মিডিয়ার সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোতে যেসব প্রধান খবর বের হয়েছে

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৫৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা’ আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ খবরটিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সারা দেশের নেতা-কর্মীদের খোঁজখবর রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রতিটি থানায় ছাত্রলীগ নেতাদের তালিকা করা হচ্ছে।

সংগঠনটির নেতা-কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এই উদ্যোগের বিষয়টি জানা গেছে।

পুলিশের কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের হয়রানি, মামলা করতে নয়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের তথ্য – উপাত্ত যাচাই করা হচ্ছে।

সংবাদটিতে পুলিশের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারেন। এজন্য তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।

সেই আশঙ্কা থেকে তাদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে।

‘ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়’ সমকাল পত্রিকার শিরোনাম।

নির্যাতন, ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

গতকাল শনিবার সারাদেশে কর্মসূচির মাধ্যমে নিপীড়কদের শাস্তির দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার দাবি তুলেছে নানা শ্রেণি-পেশার ক্ষুব্ধ মানুষ।

আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’।

দিবসটি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ শীর্ষক সমাবেশ করে ছাত্রদল।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বাড়ছে। এগুলো রোধ করা না গেলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। অন্তর্র্বতী সরকারের কাছে অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন। এসব নির্যাতনের ঘটনায় পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত আছে কিনা, তা বের করুন। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না।”

এ পত্রিকার আরেকটি শিরোনাম ‘নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি’।

এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি।

গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, জুলাই ঘোষণাপত্র, নতুন সংবিধান ঘিরে সময়ক্ষেপণের

আয়োজন করা হচ্ছে বলে মনে করে দলটি।

সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান যে লক্ষ্যএকটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তারা ‘নির্বাচন প্রলম্বিত করার’ আয়োজন হিসেবে দেখছেন।

পাশাপাশি অন্তর্র্বতী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তবে দেশে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে মাঠের রাজনীতিতে থাকা বৃহৎ এই দলটি।

বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

‘বাঁচা-মরার লড়াইয়ে সেই শিশুটি’ মানবজমিন পত্রিকার শিরোনাম।

শারীরিক অবস্থার আরও অবনতি হওয়াতে মাগুরায় পাশবিকতার শিকার আট বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে তাকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন।

দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ।

উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা। মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

তবে শিশুটির বাঁচা-মরার বিষয়ে শঙ্কা রয়েছে। কারণ এখনো সে অচেতন।

নিজ থেকে নিঃশ্বাসও নিতে পারছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। বরং অনিশ্চয়তার কথা বলেছেন।

সংবাদের প্রথম পাতার শিরোনাম ‘নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার ‘বিপুল অর্থ বিনিয়োগ করছে’: প্রধান উপদেষ্টা’।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে ‘বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে’ বলে অভিযোগ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এই পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।”

‘সাশ্রয় নেই জনপ্রশাসনে খরচ বেড়েই চলেছে’ বণিক বার্তা পত্রিকার শিরোনাম।

এ সংবাদে বলা হয়েছে, প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অংকের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়।

প্রতি বছরই এ খাতে সরকারের ব্যয় বাড়ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এর আগের বছরের তুলনায় জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতা খাতে সরকারের ব্যয় বেড়েছে হাজার কোটি টাকারও বেশি।

চুক্তিভিত্তিক নিয়োগ, ভূতাপেক্ষ পদোন্নতিসহ সামনে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেয়া হলে এর প্রভাবে বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৩১ হাজার ৭৫২ কোটি টাকা ব্যয় করেছে সরকার।

এর আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৩০ হাজার ৭১৪ কোটি টাকা।

সে অনুযায়ী, এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে ব্যয় বেড়েছে এক হাজার ৩৮ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা খাতে বাজেটে মোট ৮১ হাজার ৫৭৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা