অর্থ ও বাণিজ্য

আইসিসিবির ছাদের নিচে সব গাড়ি

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’-এর।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কারবাজারে প্রতি শুক্রবার এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা-বিক্রেতারা।

গতকাল প্রধান অতিথি হিসেবে আইসিসিবি সুপারসেল কারবাজারের উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের সিইও আরিফুজ্জামান রাসেল, আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ দেশের অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গাড়ি ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কারবাজারের প্রধান অতিথি আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, ‘নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার সুযোগ এবং পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুপারসেল কারবাজার।

’
আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি বেচাকেনার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে গাড়ির মালিক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরো গতিশীল করতেও ভূমিকা রাখবে সুপারসেল কারবাজার।

সুপারসেল কারবাজারের অন্যতম বিশেষ আকর্ষণ হলো গাড়ি বেচাকেনার পাশাপাশি ক্রেতারা সরাসরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন। ফলে গাড়ি কেনার পুরো প্রক্রিয়াটি হবে আরো সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক।

এখন থেকেই প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ কারবাজার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বাজার।
আগ্রহী ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে নিজেদের পছন্দের গাড়ি নির্বাচন করতে পারবেন। পাশাপাশি যারা গাড়ি বিক্রি করতে চান, তারাও তাদের গাড়ি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।

আয়োজকদের প্রত্যাশা, সুপারসেল কারবাজার শিগগিরই গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠিত হবে।