড’টুকুও করে উঠতে পারে না। সে থেকেই যায় ‘বন্ধু’ তালিকায়।

প্রাক্তন সঙ্গীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যতবারই দেখে প্রেমিক বা প্রেমিকা, ততবারই তার একটা ভুল ব্যাখ্যা মনের ভেতর উঁকি দেয়। মনের মধ্যে থেকে যাওয়া না মেলা প্রশ্নের উত্তর আর আশ্চর্য অনুভূতিমালাই এর জন্য দায়ী। তৈরি হতে থাকে বিভ্রম।

বিশেষজ্ঞদের মতে, এর নাম ‘গ্র্যান্ড সোশ্যাল মিডিয়া ইলিউশন’। সম্পর্ক শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের পোস্ট করা ছবি দেখে মনে হতে থাকে ব্রেক আপের পরে সে কত ভাল আছে। যত এমন মনে হতে থাকে, ততই কষ্ট এসে চেপে ধরতে থাকে। তার ওপর যদি দেখা যায়, তার সঙ্গে নতুন কারও আলাপ হয়েছে, তাহলে সেই কষ্ট আরও বহুগুণ বেড়ে যেতে থাকে। পুরনো ভালবাসার মানুষটিকে আনফলো, আনফ্রেন্ড এমনকী, ব্লক করে দেওয়ার পরেও কৌতূহলের বশে বার বার তার খবর জানার ইচ্ছে মনের মধ্যে পাক খেতে থাকে। কাজেই এটাই স্বাভাবিক যে আপনি আপনার প্রাক্তনের প্রোফাইল ঘেঁটে দেখবেন। ব্যাপারটায় যতই পাগলামি থাকুক, এ ছাড়া সত্যিই কোনও উপায় যেন নেই বলে মনে হয়।

আত্মীয় বা বন্ধুবান্ধবরা অবাক হয়ে বা রেগে গিয়ে জানতে চায়, ‘‘কেন এখনও ওর প্রোফাইলে তুমি যাও! না গেলেই তো হয়।’’ কিন্তু সত্যিই কি অত সহজ। ব্রেক আপ খুব জটিল একটা ব্যাপার। অত সহজে সব কিছু শেষ হয়ে যায় না। সোশ্যাল মিডিয়া ব্রেক আপ তো আরও কঠিন।

হয়তো আপনি মনে মনে নিজেকে বুঝিয়ে নিলেন, ‘‘নাহ্, আর দেখব না।’’ কিন্তু তাতেও আখেরে লাভ হয় না। বরং আরও নতুন করে ইচ্ছেটা আপনার মধ্যে জাঁকিয়ে বসতে থাকে। কাজেই আপনাকে এর থেকে বেরিয়ে আসতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হবে, অন্যথায় এই গোলকধাঁধার মধ্যেই আপনাকে ঘুরে মরতে হবে। রইল এই ‘অ-সুখ’ থেকে বেরিয়ে আসার সহজ টিপস।

প্রথমত, আপনাকে দেখতে হবে প্রাক্তন সঙ্গীর ছবি ও পোস্ট দেখলে ঠিক কেন আপনার খারাপ লাগছে। সেই জায়গাগুলোক খুঁজে বের করে আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসতে হবে।

১. আপনাকে ছেড়েও আপনার সঙ্গী খুব ভাল আছে, এ কথা ভাবা কমান।

২. যদি নিজেকে প্রতারিত ভাবতে থাকেন তাহলেও কষ্ট পাবেন। হতেই পারে আপনার সম্পর্কের একেবারে শেষের দিনগুলোয় এমন কিছু ঘটেছে, যা অত্যন্ত খারাপ ও অস্বাস্থ্যকর, আপনাকে কষ্ট দেবেই সেই স্মৃতি।

৩. যারা নিজেদের কৃতজ্ঞতা অফলাইন ও অনলাইন— উভয়তই দেখান, তাঁরা অবশ্য ব্রেক আপের পরে পাওয়া কষ্ট নিয়ে অতটা ভাবেন না।

৪. নিজেকে দোষী ভাবা অভ্যাস করুন। দেখবেন, অন্যকে দোষী না ভাবার কারণে খুব দ্রত কষ্ট পাওয়া থেকে বেরিয়ে আসবেন।

৫. মন ঠান্ডা করে যদি সত্যিটা আসলে কী সেটা ভাবার ক্ষমতা থাকে, তাহলে প্রাক্তন সঙ্গীর ছবি দেখে ভুলভাল ধারণা করা বন্ধ হবে।

কাজটা সহজ নয়। কিন্তু আস্তে আস্তে এই কথাগুলি মাথায় রেখে নিজেকে সামলে নিলে ব্যাপারটা থেকে বেরিয়ে আসা সম্ভব। নিশ্চয়ই একদিনে হবে না, কিন্তু চেষ্টা করলে এর থেকে রেহাই পাওয়াটা অসম্ভব নয়।