সিল্কসিটিনিউজ ডেস্ক:
নরবলি!
শব্দের মধ্যেই যেন হাড়-হিম করা আতঙ্ক আর বিষণ্ণতা। এককালে প্রত্যন্ত গ্রামে নরবলি প্রথা চালু ছিল, তা আমরা জানতে পারি সাহিত্যের পাতা থেকে।

সব ধরনের বলিরই নেপথ্যে থাকে এক ক্ষমতার খেলা। কেউ একজন হারে, কেউ জেতে। স্বার্থের মাঝে কেউ এসে দাঁড়ালে, সে হয় বলি!
এমনই এক ভাবনা নিয়ে নবীন পরিচালক অর্ফিউস মুখোটি বানিয়েছেন এক স্বল্পদৈর্ঘের ছবি ‘বলি’। সদ্য মুক্তি পেয়েছে ইউটিউবে। মায়ের পূজায় বলি হল এক ছোট্ট মেয়ে, সবার অলক্ষ্যে। নিরপরাধ এক শিশুর। কিন্তু কী ছিল তার নেপথ্যে। কেনই বা আজও বলিপ্রথা চলে আসছে। এই সব সামাজিক প্রশ্নই খুঁড়তে শুরু করেছেন পরিচালক।
মাত্র ন’মিনিটের এই ছবি মুক্তির পরেই নজরে এসেছে ইউটিউব শিকারীদের। অভিনয় করেছেন ছোটপর্দা ও থিয়েটারের শিল্পীরা।










