সিল্কসিটিনিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনিক্স ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কনট্রাস্ট’। খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা যুবরাজ শামীম।

একজন শিশুশ্রমিকের স্কুলে পড়ার স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এর আগে যুবরাজ শামীমের এই ছবি যুক্তরাষ্ট্রের অ্যাটলাস অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিনিক্স চলচ্চিত্র উৎসবটি এ বছর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে ছবি মনোনীত হওয়ায় আনন্দিত শামীম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন অথবা পুরস্কারপ্রাপ্তি আমাদের মতো তরুণ নির্মাতাদের জন্য আনন্দের ব্যাপার। এ ধরনের অর্জন আমাদের স্বপ্নকে ত্বরান্বিত করে।’
বর্তমানে যুবরাজ শামীম তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী আগস্টে ‘আদিম’-এর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
‘অনামিকা’, ‘ইচ্ছে’ ও ‘পুতুল’ শিরোনামে আরো তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন যুবরাজ শামীম। ‘পুতুল’ চলচ্চিত্রটি শেখ রাসেল জাতীয় চলচ্চিত্র উৎসব ২০১৬-এর সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল।
সূত্র: এনটিভি










