সিল্কসিটিনিউজ ডেস্ক :
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিন মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে রাজ্য সিপিআই (এম)-এর সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, “আপনাকে মাটিতে নামতেই হবে।”
বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার পর মি. সেলিম এ কথা বলেন।

দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের দিনে সকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বুথ পরিদর্শন নিয়ে কটাক্ষ করে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “যারা উড়তে থাকে, তাদেরও মাটিতে নামতে হয়। রকেট বাজির ভেতরে বারুদ থাকলে, তাতে আগুন ধরালে তা আকাশে উঠে যায়। কিন্তু বারুদ ফুরিয়ে গেলে তা নিভে গিয়ে মাটিতে পড়ে যায়।”
বুধবার সকাল থেকেই বুথ পরিদর্শনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এর আগে ভোটের সময় তাকে সকালে এইভাবে দেখা যায়নি।
সাধারণত কালীঘটে নিজের বাড়িতে থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি করেন। বিকেলের দিকে ‘মিত্র ইনস্টিটিউশন’ স্কুলে গিয়ে নিজের ভোট দেন।
সূত্র: বিবিসি বাংলা










