সিল্কসিটিনিউজ ডেস্ক :
এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ইলিশ রপ্তানি হয়েছে। দুটি মিনিট্রাকে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকার যে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়, এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে ভারতে গেল ইলিশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই বন্দর দিয়ে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তবে বাজারে মাছের সংকট থাকায় এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ অক্টোবরের মধ্যে ইলিশ পাঠানোর নির্দেশনা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ফারুক জানান, এই বন্দর দিয়ে ৯০ টন মাছ রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে বাজারে মাছের সংকট রয়েছে।
চেষ্টা থাকবে লক্ষ্যমাত্রা পূরণের।
সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার বলেন, ‘আমিও কিছু মাছ রপ্তানি করব। এক হাজার ১৭৫ কেজি মাছ পথে রয়েছে। আজ (গতকাল) সম্ভব না হলে শুক্রবার পাঠানো হবে।
৯০ টন ইলিশ এ বন্দর দিয়ে পাঠানোর যে লক্ষ্যমাত্রা সেটি পূরণের চেষ্টা থাকবে।’









