সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্কুলের বন্ধুদের মধ্যে সেরা হওয়ার লড়াই চলত। তবে সেটা পড়াশোনা নিয়ে নয়; লড়াইয়ে দেখার বিষয় হলো কে কত দামি ফোন নিয়ে আসতে পারে! সেখানে পাল্লা দিতে দরকার ছিল আইফোনের। সে কারণে মারাত্মক সিদ্ধান্ত নেন এক কিশোর।
জানা গেছে, ঘটনাটি চীনের। ১৭ বছর বয়সী স্কুলছাত্র জিয়াও ওয়াংয়ের বহুদিন ধরেই বাসনা ছিল আই-ফোন ৪ কেনার। বন্ধুদের অনেকেই এই ফোনটি কিনেছিল। কিন্তু এত দামি ফোন কেনার জন্য টাকা দিতে রাজি ছিল না জিয়াওয়ের পরিবার। শেষে ফোন কিনতে মারাত্মক সিদ্ধান্ত নেন ওই কিশোর।

ফোন কিনতে কিশোর যোগাযোগ করে কালোবাজারিদের সঙ্গে। সেখানে এক এজেন্টের সঙ্গে কথাবার্তা হয় তার। সেখানেই ওই কিশোরকে কিডনি বিক্রি করে টাকা নেওয়ার পরামর্শ দেয় ওই এজেন্ট। টাকার জন্য সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় ওই কিশোর। এর পরেই ওই এলাকার একটি হাসপাতালে চিকিৎসা করা হয়।
চিকিৎসার কয়েকদিন পর থেকেই ওয়াং অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যেতেই বিষয়টি প্রকাশ্যে আসে। পরে মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় ওই কিশোরের অপর কিডনিটিও কাজ করা বন্ধ করে দিয়েছে।
ওয়াংয়ের বয়স এখন ২৪ বছর। দীর্ঘ ৭ বছর আগে কিডনি বিক্রি করে ডায়ালিসিস চালাতে হচ্ছে তার। সারাদিন হাসপাতালে বিছানায় শুয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে ওয়াং। মোবাইল কেনার ইচ্ছা যেন তার জীবনে অভিশাপ হিসেবে নেমে এসেছে।










