সিল্কসিটিনিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পদ্ধতি নিয়ে ভাবনা-চিন্তা থাকলেও আওয়ামী লীগের সঙ্গেই মহাজোটে থেকে পরবর্তী সরকারের অংশ হতে চায় জাতীয় পার্টি। মারাত্মক কোনও বিপর্যয় বা মেরুকরণ না ঘটলে নির্বাচনে দলটির এ অবস্থানের কোনও পরিবর্তন হবে না বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। এমনকি নিজেরা জোট গঠন করলেও সেই জোট থেকে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও নেই দলটির।
জাপার বেশিরভাগ নেতা মনে করেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় পার্টিও সরকারের অংশীদার হয়েই নির্বাচনে অংশ নিতে চায়। মঙ্গলবার জাপার নীতিনির্ধারণী পর্যায়ের অন্তত চারজন নেতার সঙ্গে আলাপকালে বিষয়টি উঠে আসে।
তারা জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দুই ধরনের চিন্তা রয়েছে জাতীয় পার্টির। তবে উভয়ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায় দলটি। যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে মহাজোটে আর না এলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে এককভাবে নির্বাচন করে আবারও প্রধান বিরোধী দল হওয়ার ইচ্ছা জাতীয় পার্টির। সেক্ষেত্রে চলমান মেয়াদের মতো সরকারের মন্ত্রিসভায় ও বিরোধীদলে থাকা সহজ হবে দলটির।

দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, এখন পর্যন্ত জাপার কয়েকজন নেতা সরকারের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটেও শরিক হিসেবে রয়েছে দশম সংসদের বিরোধী দলটি। ফলে, আগামী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগকে বাইরে রেখে কিছুই ভাবছে না দলটি।
জাপার শীর্ষ দায়িত্বশীল নেতারা দাবি করেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থেকেই নির্বাচনের চিন্তা এখনও স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে দলটির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট করা হলেও এই জোট থেকে নির্বাচন করার কোনও চিন্তাই নেই দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের।
জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, ‘আমরা নির্বাচন এককভাবে করবো নাকি জোটগতভাবে করবো, সেটা বলার সময় আসেনি। ভবিষ্যতই বলবে, আমাদের নির্বাচন পদ্ধতি কী হবে। তবে সময়ের দাবিকে উপেক্ষা করা যায় না। দেশ ও দলের স্বার্থ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।’
নির্বাচনের অংশ নেওয়ার বিষয়ে মহাসচিব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বলেছেন পরিষ্কার করেই। তিনি বলেন, ‘আমাদের এই সাবকন্টিনেন্টে জোটের রাজনীতি চলছে। বাংলাদেশও জোটগত রাজনীতি অব্যাহত আছে। ভবিষ্যতে জোটগত রাজনীতি আরও বিকশিত হবে। আমরা আওয়ামী লীগের কাছে সম্মানজনক আসন সংখ্যা চাই।’
জাপার মহাসচিব জানান, তারা ৩০০ আসনেই প্রাথমিক প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ফলে, জোটগত নির্বাচন হলে এই তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকেই চূড়ান্ত করা হবে। গত মে মাসে জাপার চেয়ারম্যান এরশাদ নিজেই বিষয়টি জানিয়েছিলেন। সে বিষয়ে শিরোনামে প্রতিবেদনও প্রকাশিত হয়।
জাপার প্রেসিডিয়ামের একজন গুরুত্বপূর্ণ সদস্য জানান, ‘জাপার অন্তত এক থেকে দেড় হাজার নেতাকর্মী আছেন, যাদের কর্মজীবনে প্রবেশ করা জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামীতে ক্ষমতার অংশীদার থেকে তাদের ভাগ্য সুদৃঢ় করা জাপার দায়িত্ব।’ এই নেতার দাবি, ‘অন্তত এক হাজার না হোক, একশ হলেও একশটি এলাকায় আমাদের নতুন লোক তৈরি হবে।’
জাপার দু-একজন নীতিনির্ধারণী নেতা মনে করেন, আগামী নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও নির্বাচনের প্রকৃতি ও ধরন নির্ভর করছে বিএনপির আসা-না আসার ওপর। দলটি ২০১৪ সালের মতো নির্বাচন বর্জনের পথে গেলে জাপার ভূমিকাও থাকবে আগের মতোই।
এ বিষয়ে জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘শেষ পর্যন্ত কোন ওয়েতে নির্বাচনে যাবো, সেটা এখনই বলা মুশকিল। তবে দলের বেশিরভাগ নেতা আওয়ামী লীগের সঙ্গে থেকেই নির্বাচনের পক্ষে। এছাড়া মন্ত্রীও আছেন কয়েকজন। ফলে, সরকারের সঙ্গে সম্পর্কটা তো রয়েছেই।’
জিএম কাদের যুক্ত করেন, ‘একটা বিষয় এখানে বলা যায়, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসে কী না, এটাও তো হতে পারে সামনে। ফলে, এখনই নির্বাচনে অংশ নেওয়ার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার কিছু বলা সম্ভব না।’
জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অংশ নিয়ে গত এক বছরে নানা কথা বললেও কোনওটিই স্থির থাকেননি। গত বছরের এপ্রিলে মাদারীপুরে এক সভায় তিনি বলেন, ‘আমরা আপাতত একক নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জোট গঠন করছি, দলকে শক্তিশালী করেছি। তারপর দেখা যাবে।’
মঙ্গলবার বিকালে মুঠোফোনে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এসব নিয়ে এখনই ভাবছি না। পরে বলবো।’ এরশাদ এসময় জানান, তার শরীর আগের চেয়ে কিছুটা ভালো এবং তিনি বিশ্রামে আছেন।’
বাংলা ট্রিবিউন










